Logo

৩ শ্রাবণ ১৪৩৩

×

Follow Us

জুলাই দেখার জন্য যে বেঁচে ছিলাম, এজন্য শুকরিয়া!

দিন-প্রতিদিন

জুলাই দেখার জন্য যে বেঁচে ছিলাম, এজন্য শুকরিয়া!

Icon

সামিনা লুৎফা

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৫:২৭ পিএম

মানুষ এক হলে কী হয় কী হতে পারে তা দেখার জন্য যে বেঁচে ছিলাম, এজন্য শুকরিয়া! জুলাইয়ে অকাতরে ক্ষুধার্তের মতো যারা গুলি খেয়ে খেয়ে স্তূপ হয়ে হয়ে আমাদের আগস্ট এনে দিয়েছে তাদের আশ্চর্য সাহস দেখার জন্য যে বেঁচে ছিলাম, তার জন্য শুকরিয়া!

সেসব অত্যাশ্চর্য তরুণ প্রাণসব অকাতর! অবিচল। তারা ছিলো নানা পদের দেখতে - কারো হাতে দোতরা, কারো প্ল্যাকার্ড, কারো স্কেল, স্কুলের ব্যাগ, মরিচের গুড়া, বাটন ফোন, বুকে লেখা স্লোগান, স্প্রে ক্যান, টিয়ার থেকে বাঁচার জন্য খবরের কাগজ, টুথপেস্ট। কারো মাথায় টুপি কারো দেশের পতাকার ব্যান্ডানা! কারো টিশার্ট, কারো লম্বা কুর্তা, কারো বোরকা, কারো জিন্সে লেগেছিলো, পথের বন্ধুর রক্তের ছিটা, টিয়ারের ধোয়া আর সেসব ঘামে ভেজা শরীর চুইয়ে পড়েছিল অতল সাহস! 

কাতারে কাতারে তারা এসেছিলো, চুপি চুপি না! সগর্জন বা মৌন মিছিলে এসেছিলো তারা। মিছিলে ভিড়েছিলো তারা, অজগরের মতো সে মিছিল মুচড়ে দিয়েছিলো পুরো শহরটাকে। তাদের নীরবতাও সশব্দে দীর্ণ করেছিলো চরাচর। 
শুকরিয়া - এমন সগর্জন ঢাকা, এমন অসম সাহসী বাংলাদেশ দেখার, 
আস্বাদনের জন্য বেঁচে ছিলাম! 

তবে জুলাই একা আসেনি। এসেছিলো আগস্টকে পায়ে নিয়ে। যে আগস্ট আমাদের মুক্তি এবং বন্ধ একসাথে উপহার দিয়েছিলো। 
আগস্ট পার করে আর সেই সশব্দ নীরবতার সেনানীদের মনে রাখতে দেওয়া হয়নি! ছিহ! কাড়াকাড়িতে কতক সর্বভূক হারামী হারিয়ে দিয়েছে জুলাই এর রক্তকে! ধিক্কার! ক্ষমতার জন্য কাঙ্গাল সর্বভূকের কামড়াকামড়িতে মুগ্ধর পানির বোতল, প্রিয়'র ক্যামেরা রক্তে মাখামাখি পড়ে থাকে মাটিতে। নাইমার ইস্পাতের মতো মা মাইলস্টোন চত্তরের ঘাসে বসে তাকিয়ে থাকে কালো পর্দা ঢাকা জুলাইকন্যাদের শহীদ মিনারের দিকে। পর্দা ওঠে না শহীদ কন্যাদের মুখচ্ছবির উপর থেকে! থুহ! 

জুলাই এর পর জুলাই তার উপর দিয়ে আরেক জুলাই আসে। ক্ষমতা পালটায় - অজর জুলাই এর বয়ান পালটে যায়! 
কার বেশি দরদ!!! কার বেশি ক্রেডিট!!! কার বেশি দখল!!!!
জুলাই দখল-বেদখল হয়, শহীদের মায়ের আহাজারি পালটায় না। 

শহিদের ভাইয়ের খুনিকে ধরার সংকল্প পালটায় না! খুনিদের সিল মোহর করা হৃদয় পালটায় না! তারা মিথ্যা দিয়ে অনুশোচনাহীন এক হয়ে থাকে। কানাকানি করে মিথ্যা আর গুজবে বাতাস ভরে ভাবে লোকে কিছু দেখে না। কিছু মনে রাখে না।
জুলাই দেখিয়েছিলো - সব কিছু মনে রাখা হয়, সব মনে থাকে। 

সব কিছু মনে রাখা হবে, সব মনে থাকবে! জুলাই মনে থাকবে, জুলাইএর পায়ে পায়ে আসা আগস্টের মুক্তির মন্দিরের সোপানতলে কারা ঢেলেছিলো কুচকুচে কাদা - মনে থাকবে! কারা উস্কেছিলো হামলা-হিংসা আর গুজবের অন্ধকার - মনে রাখা হবে! কারা স্বার্থের ক্ষুদ্রতায় হারাতে দিলো এত বলিদান - মনে রাখা হবে! ব্যক্তিস্বার্থে কারা জুলাই বিক্রি করলো হাটে-মাঠে - পোলিং বুথে - মনে রাখা হবে। ঐকমত্যের নামে কারা বিভাজন উস্কালো, ধর্মের নাম দিয়ে ভাংগলো মাজার, মন্দির, শিল্প স্থাপনা, খুন করলো দীপুকে, ভাংগলো ছায়ানট-উদীচী, জ্বালালো প্রথম আলো - ডেইলি স্টার - সব মনে রাখা হবে। 

সব মনে রাখা হবে! সব মনে থাকবে! জনগণের যৌথ করোটিতে - যূথ স্মৃতিতে সব থাকে - থাকবে! ইতিহাস এমনই। ভোলাতে চাইলেই বেশি বেশি দাগ কেটে কেটে বসে যায়!

মন্তব্য করুন

Logo