রবীন্দ্রনাথ ঠাকুর
সিরাজুল ইসলাম আবেদ
প্রকাশ: ০৯ মে ২০২৬, ১১:৩১ পিএম
বাংলা সাহিত্য, সংগীত, দর্শন ও মানবতাবাদের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুর এমন এক নাম, যার পরিচয় কেবল কবি নয়; রবীন্দ্রনাথ একটি অধ্যায়ের নির্মাতা। তাঁর সাহিত্যকর্ম, সংগীত, শিল্পচিন্তা ও সমাজভাবনা গড়ে উঠেছে বহুবর্ণ অভিজ্ঞতার মধ্য দিয়ে। যে অভিজ্ঞতার বড় অংশ জুড়ে আছে পূর্ববাংলা—আজকের বাংলাদেশ। পদ্মা, যমুনা, মেঘনার বিস্তির্ণ জলরাশি, কাশবন, চরাঞ্চল; বর্ষার বেদনা, নদীর ভাঙন, কৃষকের জীবন, বাউল-ফকিরের গান, পল্লিজীবনের অন্তরঙ্গতা—সব মিলিয়ে পূর্ববাংলা রবীন্দ্রনাথের মানসে গভীর ও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল।
রবীন্দ্র সাহিত্য পাঠ আমাদের দেখিয়ে দেয় পূর্ববাংলা তাঁর কাছে কেবল জমিদারির এলাকা ছিল না; এটি ছিল তার বিশাল জীবন-বিদ্যালয়। তিনি এখানে এসে আবিষ্কার করেছিলেন বাংলার প্রকৃত আত্মাকে। কলকাতার অভিজাত, আধুনিক ও শিক্ষিত নাগরিক সমাজের বাইরে বাংলার যে বিপুল জনজীবন, তার সঙ্গে রবীন্দ্রনাথের প্রত্যক্ষ পরিচয় হয় পূর্ববাংলায়। আর সেই পরিচয় তাঁর কবিতা, গল্প, গান, উপন্যাস, চিঠিপত্র ও সমাজদর্শনে নতুন মাত্রা এনে দেয়।
১৮৮৯ সাল থেকে রবীন্দ্রনাথকে পারিবারিক জমিদারির তদারকির দায়িত্বে কুষ্টিয়া, শিলাইদহ, শাহজাদপুর ও পতিসরে যাতায়াত করতে হয়। বর্তমানে এই অঞ্চলগুলো বাংলাদেশের অন্তর্গত। প্রথমদিকে এটি ছিল পারিবারিক দায়িত্ব, কিন্তু ধীরে ধীরে তা তাঁর সৃষ্টিশীল জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়ে পরিণত হয়।
শিলাইদহের কুঠিবাড়ি, পদ্মার বুকের ওপর ভেসে থাকা নৌকাবাস, গ্রামবাংলার নির্জন প্রকৃতি—এসব তাঁকে গভীরভাবে আলোড়িত করে। তিনি নদীপথে ঘুরে ঘুরে কৃষকের জীবন দেখেছেন, সাধারণ মানুষের সুখ-দুঃখ শুনেছেন। জমিদার ও প্রজার সম্পর্কের বাইরেও তিনি মানুষকে মানুষ হিসেবে বুঝতে চেয়েছেন। এই অভিজ্ঞতা তাঁর সাহিত্যকে নাগরিক অভিজাততার গণ্ডি থেকে মুক্ত করে বৃহত্তর মানবজীবনের দিকে নিয়ে যায়।
রবীন্দ্রনাথের বিখ্যাত ‘ছিন্নপত্র’ মূলত পূর্ববাংলা থেকে লেখা চিঠির সংকলন। সেখানে তিনি প্রকৃতিকে যেমন দেখেছেন, তেমনি মানুষের জীবনকেও গভীর সংবেদনশীলতায় উপলব্ধি করেছেন। পদ্মার চাঁদনি রাত, বর্ষার জলে ডুবে থাকা গ্রাম, নৌকার আলো, দূরবর্তী বাঁশির সুর—এসব বর্ণনায় পূর্ববাংলা এক জীবন্ত চরিত্র হয়ে উঠেছে।
পূর্ববাংলার প্রকৃতির মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল পদ্মা নদী। নদী তাঁর কাছে কেবল প্রকৃতি নয়, ছিল জীবন ও দর্শনের প্রতীক। পদ্মার বিশালতা, অনিশ্চয়তা, গতি ও নিঃসঙ্গতা রবীন্দ্রচেতনাকে গভীরভাবে নাড়া দিয়েছিল।
তিনি লিখেছিলেন, নদীর বুকে বসে তিনি যেন অনন্তের সান্নিধ্য অনুভব করতেন। পদ্মার জলরাশি তাঁকে একদিকে দিয়েছে ধ্যানমগ্নতা, অন্যদিকে দিয়েছে মানবজীবনের ক্ষণস্থায়িত্বের বোধ। তাঁর বহু কবিতা ও গানে নদীর চিত্র তাই শুধু দৃশ্যমান সৌন্দর্য নয়, অস্তিত্বের প্রতীক হিসেবেও এসেছে।
“সোনার তরী”, “মানসী”, “চিত্রা”, “ক্ষণিকা” কাব্যগ্রন্থের বহু কবিতায় নদী ও নৌকার প্রতীকী ব্যবহার পূর্ববাংলার অভিজ্ঞতা থেকেই উৎসারিত। “সোনার তরী” কবিতার অন্তর্নিহিত রূপককে অনেক রবীন্দ্র গবেষক পদ্মাপাড়ের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত মনে করেন।
কলকাতার জোড়াসাঁকোর অভিজাত পরিবেশে বেড়ে ওঠা রবীন্দ্রনাথ পূর্ববাংলায় এসে প্রথম প্রত্যক্ষভাবে পল্লিজীবনের সঙ্গে মিশেছিলেন। এখানকার কৃষক, মাঝি, জেলে, বাউল, দরিদ্র নারী—সবাই তাঁর সাহিত্যজগতের অংশ হয়ে ওঠে।
বাংলা ছোটগল্পের পটচিত্রে রবীন্দ্রনাথ যে মুন্সিয়ানা দেখিয়েছেন, তার পেছনে পূর্ববাংলার অবদান অসামান্য। তাঁর বহু গল্পের পটভূমি পূর্ববাংলা। “পোস্টমাস্টার”, “সমাপ্তি”, “খোকাবাবুর প্রত্যাবর্তন”, “দেনাপাওনা”, “কাবুলিওয়ালা”, “শাস্তি” প্রভৃতি গল্পে গ্রামীণ জীবনের আবেগ, নিঃসঙ্গতা ও সামাজিক বাস্তবতা উঠে এসেছে গভীর মানবিকতায়।
বিশেষ করে “পোস্টমাস্টার” গল্পে গ্রামীণ নিঃসঙ্গতা এবং “শাস্তি” গল্পে দরিদ্র কৃষকজীবনের নির্মম বাস্তবতা পূর্ববাংলার অভিজ্ঞতালব্ধ সত্য। এসব গল্পে লেখক কেবল পর্যবেক্ষক নন; তিনি মানুষের অন্তর্জগতের সহযাত্রী।
সহজিয়া-বাউল পূর্ববাংলার চিরয়ত এবং লোকায়ত একটি ভাবধারা। পূর্ববাংলা রবীন্দ্রনাথকে পরিচয় করিয়ে দেয় এই বাউলধারার সঙ্গে। রবীন্দ্রনাথ এই বাউলধারার সঙ্গে শুধু পরিচিতই হননি বরং বলা চলে নিমজ্জিত হয়ে ছিলেন। এবং সেই নিমজ্জন থেকে বাউল দর্শন, সুর ও ভাষার পরিচয় করিয়েছেন বিশ্ব মাঝে। লালনসহ বহু বাউল-ফকিরের গান ও দর্শন তাঁকে গভীরভাবে প্রভাবিত করে। মানুষের ভেতরে মানুষ খোঁজার যে দর্শন, ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে মানবতাবাদী যে চেতনা—তা রবীন্দ্রনাথের চিন্তায় নতুন আলো এনে দেয়।
বাউলদের সহজিয়া দর্শন তাঁর সংগীত ও দর্শনে মিশে যায়। “আমার প্রাণের মানুষ আছে প্রাণে”, “খাঁচার পাখি ছিল”, “বাদল বাউল বাজায় রে একতারা”—এসব গানে লোকধারার সুর ও ভাব স্পষ্ট। রবীন্দ্রসংগীতের অনেক সুর ও ছন্দ পূর্ববাংলার লোকসংগীত থেকে অনুপ্রাণিত।
রবীন্দ্রনাথ উপলব্ধি করেছিলেন, বাংলার প্রকৃত সংস্কৃতি কেবল শহুরে শিক্ষিত সমাজে সীমাবদ্ধ নয়; বরং গ্রামীণ লোকঐতিহ্যের মধ্যেই এর প্রাণ নিহিত। এই উপলব্ধি তাঁর সাংস্কৃতিক দর্শনকে গভীরভাবে প্রভাবিত করে।
পূর্ববাংলার কৃষকজীবনের দারিদ্র্য, শোষণ ও অসহায়তা রবীন্দ্রনাথকে ভাবিয়ে তুলেছিল। তিনি জমিদার হয়েও জমিদারি ব্যবস্থার নানা অসংগতি উপলব্ধি করেন। কৃষকের জীবনযন্ত্রণা তাঁকে মানবিক ও সমাজসংস্কারমূলক চিন্তার দিকে নিয়ে যায়।
জমিদার রবীন্দ্রনাথ গ্রামোন্নয়ন, সমবায় ব্যবস্থা, শিক্ষা ও কৃষি উন্নয়ন নিয়ে ভাবতে শুরু করেন। পতিসর এবং শাহজাদপুরে তা প্রয়োগও করেন। নিজ জমিদারি পতিসরে ‘গ্রামীণ ব্যাংক’ প্রতিষ্ঠা করেন। কৃষি উন্নয়নে যান্ত্রিক লাঙল নিয়ে আসেন গ্রামের কৃষকের জন্য। প্রতিষ্ঠা করেন শিক্ষা প্রতিষ্ঠান। শাহজাদপুরের দুগ্ধ খামারিদের জন্য উন্নতজাতের গাভী এবং চারণ ভূমির ব্যবস্থা করেন। পরে শান্তিনিকেতনের কর্মকাণ্ডেও সেই চিন্তার বাস্তব প্রয়োগ দেখা যায়। গ্রামকে বাদ দিয়ে জাতির উন্নয়ন সম্ভব নয়—এই উপলব্ধির পেছনে পূর্ববাংলার অভিজ্ঞতা বড় ভূমিকা রেখেছিল। তাঁর সমাজভাবনা কেবল তাত্ত্বিক ছিল না; ছিল বাস্তব জীবন থেকে উৎসারিত।
পূর্ববাংলার গ্রামীণ নারীদের জীবনও রবীন্দ্রনাথকে গভীরভাবে স্পর্শ করেছিল। দরিদ্র, অবহেলিত, অথচ আবেগপ্রবণ নারীদের তিনি নতুন মর্যাদায় দেখেছেন। তাঁর নারীচরিত্রগুলো তাই নিছক অলঙ্কার নয়; তারা স্বতন্ত্র ব্যক্তিত্বের অধিকারী।
“সমাপ্তি”-র মৃন্ময়ী, “শাস্তি”-র চন্দরার মতো চরিত্রে গ্রামীণ নারীর শক্তি, প্রতিবাদ ও বেদনা ফুটে উঠেছে। এই চরিত্রগুলোর ভেতরে পূর্ববাংলার বাস্তব নারীদের প্রতিচ্ছবি খুঁজে পাওয়া যায়।
রবীন্দ্রনাথের সাহিত্যজীবনের সবচেয়ে উর্বর সময়গুলোর একটি কেটেছে পূর্ববাংলায়। এই সময়েই তিনি বাংলা ছোটগল্পকে পূর্ণতা দিয়েছেন, অসংখ্য গান লিখেছেন, প্রকৃতি ও মানুষকে নতুনভাবে আবিষ্কার করেছেন।
পূর্ববাংলা তাঁকে দিয়েছে জীবনের বাস্তবতা, লোকজ সংস্কৃতির শক্তি, প্রকৃতির গভীরতা এবং সাধারণ মানুষের সঙ্গে আত্মিক সম্পর্কের অভিজ্ঞতা। এর ফলে তাঁর সাহিত্য কেবল অভিজাত শিক্ষিত সমাজের সাহিত্য হয়ে থাকেনি; তা হয়ে উঠেছে সমগ্র বাংলার মানুষের সাহিত্য।
রবীন্দ্রনাথের মধ্যে যে বিশ্বমানবতাবাদ দেখা যায়, তার শেকড়ও অনেকাংশে পূর্ববাংলার অভিজ্ঞতায় প্রোথিত। কারণ এখানে এসে তিনি মানুষকে ধর্ম, বর্ণ বা শ্রেণির পরিচয়ে নয়, মানুষ হিসেবেই দেখেছিলেন। এখানকার প্রকৃতি কবিকে কেবল নান্দনিক আনন্দ দেয়নি; এটি তাঁর আধ্যাত্মিক চিন্তাকেও প্রভাবিত করেছে। বিস্তীর্ণ আকাশ, নদীর অসীমতা, বর্ষার একাকিত্ব তাঁকে মানুষ ও মহাবিশ্বের সম্পর্ক নিয়ে ভাবতে শিখিয়েছে।
তাঁর প্রকৃতিচেতনা নিছক রোমান্টিক নয়; এর মধ্যে এক ধরনের বিশ্বমানবিক বোধ কাজ করে। প্রকৃতির সঙ্গে মানুষের লীন হয়ে যাওয়া বা ঐক্য তিনি উপলব্ধি করেছিলেন পূর্ববাংলার জীবনঘনিষ্ঠ অভিজ্ঞতার মধ্য দিয়ে।
বাংলাদেশের জাতীয় সংগীত “আমার সোনার বাংলা” রচনার পেছনেও পূর্ববাংলার প্রকৃতি ও পল্লিজীবনের গভীর প্রভাব রয়েছে। বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা এই গান আসলে বাংলার মাটির প্রতি এক অনন্ত প্রেমের প্রকাশ। এর ভাষা, চিত্রকল্প ও আবেগে পূর্ববাংলার সবুজ প্রকৃতি, ধানের ক্ষেত, বটবৃক্ষ, নদী ও গ্রামীণ জীবনের প্রতিফলন রয়েছে। আর এই কারণেই আমাদের কাছে রবীন্দ্রনাথ কেবল কবি বা বিশ্বকবি নন, নিজেদের আত্মিক ঐতিহ্যের অংশ হিসেবেও সমানভাবে অনুভূত।
রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিশীল জীবন ও ভাবজগত বোঝার জন্য তাই বুঝতে হবে বাংলাদেশকে। পূর্ববাংলা তাঁর সাহিত্যকে দিয়েছে প্রাণ, সুর, প্রকৃতি, মানুষ ও মানবিকতার গভীর ভিত্তি। পদ্মার ঢেউ, বাউলের গান, কৃষকের জীবন, গ্রামীণ নারীর বেদনা, বর্ষার নিঃসঙ্গতা—সব মিলিয়ে পূর্ববাংলা রবীন্দ্রচেতনাকে নির্মাণ করেছে এক অনন্য উচ্চতায়। রবীন্দ্রনাথ পূর্ববাংলাকে যেমন আবিষ্কার করেছিলেন, তেমনি পূর্ববাংলাও নতুন রবীন্দ্রনাথকে নির্মাণ করেছিল। ১৬৫তম জন্ম দিনেও এসেও তাঁর সাহিত্য ও সংগীতে আজও অনুভূত হয় এই বাংলার নদীভেজা বাতাস, কাদামাটির গন্ধ ও মানুষের হৃদয়ের স্পন্দন ।
মন্তব্য করুন

