যে কখনো ছেড়ে যায় না
সাজ্জাদ হোসেন
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১১:৪৮ এএম
নিঃসঙ্গতার চেয়ে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সঙ্গী আর কেউ হতে পারে না। যে মানুষটাকে আজ সবচেয়ে পরীক্ষিত আপন, সবচেয়ে কাছের বলে ভাবছেন, হরিহর আত্মা বলে জ্ঞান করছেন; সম্পর্কের উত্থান-পতনে, জাগতিক হিসাব-নিকাশের জটিল সমীকরণে এক সময় সে-ও আপনাকে ছেড়ে যেতে পারে। হুট করেই একদিন নিরুদ্দেশ হয়ে যেতে পারে কোনোরকম আগাম আভাস ইঙ্গিত না দিয়েও। আগের অবস্থান পাল্টে ঘুরে যেতে পারে ১৮০ ডিগ্রি। এ রকম অনাকাঙ্ক্ষিত আচরণে আপনি সাত আসমান উচ্চতা থেকে ধপাস করে মাটিতে পড়ে যাওয়ার মতো অন্তরে দগদগে আঘাত পেলেও, এমনটা ঘটার শঙ্কা সব সময়ই থেকে যায়। ঘটেও হরহামেশাই।
যে মানুষটার পায়ের কাছে আপনি পুরো পৃথিবীটা এনে দেবেন, অথবা যার কাছে নিজেকে সমর্পিত করে দেবেন রামভক্ত হনুমানের মতো, যার ব্যাপারে আপনার মনে এমন আস্থা তৈরি হবে যে, সে কখনো কোনো অবস্থাতেই আপনাকে ছেড়ে যাবে না, সেই মানুষটাও কত নাটকীয়ভাবে যে আপনাকে ছেড়ে যাবে, আপনার কল্পনার ত্রিসীমানায়ও সেই ভাবনাটাকে আগে আবিষ্কার করতে পারবেন না।
সন্তান মা-বাবাকে ছেড়ে চলে যায়, মা-বাবা সন্তানকে ছেড়ে চলে যায়, স্বামী স্ত্রীকে ছেড়ে চলে যায়, স্ত্রী স্বামীকে ছেড়ে চলে যায়, বন্ধু বন্ধুকে ছেড়ে চলে যায়, প্রেমিক প্রেমিকাকে ছেড়ে চলে যায়, প্রেমিকা প্রেমিককে ছেড়ে চলে যায়।
মানুষটা কেন চলে গেল, তার জন্য তাকে দোষ দিয়ে লাভ নেই। সে হয়তো তার প্রয়োজনেই চলে গেছে। কথা হচ্ছে, মানুষ চলে যায়। জলজ্যান্ত জীবন্ত অবস্থাতেই চলে যায়।
এ তো গেলো মানুষের কথা, খুব পছন্দের, অতি আদরের পোষা প্রাণীটিও আপনাকে ছেড়ে চলে যেতে পারে। অবশ্য মানুষের তুলনায় এসব পোষা প্রাণী এতোটা অননুমেয় (আনপ্রেডিক্টেবল) নয়।
মানুষ বা অন্য প্রাণীর কথা বাদ দিলাম, আপনার অতি পছন্দের ব্যবহার্য জিনিস----সেটা হতে পারে হাতঘড়ি, মোবাইল ফোন, কোনো দামি অর্নামেন্ট অথবা অন্য যে কোনো কিছু...সেও আপনাকে ছেড়ে চলে যাবে। একাধিকভাবে এটা ঘটতে পারে। ব্যবহার্য জিনিসটি নষ্ট হয়ে যেতে পারে, মেয়াদ ফুরিয়ে যেতে পারে, বিবর্ণ হয়ে যেতে পারে। এরকমটা হলে তার সঙ্গে আপনার একটা বিচ্ছিন্নতা তৈরি হবে। আবার সেটা চুরি বা ছিনতাই হয়ে যেতে পারে।
যে গ্লাসটায় আপনি পানি খাচ্ছেন, সেও পড়ে গিয়ে ভেঙে যেতে পারে। তখন তার সঙ্গে আপনার বিচ্ছেদ ঘটবে।
আলো না থাকলে অর্থাৎ অন্ধকারে আপনার নিজের ছায়াটাও আপনাকে ছেড়ে যায়।
এভাবে মোটামুটি সবাই চলে যায়। একজন শুধু যায় না। যে যায় না, তার নাম নিঃসঙ্গতা। নিঃসঙ্গতা আপনাকে কখনোই ছেড়ে যাবে না। কস্মিনকালেও না। নিঃসঙ্গতা তখনো আপনাকে অক্টোপাসের মতো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে। গ্রীষ্ম, বর্ষা, শীত....সব মৌসুমেই অষ্টপ্রহর চলে নিঃসঙ্গতার নিগূঢ় আলিঙ্গন। আপনার হাসি-কান্না, ব্যাথা-বেদনা, সুখ-অসুখ...সব কিছুরই অক্লান্ত ভাগিদার সে।
আপনি একা একা কবরে যাবেন? সেখানেও তার সঙ্গসুধা থেকে নিমিষের জন্যও বঞ্চিত হওয়ার সুযোগ নেই।
এ এমন এক সঙ্গী যে তার কোনো কিছুই আপনার কাছে লুকায় না, আড়াল করে না।
এমন নিবিড়, নিপাট, নিখুঁত প্রেমিক বা প্রেমিকাকে
যারা অবহেলা করেন, তারা নিতান্তই হতভাগা ছাড়া আর কিছু নন।
জয়তু নিঃসঙ্গতা!
মন্তব্য করুন

