অপরাজিতা সংগীতা
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:১৪ পিএম
বাবা দিবস গেলো আজ!
১৯ বছর হয়ে গেলো আমার বাবা নেই। সংখ্যাটা লিখতে যতটা সহজ, এই সময়টা পার করা ততটা সহজ ছিলনা। বিশ্বাসই হয়না যে, জীবনের প্রায় অর্ধেকটা সময় বাবাকে ছাড়া কাটিয়ে ফেলেছি! তবে আজও জীবনের প্রতিটা কঠিন মুহূর্তে মনে হয়- বাবা আছেন। আমার সাহস হয়ে, আমার ভরসা হয়ে, আমার ভিতরের শক্তি হয়ে বাবা আছেন।
ছোটবেলায় সবাই যখন আমাকে বোঝানোর চেষ্টা করতো আমি 'মেয়েমানুষ' তাই আমার এটা করা মানা, ওটা বলা মানা; তখন আমার বাবা আমাকে শিখিয়েছিলো, আমার প্রথম পরিচয় আমি মানুষ, তারপর আমি মেয়ে।
আজ আমি যে শক্ত আর সোজা একটা মেরুদণ্ড নিয়ে এই সমাজে চলি, সেটার কারিগর আমার বাবা। বয়স বাড়ার সাথে সাথে বুঝেছি- আমার আত্মবিশ্বাসের ভিতটা, লড়াই করে দাঁড়িয়ে থাকার শক্তিটা, মানুষের প্রতি সম্মানবোধ; সবকিছুর পেছনেই আছেন আমার বাবা।
আমার সব কাজের প্রশ্রয়দাতা, নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার সবচেয়ে বড় শিক্ষক, আমার সকল ইচ্ছে-পূরণের কান্ডারী, সব কাজের উৎসাহদাতা, আমার সবচেয়ে বড় বন্ধু, পৃথিবীতে আমার সবচেয়ে আপন মানুষ, আমার খোলা জানালা, আমার আদর্শ, আমার বটগাছ ছিলেন আমার বাবা।
আমার বটগাছটা মরে গেছে!!!
এই গাছটা বেঁচে থাকলে আমার জীবনের সকল ঝড় বুক পেতে নিতো। গাছটা নেই, আমাকে ধু ধু প্রান্তরে দাঁড় করিয়ে রেখে গাছটা মরে গেছে।
মাঝে মাঝে আমার বাবাকে খুব প্রশ্ন করতে ইচ্ছে করে-
বাবা, কী ক্ষতি হতো আর কিছুদিন আমার মাথার উপর ছায়া হয়ে থাকলে?
অপরাজিতা সংগীতা, স্বাধীন চলচ্চিত্রকার
মন্তব্য করুন

