ছবিঃ অনলাইন থেকে সংগৃহীত
টাকার কার্লসন, অনুবাদঃ সাঈদ হাসান
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পিএম
"আগামী মাসগুলোতে ট্রাম্প প্রশাসন ইজরায়েল সরকারকে ৪০ হাজার মার্ক ৮৪ ও বিএলইউ-১১৭ বোমা পাঠানোর পরিকল্পনা করছে। প্রতিটি বোমার ওজন দুই হাজার পাউন্ড। সংশ্লিষ্ট ও ওয়াকিফহাল একজন কর্মকর্তা একথা জানিয়েছেন। এটা আধুনিক ইতিহাসে যুক্তরাষ্ট্র থেকে কনভেনশনাল বিস্ফোরক অস্ত্র পাঠানোর সর্ববৃহৎ চালান বলে মনে হচ্ছে।
এই চালানের আকার কতটা বিশাল? তুলনামূলকভাবে বলা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার বৃহত্তম বিমান হামলাটি ছিল ১৯৪৫ সালের মার্চ মাসে বার্লিনে এইটথ এয়ার ফোর্সে আক্রমণ। ওই হামলায় অংশ নেওয়া মিত্রবাহিনীর দুই হাজার তেইশটি বিমান যৌথভাবে প্রায় তিন হাজার টন বোমা ফেলেছিল—যা ট্রাম্প ইজরায়েলে যে চালান পাঠাচ্ছেন তার মাত্র ৭.৫ শতাংশ। একই মাসে, অর্থাৎ ১৯৪৫ সালের মার্চে, মার্কিন আর্মি ও এয়ার ফোর্সেস মানব ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক বোমারু হামলা শুরু করে, যার নাম ছিল টোকিওর ওপর 'অপারেশন মিটিংহাউস'। এতে এক লক্ষেরও বেশি জাপানি বেসামরিক নাগরিক নিহত হন। সেই অপারেশনের শেষ নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্র ষোলশ টন বোমা ফেলেছিল, যা ট্রাম্প ইজরায়েলে যে পরিমাণ বিস্ফোরক এক চালানে পাঠাচ্ছেন, তার চার শতাংশ। এর পাঁচ মাস পর হিরোশিমা শহরে আমেরিকার পরমাণু বোমা ফেলার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। ট্রাম্প ইজরায়েলে যে চালান পাঠাচ্ছেন, তার ধ্বংসক্ষমতা সেই পারমাণবিক বিস্ফোরণের চেয়ে তিন গুণ বেশি। ট্রাম্প প্রশাসন যা করছে তার কোনো নজির নেই।
এমনকি এর কোনো যৌক্তিকতাও নেই। ইজরায়েল সরকার কোনো দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়ছে না, এমনকি এটি সেই অর্থে কোনো সাধারণ যুদ্ধও নয়। তারা লেবাননে একটি গেরিলা বাহিনীর সঙ্গে পর্যায়ক্রমিক সংঘর্ষে লিপ্ত, এবং গাযায় একটি নিরস্ত্র বেসামরিক জনগোষ্ঠীকে নির্মূল করার জন্য কাজ করছে। কোনো ফ্রন্টেই আধুনিক দুই হাজার পাউন্ডের বোমার প্রয়োজন নেই।
আমেরিকায় তৈরি একটি মার্ক ৮৪ বোমার ধ্বংসের ব্যাসার্ধ আধা মাইল। এটি সূর্যপৃষ্ঠের তাপমাত্রার সমান একটি তাপীয় তরঙ্গ নির্গত করে। বিস্ফোরণের একশ ফুটের মধ্যে পাথর গলে যায় এবং মানুষের মাংস বাষ্পে পরিণত হয়। এই বোমা অ্যাপার্টমেন্ট ভবন ধসিয়ে দেয় এবং ৩৫ ফুট গভীর গর্তের সৃষ্টি করে। ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত মার্কিন সামরিক বাহিনী সাধারণত শহরাঞ্চলে মার্ক ৮৪ ব্যবহার করা এড়িয়ে চলত, কারণ এটি অতিরিক্ত বেসামরিক মানুষ হত্যা করে।
নেতানিয়াহু সরকারের জন্য এটিই ছিল ইতিবাচক দিক। ৭ অক্টোবরের পরের সপ্তাহগুলোতে, ইজরায়েলি বাহিনী গাযার ঘনবসতিপূর্ণ এলাকায় প্রায় ছয়শ বোমা ফেলেছিল যেগুলোর প্রতিটি দুই হাজার পাউন্ডের, এর মধ্যে একশটিরও বেশি টার্গেটেড স্থান এমন ছিল যেগুলো ইজরায়েল নিজেই বেসামরিক স্থানান্তর অঞ্চল হিসেবে অনানুষ্ঠানিকভাবে চিহ্নিত করেছিল। এই গণহত্যা এতটাই নারকীয় ও লজ্জাজনক ছিল যে এক মুহূর্তের জন্য বাইডেন প্রশাসন মার্ক ৮৪-এর চালান স্থগিত করেছিল। ট্রাম্পের অধীনে সেই চালানগুলো দ্রুত পুনরায় চালু হয় এবং এখন তা আরও ত্বরান্বিত হয়েছে।
গাযায় ইজরায়েলি সরকার যে পরিমাণের অপরাধ করছে তার ব্যাপ্তি বলা কঠিন। গত তিন বছরে সেখানে ইজরায়েলি বাহিনীর হাতে আড়াই লাখেরও বেশি ফিলিস্তিনি নিহত বা আহত হয়েছেন। তাদের অধিকাংশই বেসামরিক ব্যক্তি: নারী, বৃদ্ধ এবং হাজার হাজার শিশু। আরও বহু হাজার মানুষ নিখোঁজ রয়েছে, যা ধারণা করা যায় ধসে পড়া দুই লক্ষ ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। এ পর্যন্ত ইজরায়েলিরা গাযার ৯২ শতাংশ বাড়িঘর এবং ৩৬টি হাসপাতালের মধ্যে ৩৪টিই ধ্বংস করে দিয়েছে। এর বিপরীতে, ১৯৪৫ সালে ড্রেসডেনে মিত্রবাহিনীর বোমারু বিমান হামলা—যা এখন যুদ্ধাপরাধ হিসেবে স্বীকৃত—শহরের বাসযোগ্য ভবনগুলোর প্রায় অর্ধেক ধ্বংস করেছিল।
যেকোনো সংজ্ঞাতেই বলা হোক না কেন, গাযায় নেতানিয়াহু সরকার যা করেছে তা হলো গণহত্যা। ট্রাম্প প্রশাসন যে চল্লিশ হাজার নতুন বোমা পাঠাচ্ছে, তা লেবাননে এবং সম্ভবত ওই অঞ্চলের অন্যান্য দেশেও একই কাজ করতে ব্যবহৃত হবে। আপনি যদি ইরান যুদ্ধকে অনিশ্চিত ভবিষ্যৎ পর্যন্ত টেনে নিয়ে যেতে চান, তবে এটি ঠিক সেটাই যা আপনার করা উচিত।
এ পর্যন্ত এর কোনো কিছুই জনগণের নজরদারিতে আসেনি। কোনো একপর্যায়ে, এটি গণমাধ্যমের খবরে "অস্ত্র বিক্রি" হিসেবে বর্ণিত হবে। কিন্তু এটি কোনো অস্ত্র বিক্রি নয়। এটি একটি উপহার, যা আমেরিকার করদাতাদের অর্থায়নে ফরেন মিলিটারি ফাইন্যান্সিং প্রোগ্রামের মাধ্যমে দেওয়া হচ্ছে—এটি ক্যাপিটালিজম বা পুঁজিবাদ হিসেবে জনকল্যাণমূলক সুবিধাকে ছদ্মবেশ দেওয়ার একটি ব্যবস্থা। কংগ্রেস এক্সিকিউটিভ শাখার জন্য অর্থ বরাদ্দ করে, যা আমেরিকান তৈরি অস্ত্র "কেনার" জন্য ইজরায়েলে নগদ অর্থ স্থানান্তর করে। রাজনীতিবিদরা দাবি করেন এটি আমেরিকার জন্য একটি জয়। অধিকাংশ ভোটারের কোনো ধারণাই নেই যে তারা এর জন্য মূল্য দিয়েছেন। এই ক্ষেত্রে বিলের পরিমাণ প্রায় ৩ বিলিয়ন ডলার। ১৯৫১ সাল থেকে ইউএস ট্রেজারি ইজরায়েলে যে ৩৫২ বিলিয়ন ডলার স্থানান্তর করেছে, তার সঙ্গে এটি যোগ করুন।
এটি কীভাবে ঘটল? চল্লিশ হাজার নতুন উচ্চ-বিস্ফোরক বেসামরিক-ঘাতক বোমার অনুরোধটি এসেছিল জেরুজালেমে মার্কিন দূতাবাস থেকে, যা খ্রিস্টান জায়নবাদী রাষ্ট্রদূত মাইক হাকাবি এবং তার সহযোগী ডেভিড মিলস্টাইন দ্বারা পরিচালিত হয়। সেখান থেকে এটি স্টেট ডিপার্টমেন্টে যায়, যেখানে মার্কো রুবিও উৎসাহের সঙ্গে এটি অনুমোদন করেন।
এই মুহূর্তে, ইজরায়েলে বোমাগুলো পাঠানোর আগে আর মাত্র চারজন ব্যক্তির স্বাক্ষরের প্রয়োজন: সিনেট ফরেন রিলেশনস কমিটির চেয়ারম্যান ও র্যাঙ্কিং মেম্বার সিনেটর জিম রিশ ও জিন শাহীন; এবং প্রতিনিধি পরিষদের সমমানের কমিটির শীর্ষ দুই সদস্য কংগ্রেসসম্যান ব্রায়ান মাস্ট ও গ্রেগরি মীকস। এই চারজনই অনুগত নব্য-রক্ষণশীল। তারা সম্মিলিতভাবে ইজরায়েলি লবি থেকে লাখ লাখ ডলার নিয়েছেন। ২০১৫ সালে ব্রায়ান মাস্ট ইজরায়েলি সামরিক বাহিনীতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে ইজরায়েল ভ্রমণ করেছিলেন। ২০২৩ সালে মাস্ট আইডিএফ-এর ইউনিফর্ম পরে কংগ্রেসে প্রতিনিধি পরিষদে হাজির হন।
ইজরায়েলে বিনামূল্যে আরও বোমা পাঠানোর আগে তাদের কেউ দ্বিধা করবে বলে মনে হয় না। কেবল জনগণের তীব্র ক্ষোভই এটিকে থামাতে পারে।"
মন্তব্য করুন

