Logo

৩ শ্রাবণ ১৪৩৩

×

Follow Us

শুভ জন্মদিন ফ্রিডা

এই দিনে

শুভ জন্মদিন ফ্রিডা

Icon

জাহিদ হোসেন

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৩:৩২ পিএম

কিছু ছবি আছে, অনেকক্ষণ তাকিয়ে থাকা যায়। তারপর ছবির ভিতর দিয়ে ভাবনাগুলো উড়ে উড়ে চেনা আকাশ আর অচেনা অন্তরীক্ষে হারায়। ফ্রিডার এই ছবিটাও তেমন...loved and unloved Fridas...

একদিকে দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হচ্ছে; অন্যদিকে স্বামীর সাথে বিচ্ছেদের আয়োজন সম্পন্ন হতে চলেছে; এরই মধ্যে ফ্রিডা আঁকলেন এই ছবি। একদিকে সভ্যতার ভাঙ্গন আরেকদিকে সম্পর্কের ভাঙ্গন; এরই মাঝে জন্ম নিলো বিংশ শতাব্দীর অন্যতম বিখ্যাত এই সেলফ পোট্রেট …দি টু ফ্রিডাস।

এই ছবিতে এক ফ্রিডা পরেছেন মেক্সিকান তেহুয়ানা; যেন তার শিকড় ও সংস্কৃতি। অন্য ফ্রিডা পরেছেন সাদা পোশাক, যেন তার ইউরোপীয় ব্যক্তিত্ব। এক ফ্রিডার হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে বিচ্ছেদের বেদনায়; অন্য ফ্রিডার হাতে স্বামী রিভেরার একটি ছোট প্রতিকৃতি যেন বলতে চাচ্ছে ভালোবাসা এখনও অম্লান। দুই ফ্রিডারই উন্মুক্ত হৃদয় কেবল একটি ধমনির মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত। একজন আহত ও রক্তাক্ত। অন্যজন দৃঢ় ও জীবনীশক্তিতে ভরপুর।

ফ্রিডা আমার প্রিয় নারীদের একজন। ফ্রিডার কথা মনে হলেই রবীন্দ্রনাথের কবিতার এই লাইন গুলো মনে পড়ে,

…অলৌকিক আনন্দের ভার

বিধাতা যাহারে দেয়, তার বক্ষে বেদনা অপার,

তার নিত্য জাগরণ; অগ্নিসম দেবতার দান

ঊর্ধ্বশিখা জ্বালি চিত্তে আহোরাত্র দগ্ধ করে প্রাণ

ছয় বছরে পোলিও, উনিশ বছরে দুর্ঘটনায় শরীরের প্রায় অর্ধেক হাড় ভেঙ্গে যাওয়া, সারাজীবনে তিরিশটার বেশি সার্জারি, ট্রটস্কি সহ একাধিক প্রেম অথচ একই পুরুষকে সারাজীবন ভালোবেসে যাওয়া – এমন অপূর্ব বৈচিত্রে ভরা ছিল বাইসেক্সুয়াল ফ্রিডার জীবন।

ফেমিনিস্ট আর্টের দিক বদলে দেওয়া ফ্রিডা কাহলোর জন্মদিন আজ। শুভ জন্মদিন ফ্রিডা …Viva la Vida …

মন্তব্য করুন

Logo