এক দশক ধরে বাংলাদেশে অবস্থান করলেও রোহিঙ্গাদের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত, ঝুলে আছে প্রত্যাবাসন। ছবি: সংগৃহীত
রোহিঙ্গা শরণার্থী সংকট
মানবিক আশ্রয় থেকে ভূ-রাজনৈতিক জটিলতায় রূপান্তরিত দীর্ঘস্থায়ী বাস্তবতা
সিরাজুল ইসলাম আবেদ
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০২:৩৬ পিএম
বিশ্বের ইতিহাসে শরণার্থী সংকট নতুন কোনো ঘটনা নয়। যুদ্ধ, জাতিগত নিপীড়ন, রাজনৈতিক দমন এবং রাষ্ট্রীয় সহিংসতার কারণে মানুষ বারবার নিজভূমি ত্যাগ করতে বাধ্য হয়েছে। কিন্তু একবিংশ শতাব্দীতে যে সংকটগুলো মানবিক, নিরাপত্তা এবং ভূ-রাজনৈতিক বাস্তবতাকে একসঙ্গে জড়িয়ে ফেলেছে, তার মধ্যে রোহিঙ্গা সংকট অন্যতম বৃহৎ ও জটিল উদাহরণ।
২০ জুন, বিশ্ব শরণার্থী দিবস—এই দিনটি বিশ্বের বিভিন্ন প্রান্তের বাস্তুচ্যুত মানুষের কষ্ট, সংগ্রাম এবং প্রত্যাবাসনের আকাঙ্ক্ষাকে স্মরণ করায়। একই সঙ্গে কক্সবাজারের উখিয়া-টেকনাফ অঞ্চলে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গার জন্য এই দিনটি একটি প্রতীকী বেদনার পুনরাবৃত্তি মাত্র। এক দশক ধরে বাংলাদেশে অবস্থান করলেও রোহিঙ্গাদের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত, ঝুলে আছে প্রত্যাবাসনের অপেক্ষায়। সংকটের স্থায়ীত্বকাল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এবং সমাধানও অধরা।
রোহিঙ্গা সংকটের পটভূমি
রোহিঙ্গারা ঐতিহাসিকভাবে মিয়ানমারের রাখাইন অঞ্চলে বসবাসকারী একটি মুসলিম জনগোষ্ঠী হলেও তাদের নাগরিকত্ব প্রশ্নটি দীর্ঘদিন ধরেই বিতর্কিত। ১৯৮২ সালের নাগরিকত্ব আইন এবং পরবর্তী রাষ্ট্রীয় নীতির কারণে তারা রাষ্ট্রহীন জনগোষ্ঠীতে পরিণত হয়। এর ফলে পর্যায়ক্রমে সহিংসতা, বৈষম্য এবং দমন-পীড়নের মুখে বহু রোহিঙ্গা বাংলাদেশসহ প্রতিবেশী দেশে আশ্রয় নিতে বাধ্য হয়।
রোহিঙ্গা সংকটের বর্তমান পর্ব শুরু হয় মূলত ২০১৭ সালের ২৫ আগস্ট, যখন মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযান শুরু হয়। সেই অভিযানের পরপরই সাত লক্ষাধিক রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তবে এই প্রবাহ নতুন ছিল না; এর আগেও বিভিন্ন সময় দমন-পীড়নের কারণে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
বর্তমানে বাংলাদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা আনুমানিক ১১ লক্ষ ৯৭ হাজারের মতো। এর মধ্যে অধিকাংশ কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি ক্যাম্পে বসবাস করছে, আর একটি অংশ ভাসানচরে স্থানান্তরিত হয়েছে। এই জনগোষ্ঠী একটি দীর্ঘস্থায়ী অমানবিক ব্যবস্থার মধ্যে আটকে আছে, যেখানে প্রত্যাবাসনের কোনো নিশ্চিত সময়রেখা নেই।
এই বিপুল জনগোষ্ঠীর জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র গড়ে উঠলেও সময়ের সঙ্গে সঙ্গে তা বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে রূপ নেয়। দীর্ঘস্থায়ী অবস্থান, কর্মসংস্থানের সীমাবদ্ধতা এবং মানবিক সহায়তার ওপর নির্ভরশীলতা রোহিঙ্গাদের জীবনকে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে। সেই সঙ্গে এই বাস্তবতা শুধু শরণার্থীদের জন্য নয়, বাংলাদেশের জন্যও একটি দীর্ঘমেয়াদি সামাজিক ও রাষ্ট্রীয় চাপ তৈরি করেছে।
বাংলাদেশের অভ্যন্তরীণ সামাজিক ও অর্থনৈতিক চাপ
রোহিঙ্গা সংকট বাংলাদেশের স্থানীয় অর্থনীতিতে বহুমাত্রিক চাপ তৈরি করেছে। কক্সবাজার ও পার্শ্ববর্তী অঞ্চলে শ্রমবাজারে প্রতিযোগিতা বৃদ্ধি পেয়েছে, যার প্রভাব স্থানীয় নিম্নআয়ের জনগোষ্ঠীর আয়ে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বাজারমূল্যেও অস্থিরতা তৈরি হয়েছে। একই সঙ্গে পরিবহন, স্বাস্থ্যসেবা এবং অবকাঠামো ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে।
পরিবেশগত দিক থেকেও সংকট অত্যন্ত গুরুতর। পাহাড়ি বনাঞ্চল কেটে বসতি স্থাপন, জ্বালানি কাঠের অতিরিক্ত ব্যবহার এবং বর্জ্য ব্যবস্থাপনার অভাবে প্রাকৃতিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়েছে। কক্সবাজারের মতো একটি পর্যটন নির্ভর অর্থনৈতিক অঞ্চলে এই পরিবেশগত অবনতি দীর্ঘমেয়াদে জাতীয় অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে।
কক্সবাজার, বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির
কক্সবাজারের উখিয়ার কুতুপালং–বালুখালী মেগা ক্যাম্প এখন বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী বসতি হিসেবে পরিচিত। কয়েক বর্গকিলোমিটার এলাকাজুড়ে লাখ লাখ মানুষের বসবাস একটি ব্যতিক্রমী জনঘনত্ব তৈরি করেছে, যা বিশ্বের যেকোনো মানবিক শিবির ব্যবস্থার জন্য একটা বড় চ্যালেঞ্জ।
এই ক্যাম্পগুলোতে ঘরবাড়ি মূলত বাঁশ, ত্রিপল এবং টিন দিয়ে নির্মিত। বর্ষা মৌসুমে এগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে, আবার গ্রীষ্মে আগুনের ঝুঁকি বাড়ে। পানি, স্যানিটেশন এবং বর্জ্য ব্যবস্থাপনা থাকলেও জনসংখ্যার তুলনায় সেগুলো অপ্রতুল।
রোহিঙ্গারা পুরোপুরি মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। খাদ্য, চিকিৎসা এবং মৌলিক চাহিদার জন্য আন্তর্জাতিক সংস্থার ওপর নির্ভরতা তাদের জীবনকে স্থায়ী অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে।
খোলা আকাশের নিচে অনিশ্চিত এক প্রজন্ম
রোহিঙ্গা জনগোষ্ঠীর অর্ধেকের বেশি শিশু। এই শিশুরা সীমিত শিক্ষা সুযোগের মধ্যে বড় হচ্ছে। ক্যাম্পের শিক্ষা ব্যবস্থা প্রাথমিক পর্যায়ে থাকলেও উচ্চশিক্ষা বা কর্মমুখী প্রশিক্ষণের সুযোগ অত্যন্ত সীমিত। এর ফলে একটি বড় ঝুঁকি তৈরি হয়েছে—একটি “হারানো প্রজন্ম”। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদি অনিশ্চয়তা শিশুদের মানসিক স্বাস্থ্য, সামাজিক আচরণ এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে প্রভাবিত করছে। বাল্যবিবাহ, শিশুশ্রম এবং মানবপাচারের ঝুঁকিও এই পরিস্থিতিতে বৃদ্ধি পাচ্ছে, কারণ সীমিত সুযোগ ও অনিশ্চিত ভবিষ্যৎ অনেক পরিবারকে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য করছে।
অর্থনৈতিক চাপ ও আন্তর্জাতিক সহায়তার সংকোচন
রোহিঙ্গা সংকটের শুরুতে আন্তর্জাতিক সহায়তা ব্যাপক ছিল। তবে, সাম্প্রতিক বছরগুলোতে সেই সহায়তা কমে গেছে। জাতিসংঘ এবং সহযোগী সংস্থাগুলো ২০২৬ সালের জন্য শত শত মিলিয়ন ডলারের তহবিল চাইলেও বাস্তবে অর্থায়নের ঘাটতি থেকে যাচ্ছে। এই অর্থসংকট সরাসরি প্রভাব ফেলছে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি এবং সুরক্ষা কর্মসূচিতে। অনেক প্রকল্পের পরিধি কমিয়ে আনা হয়েছে বা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
এর ফলে শুধু রোহিঙ্গা নয়, স্থানীয় জনগোষ্ঠীও প্রভাবিত হচ্ছে, কারণ মানবিক সহায়তার কাঠামো একসঙ্গে দুই জনগোষ্ঠীকে সেবা দেওয়ার চেষ্টা করছে।
নিরাপত্তা পরিস্থিতি ও অপরাধ নেটওয়ার্কের বিস্তার
রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নিরাপত্তা পরিস্থিতি একটি গুরুত্বপূর্ণ উদ্বেগ হিসেবে দেখা দিয়েছে। বিভিন্ন গবেষণা ও পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে যে ক্যাম্পভিত্তিক কিছু সংগঠিত গোষ্ঠী মাদক, মানবপাচার এবং অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত হয়ে পড়েছে। বিশেষ করে ইয়াবা চোরাচালান একটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে, যা বাংলাদেশ-মিয়ানমার সীমান্তকে একটি অপরাধপ্রবণ করিডরে পরিণত করেছে।
এই পরিস্থিতিতে সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতিও একটি বড় উদ্বেগের কারণ। আরসাসহ কিছু গোষ্ঠীর নাম বিভিন্ন সময় নিরাপত্তা বিশ্লেষণে উঠে এসেছে, যারা ক্যাম্পভিত্তিক নিয়োগ ও প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। যদিও এই ধরনের তথ্য নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ভিন্নমত রয়েছে, তবুও নিরাপত্তা বিশ্লেষণে এটি একটি ঝুঁকির সূচক হিসেবে বিবেচিত হয়।
ক্যাম্পের ভৌগোলিক অবস্থানও নিরাপত্তা ব্যবস্থাকে জটিল করে তুলেছে। পাহাড়, বনাঞ্চল এবং সমুদ্রতীরবর্তী অবস্থান অপরাধীদের জন্য আত্মগোপনের সুযোগ তৈরি করে, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সমুদ্রপথে ভয়াবহ মানবপাচার
অনিশ্চিত জীবন থেকে বেড়িয়ে আসতে সাম্প্রতিক বছরগুলোতে রোহিঙ্গাদের একটি অংশ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে যাওয়ার জন্য সমুদ্রপথে যাত্রা করছে। মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার মতো দেশে পৌঁছানোর আশায় তারা দালাল চক্রের মাধ্যমে বিপজ্জনক সমুদ্রযাত্রায় অংশ নিচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে শত শত রোহিঙ্গা এই সমুদ্রযাত্রায় প্রাণ হারিয়েছে বা নিখোঁজ হয়েছে। এটি শুধু একটি অভিবাসন সংকট নয়, বরং একটি মানবিক বিপর্যয়। এই বাস্তবতা আরও স্পষ্ট করে যে, শরণার্থী শিবিরের জীবন রোহিঙ্গাদের কাছে এতটা হতাশার।তারা মৃত্যুঝুঁকি জেনেও বিকল্প পথে শরণার্থী জীবনের ইতি টানতে চায়। তাতে যদিযেতে প্রস্তুত।
প্রাকৃতিক দুর্যোগ ও অবকাঠামোগত ঝুঁকি
কক্সবাজার অঞ্চলের ক্যাম্পগুলো ভৌগোলিকভাবে ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থিত। বর্ষা মৌসুমে পাহাড়ধস, বন্যা এবং জলাবদ্ধতা একটি নিয়মিত ঝুঁকি। এছাড়া অগ্নিকাণ্ডও বড় একটি সমস্যা।
একাধিক বড় অগ্নিকাণ্ডে হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘরবাড়ি হারিয়েছে। ঘনবসতি, অস্থায়ী নির্মাণ এবং সীমিত অবকাঠামো এই ঝুঁকিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
বিশেষজ্ঞরা মনে করেন, দীর্ঘমেয়াদে এই অঞ্চলে স্থিতিশীল ক্যাম্প ব্যবস্থাপনার জন্য আরও শক্তিশালী অবকাঠামো বিনিয়োগ প্রয়োজন।
স্বাস্থ্যখাতে অগ্রগতি ও সীমাবদ্ধতা
রোহিঙ্গা আশ্রয় শিবিরগুলোতে জনসংখ্যার ঘনত্ব এবং সেবা প্রদানের সীমাবদ্ধতা স্বাস্থ্যাসেবার জন্য একটা বড় চ্যালেঞ্জ। তা সত্ত্বেও প্রাথমিক ধাক্কা সামলে নেওয়ার পর, স্বাস্থ্যখাতে কিছু অগ্রগতি হয়েছে। মাতৃস্বাস্থ্য ও শিশুস্বাস্থ্যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কাজ করছে এবং কিছু আধুনিক হাসপাতাল স্থাপন করা হয়েছে। তবে জনসংখ্যার তুলনায় স্বাস্থ্যসেবা এখনও অপর্যাপ্ত। বিশেষ করে রোগ প্রতিরোধ, মানসিক স্বাস্থ্য এবং দীর্ঘমেয়াদি চিকিৎসার ক্ষেত্রে বড় ঘাটতি রয়েছে। তবে, বর্তমানে শিবিরে সামগ্রিক অর্থায়ন কমে যাওয়ার ফলে এই পরিস্থিতি আবারও জটিল হতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।
প্রত্যাবাসনের অচলাবস্থা এবং রাজনৈতিক বাস্তবতা
রোহিঙ্গা সংকটের সবচেয়ে বড় অচলাবস্থা হলো প্রত্যাবাসন প্রক্রিয়ার স্থবিরতা। বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে একাধিক দ্বিপাক্ষিক উদ্যোগ নেওয়া হলেও বাস্তব অগ্রগতি হয়নি। এর প্রধান কারণ হিসেবে মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, নাগরিকত্ব ইস্যু এবং নিরাপত্তা পরিস্থিতিকে উল্লেখ করা হয়।
রোহিঙ্গা নেতাদের বক্তব্যে বারবার উঠে আসে একটি সাধারণ কিন্তু গভীর আকাঙ্ক্ষা—নিজ দেশে সম্মান ও নিরাপত্তার সঙ্গে ফিরে যাওয়া। এক রোহিঙ্গা মাঝির ভাষায়, দীর্ঘ সময় বাংলাদেশে অবস্থান তাদের জন্য জীবনের বাস্তবতা হলেও এটি কোনো স্থায়ী সমাধান নয়। তারা নাগরিকত্ব, নিরাপত্তা এবং মর্যাদার ভিত্তিতে নিজ দেশে ফিরতে চান। নতুন প্রজন্মের অনেকে বাংলাদেশেই জন্মগ্রহণ করেছে, অথচ তারা কখনও নিজের মাতৃভূমি দেখেনি।
এই প্রজন্মগত বিচ্ছিন্নতা রোহিঙ্গা সংকটকে আরও জটিল করে তুলছে, কারণ এটি একটি “হারানো পরিচয়”-এর সংকটে রূপ নিচ্ছে।
২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর দেশটি কার্যত গৃহযুদ্ধ পরিস্থিতির দিকে এগিয়ে যায়, যেখানে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী এবং সেনাবাহিনীর মধ্যে সংঘাত চলমান। এই অবস্থায় রোহিঙ্গাদের জন্য নিরাপদ ও গ্রহণযোগ্য প্রত্যাবাসন পরিবেশ তৈরি হয়নি। ফলে বাংলাদেশে রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী অবস্থান এখন একটি বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে, যা সময়ের সঙ্গে সঙ্গে আরও জটিল আকার ধারণ করছে।
ভূ-রাজনৈতিক বাস্তবতা
রোহিঙ্গা সংকটের সবচেয়ে জটিল দিক হলো এর ভূ-রাজনৈতিক মাত্রা। রাখাইন অঞ্চল এখন আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোর কৌশলগত প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু। চীন এই অঞ্চলে অবকাঠামো, জ্বালানি এবং সমুদ্রপথ সংক্রান্ত বড় বিনিয়োগ করেছে, যা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে বিবেচিত। এই কৌশলগত অবস্থান চীনের জন্য বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে বিকল্প প্রবেশপথ তৈরি করেছে।
অন্যদিকে ভারত তার উত্তর-পূর্বাঞ্চলীয় নিরাপত্তা এবং স্থল যোগাযোগ রক্ষার স্বার্থে মিয়ানমারের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রেখেছে। বিশেষ করে “সেভেন সিস্টার্স” অঞ্চলের নিরাপত্তা ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল বিষয়।
রাশিয়া এবং জাপান মিয়ানমারের জ্বালানি, শিক্ষা এবং সামরিক খাতে বিনিয়োগের মাধ্যমে নিজেদের কৌশলগত অবস্থান শক্তিশালী করেছে।
মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকার ও ইন্দো-প্যাসিফিক কৌশলের মাধ্যমে অঞ্চলে প্রভাব বিস্তারের চেষ্টা করছে, যা এই অঞ্চলের ভূ-রাজনৈতিক ভারসাম্যকে আরও জটিল করে তুলছে।
এই বহুপক্ষীয় স্বার্থের সংঘাত রোহিঙ্গা প্রত্যাবাসনকে একটি দীর্ঘমেয়াদি অনিশ্চয়তার মধ্যে ফেলেছে।
আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি ও আন্তঃদেশীয় অপরাধ
রোহিঙ্গা সংকট এখন কেবল বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সীমাবদ্ধ নেই। এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি আন্তঃদেশীয় নিরাপত্তা সমস্যায় রূপ নিয়েছে। মানবপাচার নেটওয়ার্ক মালয়েশিয়া, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়া পর্যন্ত বিস্তৃত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
মাদক ও অস্ত্র চোরাচালানের কারণে সীমান্ত অঞ্চল একটি অপরাধমূলক করিডরে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে। এই পরিস্থিতি শুধু স্থানীয় নিরাপত্তা নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতার জন্যও হুমকি সৃষ্টি করছে।
আন্তর্জাতিক সংস্থার ভূমিকা ও সীমাবদ্ধতা
জাতিসংঘ একাধিক প্রস্তাব গ্রহণ করলেও বাস্তব প্রয়োগে সীমাবদ্ধতা রয়েছে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে মতবিরোধ এবং ভেটো ক্ষমতার কারণে কার্যকর পদক্ষেপ গ্রহণ কঠিন হয়ে পড়েছে।
অন্যদিকে আসিয়ান অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির কারণে রোহিঙ্গা সংকটে সরাসরি ভূমিকা রাখতে পারছে না।
ফলে আন্তর্জাতিক ব্যবস্থায় একটি নীতিগত অচলাবস্থা তৈরি হয়েছে, যা সংকটকে দীর্ঘায়িত করছে।
সম্ভাব্য সমাধান ও কূটনৈতিক পথ
রোহিঙ্গা সংকট সমাধানে একক কোনো রাষ্ট্রের পক্ষে সমাধান সম্ভব নয়। এর জন্য বহুপাক্ষিক ও সমন্বিত কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন। প্রথমত, মিয়ানমারের অভ্যন্তরে একটি নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ তৈরি করতে হবে, যেখানে রোহিঙ্গারা স্বেচ্ছায় ও মর্যাদার সঙ্গে ফিরে যেতে পারে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা প্রয়োজন, বিশেষ করে বড় শক্তিগুলোর মধ্যে সমন্বয়। তৃতীয়ত, মানবাধিকার লঙ্ঘনের বিচার প্রক্রিয়া জোরদার করতে হবে, যাতে দায়ীদের জবাবদিহির আওতায় আনা যায়। চতুর্থত, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা আরও শক্তিশালী করতে হবে, যাতে মাদক ও মানবপাচার রোধ করা যায়।
ভাগ্যবিড়ম্বিত মানুষের ভবিষ্যৎ কি
রোহিঙ্গা সংকট আজ একটি মানবিক দুর্যোগের পাশাপাশি একটি দীর্ঘস্থায়ী ভূ-রাজনৈতিক বাস্তবতা। বাংলাদেশ মানবিক দায়িত্ব পালন করলেও এই সংকটের ভার দীর্ঘদিন বহন করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বিশ্ব শরণার্থী দিবসে সবচেয়ে বড় প্রশ্ন হলো—এই ভাগ্যবিরম্বিত মানুষের ভবিষ্যৎ কোথায়? উত্তর এখনও অনিশ্চিত।
যতদিন পর্যন্ত আন্তর্জাতিক সমন্বিত উদ্যোগ, রাজনৈতিক সমাধান এবং নিরাপদ প্রত্যাবাসনের বাস্তব কাঠামো তৈরি না হবে, ততদিন এই সংকট শুধু দীর্ঘায়িতই হবে না, বরং আরও জটিল আকার ধারণ করবে।
মন্তব্য করুন

