অঞ্চলভেদে স্বাদ, উপকরণ ও প্রস্তুতপ্রণালির ভিন্নতায় বাংলাদেশের খাদ্যসংস্কৃতি হয়ে উঠেছে অত্যন্ত বৈচিত্র্যময় ও সমৃদ্ধ
অহিদুর রহমান
প্রকাশ: ১৫ মে ২০২৬, ১২:১২ এএম
খাবার কোনো নির্দিষ্ট অঞ্চলে হঠাৎ করেই সৃষ্টি হয় না; বরং এটি দীর্ঘ সময়ের মানুষের অভিজ্ঞতা, চর্চা এবং লোকায়ত জ্ঞানের ধারাবাহিক ফল। প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রান্তিক মানুষের জ্ঞান, প্রযুক্তি, জীবনযাপন, চিন্তা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড মিলেই গড়ে ওঠে স্থানভিত্তিক লোকজ খাদ্যসংস্কৃতি। এই খাবারগুলো তাই কেবল পুষ্টির উপকরণ নয়; বরং একটি অঞ্চলের সামাজিক ইতিহাস ও সাংস্কৃতিক পরিচয়েরও গুরুত্বপূর্ণ অংশ।
স্থানীয়ভাবে উৎপাদিত ও প্রচলিত এসব খাবার সাধারণত নিরাপদ, পরিবেশবান্ধব এবং টেকসই হয়ে থাকে। কারণ এগুলো প্রকৃতি, মৌসুম ও স্থানীয় সম্পদের সঙ্গে গভীরভাবে যুক্ত। ঐতিহ্যগত খাদ্য বা ঐতিহ্যবাহী খাবার বলতে সাধারণত সেইসব খাবারকে বোঝানো হয়, যেগুলো প্রজন্ম থেকে প্রজন্মে একই রকম জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা নিয়ে টিকে থাকে। দীর্ঘমেয়াদে একটি সভ্যতার খাদ্যাভ্যাস ও জীবনধারার ওপর এসব খাবারের গভীর ও স্থায়ী প্রভাব পড়ে।
জাতীয় খাবার, আঞ্চলিক রন্ধনশৈলী এবং স্থানীয় খাবারের বড় একটি অংশই এই ঐতিহ্যগত খাদ্যসংস্কৃতির ঐতিহাসিক ধারাবাহিকতার সাক্ষ্য বহন করে। অধিকাংশ ঐতিহ্যবাহী খাবারই মূলত ঘরোয়া পরিবেশে তৈরি হয়, যেখানে পরিবার, সংস্কৃতি ও স্থানীয় জ্ঞানের সম্মিলন ঘটে। ফলে এসব খাবার শুধু স্বাদের বিষয় নয়; বরং এটি মানুষের স্মৃতি, ঐতিহ্য ও সামাজিক বন্ধনেরও একটি জীবন্ত প্রতিচ্ছবি।
বৈচিত্র্যময় লোকজ খাবার
বাংলার লোকজ সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ হলো—ঐতিহ্যবাহী খাবার। অঞ্চলভেদে স্বাদ, উপকরণ ও প্রস্তুতপ্রণালির ভিন্নতায় বাংলাদেশের খাদ্যসংস্কৃতি হয়ে উঠেছে অত্যন্ত বৈচিত্র্যময় ও সমৃদ্ধ। দেশের প্রায় প্রতিটি জনপদেই রয়েছে কোনো না কোনো বিশেষ খাবার বা মিষ্টান্নের সুখ্যাতি, যা স্থানীয় ঐতিহ্য ও মানুষের রুচিবোধের পরিচয় বহন করে।
নাটোরের কাচাগোল্লা, বগুড়ার দই, টাঙ্গাইলের চমচম, কুমিল্লার রসমালাই, খুলনার সন্দেশ কিংবা পাবনার ঘি—এসব নাম উচ্চারণ করলেই ভেসে ওঠে বাঙালির রসনাবিলাসের এক অনন্য ছবি। তেমনি শিবগঞ্জের চমচম, মুক্তাগাছার মন্ডা, নেত্রকোনার বালিশমিষ্টি ও কিশোরগঞ্জের স্পঞ্জমিষ্টি দীর্ঘদিন ধরে মানুষের মুখে মুখে ফিরছে।
জামালপুরের ছানার পোলাও ও ছানার পায়েস, শেরপুরের ছানার চপ, মুন্সিগঞ্জের ভাগ্যকুলের মিষ্টি, মাগুরার রসমালাই এবং নড়াইলের পোড়া সন্দেশও নিজস্ব স্বাদ ও ঐতিহ্যের কারণে বিশেষভাবে পরিচিত। মেহেরপুরের রসকদম ও মিষ্টি সাবিত্রী, ভোলার মহিষের দুধের দই, নারায়ণগঞ্জের পোড়া মিষ্টি এবং ফেনীর মহিষের দুধের ঘি স্থানীয় খাদ্যঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী রসমালাই, লালমনিরহাটের রসমিষ্টি, কুড়িগ্রামের চমচম, সুনামগঞ্জের দেশবন্ধুর মিষ্টি, নীলফামারীর ডোমারের সন্দেশ ও গাইবান্ধার রসমঞ্জুরি মিষ্টিপ্রেমীদের কাছে বিশেষ সমাদৃত। অন্যদিকে চাপাইনবাবগঞ্জের সুস্বাদু আম ও প্যাঁচানো জিলাপি, আর পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানি বাংলাদেশের লোকজ খাদ্যসংস্কৃতিকে দিয়েছে ভিন্ন মাত্রা।
এসব খাবার শুধু রসনাতৃপ্তির উপকরণ নয়; বরং এগুলো বহন করে আঞ্চলিক ইতিহাস, ঐতিহ্য, মানুষের জীবনযাপন ও সংস্কৃতির পরিচয়। সময়ের পরিবর্তনের মধ্যেও বাংলার লোকজ খাবার আজও মানুষের স্মৃতি, আবেগ ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে।
কৃষিজ ও ফলজাতীয় খাবারের ঐতিহ্য
বাংলাদেশের প্রকৃতি যেমন বৈচিত্র্যময়, তেমনি বৈচিত্র্যে ভরপুর এ দেশের কৃষিজ ও ফলভিত্তিক খাদ্যসংস্কৃতি। নদী, পাহাড়, সমতল, হাওর কিংবা উপকূল—প্রতিটি অঞ্চলের আবহাওয়া ও মাটির বৈশিষ্ট্য গড়ে তুলেছে নিজস্ব স্বাদ ও খাদ্যঐতিহ্য। দেশের নানা জনপদে উৎপাদিত ফল, শস্য, মসলা ও ঐতিহ্যবাহী খাবার শুধু স্থানীয় মানুষের জীবনযাপনের অংশ নয়, একই সঙ্গে আঞ্চলিক সংস্কৃতিরও পরিচায় বহন করে।
নরসিংদীর সাগরকলা, মধুপুরের রসালো আনারস, নওগাঁর উৎকৃষ্ট মানের চাল এবং রাঙামাটির পাহাড়ি কলা ও আনারস দেশের কৃষিসমৃদ্ধ অঞ্চলের পরিচিত নাম। মৌলভীবাজারের খাসিয়া পান, কক্সবাজারের মিষ্টি পান এবং বান্দরবানের পাহাড়ি ফলের জুস স্থানীয় স্বাদ ও ঐতিহ্যের এক অনন্য বহিঃপ্রকাশ। গাজীপুরের কাঁঠাল, লক্ষ্মীপুরের সুপারি ও চাঁদপুরের বিখ্যাত ইলিশও দেশের খাদ্যঐতিহ্যে বিশেষ স্থান দখল করে আছে।
দেশী নানা ঋতুভিত্তিক ফল দামে সাশ্রয়ী এবং পুষ্টিগুণে সেরা, ছবি: সংগৃহীতব্রাহ্মণবাড়িয়ার তালের বড়া, রাজশাহীর আম, দিনাজপুরের লিচু ও চিড়া বহুদিন ধরেই মানুষের রসনায় বিশেষ আবেদন সৃষ্টি করে আসছে। চট্টগ্রামের শুটকি, খাগড়াছড়ির হলুদ এবং সিলেটের চা, সাতকড়া ও কমলা দেশের ভৌগোলিক বৈচিত্র্যের সঙ্গে জড়িয়ে থাকা স্বাদের পরিচয় বহন করে। অন্যদিকে নোয়াখালীর নারিকেল নাড়ু, রংপুরের ইক্ষু এবং শরীয়তপুরের খেজুরের গুড় গ্রামীণ বাংলার চিরচেনা আবহকে মনে করিয়ে দেয়।
গ্রামীণ পিঠাপুলির ঐতিহ্যেও রয়েছে আঞ্চলিক স্বাতন্ত্র্য। শরীয়তপুরের বিনয়না পিঠা, বরগুনার চুইয়া পিঠা ও চালের রুটি, রাজশাহীর কালাই রুটি কিংবা কুষ্টিয়ার তিলের খাজা বাঙালির ঐতিহ্যবাহী খাদ্যসংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছে। ঝিনাইদহের হরিধান, ঠাকুরগাঁওয়ের সূর্যপুরী আম, পঞ্চগড়ের ডিমভুনা এবং জয়পুরহাটের চটপটি স্থানীয় স্বাদের ভিন্নমাত্রা যোগ করেছে।
এছাড়া হবিগঞ্জের চা, ফরিদপুর ও যশোরের খেজুরগুড়, বাগেরহাটের চিংড়ি ও সুপারি, চুয়াডাঙ্গার পান ও ভুট্টা, ঝালকাঠির লবণ আটা, পিরোজপুরের পেয়ারা, বরিশালের আমড়া এবং ভোলার নারকেল দেশের কৃষিভিত্তিক অর্থনীতি ও খাদ্যঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। খুলনার বিখ্যাত চুই ঝাল যেমন রান্নায় এনেছে স্বতন্ত্র স্বাদ, তেমনি কুড়িগ্রামের ক্ষীরমোহন, সিরাজগঞ্জের পানতোয়া এবং রংপুরের শোলকা, প্যালকা ও সিদল উত্তরাঞ্চলের লোকজ খাদ্যসংস্কৃতির বিশেষ পরিচায়ক।
এসব কৃষিজ ও ফলজাতীয় খাবার কেবল খাদ্য নয়; এগুলোর সঙ্গে জড়িয়ে আছে মানুষের স্মৃতি, উৎসব, জীবনসংগ্রাম ও আঞ্চলিক পরিচয়। বাংলাদেশের খাদ্যঐতিহ্যের এই বৈচিত্র্যই দেশকে দিয়েছে এক অনন্য সাংস্কৃতিক স্বকীয়তা।
মিষ্টিজাতীয় খাবারে একাকার বাংলার ঐতিহ্য
বাংলাদেশের ঐতিহ্যবাহী খাদ্যসংস্কৃতির দিকে তাকালে সহজেই বোঝা যায়, এ দেশের মানুষের রসনাবিলাসে মিষ্টিজাতীয় খাবারের স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অঞ্চলভেদে ভিন্ন নাম, স্বাদ ও প্রস্তুতপ্রণালি থাকলেও মিষ্টান্ন যেন পুরো বাংলাদেশকে এক সুতোয় গেঁথে রেখেছে। গ্রামবাংলার হাট-বাজার থেকে শুরু করে শহরের নামকরা মিষ্টির দোকান—সবখানেই মিষ্টিজাতীয় খাবারের ব্যাপক জনপ্রিয়তা লক্ষ করা যায়।
বাংলার মানুষ যুগ যুগ ধরে নানা ধরনের মিষ্টি, পায়েস, ক্ষীর, মন্ডা, সন্দেশ, রসমালাই কিংবা চমচম খেতে ভালোবাসে। অতিথি আপ্যায়ন, উৎসব, বিয়ে, ধর্মীয় অনুষ্ঠান কিংবা পারিবারিক আনন্দ—প্রায় প্রতিটি আয়োজনেই মিষ্টিজাতীয় খাবার এক অপরিহার্য অনুষঙ্গ হিসেবে জায়গা করে নিয়েছে। বাঙালির সামাজিক ও সাংস্কৃতিক জীবনের সঙ্গে তাই মিষ্টির সম্পর্ক অত্যন্ত গভীর।
এসব খাবার তৈরির প্রধান উপকরণ হিসেবে ব্যবহৃত হয় দুধ, চিনি, গুঁড়, ছানা, ময়দা ও চালের গুঁড়া। গ্রামীণ কৃষিনির্ভর বাংলাদেশে এসব উপকরণ বহু যুগ ধরেই সহজলভ্য ছিল। গবাদিপশু পালন, ধান চাষ, আখ ও খেজুর থেকে গুঁড় উৎপাদন—সব মিলিয়ে কৃষিভিত্তিক জীবনব্যবস্থাই ধীরে ধীরে মিষ্টিজাতীয় খাবারের বিস্তার ঘটিয়েছে। কৃষক, কৃষিপণ্য ও গ্রামীণ অর্থনীতির সঙ্গে জড়িয়ে গড়ে উঠেছে বাংলার সমৃদ্ধ মিষ্টান্ন ঐতিহ্য।
বাংলাদেশের একেক অঞ্চলে একেক ধরনের মিষ্টির খ্যাতি তৈরি হয়েছে স্থানীয় মানুষের উদ্ভাবনী শক্তি ও স্বাদের বৈচিত্র্যের কারণে। কোথাও দুধ ও ছানাভিত্তিক মিষ্টি জনপ্রিয় হয়েছে, কোথাও আবার গুঁড় বা চালের গুঁড়ার তৈরি পিঠা-মিষ্টি পেয়েছে বিশেষ পরিচিতি। ফলে মিষ্টিজাতীয় খাবার শুধু খাদ্য নয়, বরং এটি হয়ে উঠেছে আঞ্চলিক সংস্কৃতি, ঐতিহ্য ও মানুষের আবেগেরও অংশ।
সময় বদলেছে, জীবনযাত্রায় এসেছে আধুনিকতার ছোঁয়া; তবু বাংলার মিষ্টিজাতীয় খাবারের আবেদন আজও অমলিন। ঐতিহ্যের স্বাদ আর শৈশবের স্মৃতিকে ধারণ করে এসব খাবার এখনও বাঙালির হৃদয়ে বিশেষ জায়গা দখল করে আছে।
আমাদের জিআইভুক্ত খাবার ও খাদ্যঐতিহ্য
কোনো দেশের মাটি, পানি, আবহাওয়া, প্রাকৃতিক পরিবেশ এবং স্থানীয় জনগোষ্ঠীর ঐতিহ্য ও সংস্কৃতি যদি কোনো বিশেষ পণ্য উৎপাদনে অনন্য ভূমিকা পালন করে, তবে সেই পণ্যকে ভৌগোলিক নির্দেশক বা জিআই (Geographical Indication) পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। জিআই স্বীকৃতি কেবল একটি পণ্যের পরিচয় নয়; এটি একটি অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি, উৎপাদনপ্রক্রিয়া ও ঐতিহ্যের আন্তর্জাতিক স্বীকৃতিও বহন করে।
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে উৎপাদিত বহু ঐতিহ্যবাহী খাবার, কৃষিপণ্য ও হস্তশিল্প দীর্ঘদিন ধরে মানুষের কাছে বিশেষভাবে সমাদৃত। এসব পণ্যের স্বকীয়তা রক্ষা ও আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত করার লক্ষ্যে ২০১৩ সালে প্রণয়ন করা হয় ‘ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন’। পরবর্তীতে ২০১৫ সালে এ আইনের বিধিমালা প্রণয়নের পর পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) জিআই পণ্যের নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করে।
এই উদ্যোগের ধারাবাহিকতায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ২০১৫ সালে জামদানি শাড়ির জিআই স্বত্বের আবেদন করে। পরবর্তীতে বিভিন্ন আবেদন যাচাই-বাছাই শেষে ২০১৬ সালে দেশের প্রথম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় ঐতিহ্যবাহী জামদানি শাড়ি। এরপর ধীরে ধীরে দেশের বিভিন্ন ঐতিহ্যবাহী খাদ্যপণ্য ও কৃষিপণ্যও জিআই স্বীকৃতি অর্জন করতে শুরু করে।
বাংলাদেশের জিআই স্বীকৃত উল্লেখযোগ্য খাদ্যপণ্যের মধ্যে রয়েছে— ইলিশ, যা ১৭ আগস্ট ২০১৭ সালে জিআই স্বীকৃতি লাভ করে। এছাড়া চাপাইনবাবগঞ্জের খিরসাপাত আম (২০১৯), দিনাজপুরের কাটারিভোগ চাল ও কালিজিরা ধান (২০২১), বাগেরহাটের বাগদা চিংড়ি (২০২২), রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম (২০২৩), শেরপুরের তুলসীমালা ধান (২০২৩), বগুড়ার দই (২০২৪), নাটোরের কাঁচাগোল্লা (২০২৩), টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম (২০২৪), কুমিল্লার রসমালাই (২০২৪), কুষ্টিয়ার তিলের খাজা (২০২৪), যশোরের খেজুরগুড় (২০২৪), রাজশাহীর মিষ্টি পান (২০২৪), গোপালগঞ্জের রসগোল্লা (২০২৪), রংপুরের হাড়িভাঙ্গা আম (২০২৪) এবং মুক্তাগাছার মন্ডা (২০২৪) বিশেষভাবে উল্লেখযোগ্য।
এসব জিআই পণ্য শুধু বাংলাদেশের খাদ্যঐতিহ্যের প্রতিনিধিত্বই করে না, বরং দেশের অর্থনীতি, কৃষি ও স্থানীয় শিল্পের সঙ্গেও গভীরভাবে সম্পৃক্ত। প্রতিটি পণ্যের সঙ্গে জড়িয়ে আছে নির্দিষ্ট অঞ্চলের মানুষের জীবনযাপন, উৎপাদনপদ্ধতি এবং দীর্ঘদিনের সাংস্কৃতিক অভ্যাস।
এছাড়া আরও কিছু ঐতিহ্যবাহী পণ্য বর্তমানে জিআই স্বীকৃতির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে নরসিংদীর খেজুরগুড় ও অমৃতসাগর কলা, মধুপুরের আনারস, সুন্দরবনের মধু, শেরপুরের ছানার পায়েস, ভোলার মহিষের কাঁচা দুধ, নওগাঁর ফজলি আম এবং দিনাজপুরের লিচু, নওগাঁর নক ফজলি উল্লেখযোগ্য। এসব পণ্যও তাদের স্বাদ, গুণগত মান ও আঞ্চলিক বৈশিষ্ট্যের কারণে দেশের খাদ্যঐতিহ্যে বিশেষ মর্যাদা বহন করে।
পিঠাবৈচিত্র্য
বাংলার লোকজ সংস্কৃতির অন্যতম প্রাণ হলো পিঠা। শীত, নবান্ন, উৎসব কিংবা পারিবারিক আনন্দ—সবকিছুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে পিঠার ঐতিহ্য। গ্রামীণ বাংলার মানুষের জীবন, আবেগ, আতিথেয়তা ও পারস্পরিক সম্পর্কের এক অনন্য প্রতীক এই পিঠা। তাই বাংলার গান, সাহিত্য ও লোককথাতেও পিঠার উল্লেখ বারবার ফিরে আসে। উত্তরাঞ্চলের জনপ্রিয় ভাওয়াইয়া গানে যেমন শোনা যায়—‘মনটাই মোর পিঠা খাবার চাই’, তেমনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও শীতের পুলি পিঠা খেতে না পেরে আক্ষেপ করে বলেছিলেন, ‘এবার বছরকার দিনেরে ভাই, জুটলো নাকো পুলি পিঠে।’

বাংলার বাহারি পিঠা, ছবি: সংগৃহীত
গ্রামীণ জীবনে পিঠা কেবল একটি মুখরোচক খাদ্য নয়; এটি আনন্দ, উৎসব ও সামাজিক বন্ধনের অংশ। নবান্নের পরপরই গ্রামবাংলার ঘরে ঘরে শুরু হয় পিঠা তৈরির আয়োজন। শীতের আগমনের সঙ্গে সঙ্গে ধান ওঠা নতুন চাল, খেজুরের রস, নারকেল, তিল, আখ, কলা ও নানা ফলমূল দিয়ে তৈরি হয় বাহারি স্বাদের পিঠা। গ্রামের নারীরা তাদের নিপুণ হাতে তৈরি করেন নানান বর্ণ, নকশা ও স্বাদের পিঠা, যা বাংলার লোকজ শিল্পচর্চারও একটি গুরুত্বপূর্ণ অংশ।
পিঠা সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের কৃষিনির্ভর জীবনব্যবস্থা। ধানের বৈচিত্র্য, খেজুরগুড়, নারকেল, তাল, সরিষা, ফলমূল ও ফুলের সমন্বয়েই গড়ে উঠেছে এই ঐতিহ্য। তাই পিঠা সংস্কৃতিকে টিকিয়ে রাখতে হলে কৃষি ও প্রাকৃতিক বৈচিত্র্যকেও রক্ষা করতে হবে। ময়মনসিংহ গীতিকাসহ বাংলার নানা লোকসাহিত্যে ধান, পান ও শস্যভিত্তিক জীবনের যে বর্ণনা পাওয়া যায়, তার সঙ্গেও পিঠার সম্পর্ক গভীরভাবে জড়িত।
চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যবাহী পিঠা-পুলি উৎসব, ছবি: সংগৃহীতএকসময় শীত এলেই গ্রামবাংলায় শুরু হতো পিঠা উৎসব। আত্মীয়-স্বজন, নতুন জামাই, বেয়াই-বেয়ান, ছেলে-মেয়ে—সবাই একে অন্যের বাড়িতে বেড়াতে যেতেন। এক বাড়িতে পিঠা তৈরি হলে পাশের বাড়ির মানুষদের দাওয়াত করে খাওয়ানো হতো, চলত পিঠা বিনিময়। এসব আয়োজন মানুষের মধ্যে সম্পর্ক, আন্তরিকতা ও সামাজিক বন্ধনকে দৃঢ় করত। কিন্তু সময়ের পরিবর্তনে গ্রামবাংলার সেই আন্তরিক সংস্কৃতি ও আদান-প্রদানের চর্চা অনেকটাই কমে যাচ্ছে। ফলে মানুষের পারস্পরিক সম্পর্ক ও বিশ্বাসেও ভাটা পড়ছে। তাই পিঠা সংস্কৃতিকে টিকিয়ে রাখা মানে কেবল একটি খাদ্যঐতিহ্যকে বাঁচিয়ে রাখা নয়; বরং সামাজিক সংহতি ও মানবিক সম্পর্কের বন্ধনকে রক্ষা করা।
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখনও শতাধিক ধরনের পিঠা তৈরি হয়। বিশেষ করে নেত্রকোনা, ময়মনসিংহসহ দেশের নানা অঞ্চলে শীতকালীন মেলা ও উৎসবে বাহারি পিঠার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। গ্রামীণ নারীদের হাতের ছোঁয়ায় তৈরি হয় অসংখ্য বৈচিত্র্যময় পিঠা, যেগুলোর নামও অত্যন্ত আকর্ষণীয় ও লোকজ বৈশিষ্ট্যে ভরপুর।
বাংলার ঐতিহ্যবাহী পিঠার মধ্যে রয়েছে—ধামাপিঠা, পুলিপিঠা, শাহীপিঠা, পাটিসাপটা, গাজরের পাটিসাপটা, নারিকেলের পিঠা, মালপোয়া, চ্যাপাপিঠা, ফুলপিঠা, দুধপুলি, তালের পিঠা, কলার পিঠা, ভাপা পিঠা, ঝালপিঠা, নকশীপিঠা, চিতই পিঠা, দুধচিতই, সেমাই পিঠা, পাপড়া পিঠা, শিলপিঠা, চুটকিপিঠা, চাঁদ পাকন, পাতাপিঠা, পোয়াপিঠা, মালাইপিঠা, মুঠিপিঠা, গোকুলপিঠা, গোলাপফুল পিঠা, লবঙ্গলতিকা, রসফুল পিঠা, জামদানি পিঠা, ঝিনুকপিঠা, সূর্যমুখী পিঠা, নারকেলের ভাজাপুলি, সিদ্ধপুলি, তেজপাতা পিঠা, তেলের পিঠা, ফুলঝুরি পিঠা, বিনয়না পিঠা, কালাইপিঠা, জামাই ভুলানো পিঠা, ডিমপিঠা, পুতুল পিঠা, বিস্কুটপিঠা, চমচমপিঠা ও কড়িপিঠাসহ অসংখ্য নাম।
বর্তমানে গ্রাম ছাড়িয়ে শহরেও পিঠার জনপ্রিয়তা বেড়েছে। শীতের মৌসুমে বিভিন্ন স্থানে বসে পিঠামেলা, আর অনেক উদ্যোক্তা নারী ঐতিহ্যবাহী ও বৈচিত্র্যময় পিঠা তৈরি করে শহরের সুপারশপ ও অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করছেন। ফলে পিঠা এখন শুধু গ্রামীণ ঐতিহ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি ধীরে ধীরে রূপ নিচ্ছে সম্ভাবনাময় একটি ক্ষুদ্র শিল্প ও সাংস্কৃতিক পরিচয়ের বাহক হিসেবে।
বাংলার পিঠা তাই কেবল খাদ্য নয়; এটি ইতিহাস, ঐতিহ্য, কৃষি, সংস্কৃতি ও মানুষের আন্তরিক সম্পর্কের এক জীবন্ত প্রতীক।
অঞ্চলভিত্তিক লোকজ অচাষকৃত খাদ্যসম্পদ
বাংলাদেশের ঋতুচক্র যেমন পরিবর্তিত হচ্ছে, তেমনি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে গ্রামীণ জীবনের এক অমূল্য সম্পদ—অচাষকৃত বা কুড়িয়ে পাওয়া খাদ্যবৈচিত্র্য। একসময় এই প্রাকৃতিক খাদ্যভান্ডারই ছিল গ্রামীণ মানুষের দুর্দিন, দুর্যোগ, মঙ্গা ও অভাব-অনটনের প্রধান ভরসা। লোকজ অভিজ্ঞতায় বলা হয়ে থাকে, অভাবের দিনে পথেঘাটের কচু-ঘেচুই জীবন বাঁচায়—এই কথার মধ্যেই লুকিয়ে আছে এসব অচাষকৃত খাদ্যের বাস্তব গুরুত্ব।
কচু, ঘেচু, শাক, শালুক কিংবা হাওর-বিলের কুড়িয়ে পাওয়া নানা উদ্ভিদ শুধু ক্ষুধা মেটায়নি; বরং পুষ্টির ঘাটতি পূরণ করেছে, আয়রনের অভাব দূর করেছে এবং অনেক ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রেও ব্যবহার হয়েছে। হাওর ও জলাভূমি অঞ্চল থেকে শালুক, কুঁই, পানিফল প্রভৃতি সংগ্রহ করে আগুনে পুড়িয়ে বা রান্না করে খাওয়ার প্রচলন এখনও কিছু অঞ্চলে দেখা যায়।
প্রাকৃতিকভাবে জন্মানো বথুয়া শাক, ছবি: সংগৃহীতএই প্রাকৃতিক খাদ্যসম্পদের সঙ্গে জড়িয়ে আছে গ্রামীণ নারীদের জীবনসংগ্রামও। ময়মনসিংহ ও নেত্রকোনা অঞ্চলের গেন্দুর মা, জরিনা, শুক্কুরী, আয়শা, আমেনা, আলেহা, মরিয়ম, চায়না, ময়না, নুরজাহান, বিলাসী, কাজলীসহ অনেক নারী আজও বন-জঙ্গল, খাল-বিল, ডোবা-নালা, নদী পেরিয়ে সংগ্রহ করেন এসব বনজ শাক ও খাদ্য। পরে সেগুলো বাজারে বা বাড়ি বাড়ি বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করেন। অধিকাংশের বসতি ব্রহ্মপুত্র নদের আশপাশের বিদ্যাগঞ্জ, মুক্তাগাছা, চরকালীবাড়ী, দাপুনিয়া, বাড়েরা, চরনিলয়া এবং নেত্রকোনার মৌগাতি ও সাকুয়া অঞ্চলে।
এসব নারীদের সংগ্রহে থাকে কলমী শাক, হেলেঞ্চা, গোল হেলেঞ্চা, গিমা শাক, কচু শাক, কচুর লতি, থানকুনি, বেতশাক, শাপলা, ডুমুর, তেলাকুচা, বনকচু, বনআলু, বনকলার থোড় ও মোচা, বাঁশের কোড়ল, কালমেঘ, ব্রাহ্মী, শতমূলীসহ অসংখ্য বনজ খাদ্য ও ঔষধিগাছ। এসব উপাদান একদিকে খাদ্য, অন্যদিকে ভেষজ চিকিৎসার উপকরণ হিসেবেও ব্যবহৃত হয়।
বাংলাদেশের খাল-বিল, নদী-নালা ও পতিত জমিতে পাওয়া এসব শাকসবজি গ্রামীণ মানুষের দৈনন্দিন জীবনের অংশ ছিল। বৈশাখ মাসে শুরু হয় মৌসুমী শাক সংগ্রহ ও বিক্রি, বর্ষাকালে হাওরে মেলে শালুক, পানিফল, ঢ্যাপ, কইরালি, মাতুক ইত্যাদি। চৈত্র সংক্রান্তিতে তিতা শাক খাওয়ার একটি লোকজ রীতিও প্রচলিত আছে, যা ঋতুচক্রের সঙ্গে মানুষের খাদ্যাভ্যাসের গভীর সম্পর্ক নির্দেশ করে।
হাজার বছর আগে খনা তাঁর বচনে ঋতুভিত্তিক খাদ্যচক্রের যে ইঙ্গিত দিয়েছেন, তা আজও গ্রামীণ জীবনে প্রাসঙ্গিক। সেখানে বলা হয়েছে—
চৈতে গিমা তিতা,
বৈশাখে নালিতা মিঠা,
জ্যৈষ্ঠে অমৃতফল আষাঢ়ে খৈ,
শাওনে দই।
ভাদরে তালের পিঠা,
আশ্বিনে শশা মিঠা,
কার্তিকে খৈলসার ঝোল,
অঘ্রানে ওল।
পৌষে কাঞ্ছি,
মাঘে তেল,
ফাল্গুনে পাকা বেল।
এই লোকজ জ্ঞান প্রমাণ করে, প্রকৃতির সঙ্গে সমন্বয় করেই গড়ে উঠেছিল বাংলার খাদ্যসংস্কৃতি।
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আজও বহু বৈচিত্র্যময় বনজ শাক ও খাদ্য পাওয়া যায়—যেমন পুঁইশাক, কলমী শাক, থানকুনি, গিমা শাক, তেলাকুচা, শাপলা, সাজনা পাতা, ঢেঁকি শাক, বন তুলসি, বনতুলসি, বনঝুড়ি, মরিচপাতা, শালুক, কেউরালি, বনতরুলসহ অসংখ্য নাম। এসব উদ্ভিদ শুধু মানুষের খাদ্য নয়, প্রাণীকুলের খাদ্যচক্রের সঙ্গেও গভীরভাবে যুক্ত। জলাভূমির শ্যাওলা, লতাগুল্ম, কেঁচো, শামুক, পোকামাকড়, ব্যাঙ—সবাই মিলিয়ে গড়ে তোলে একটি প্রাকৃতিক খাদ্যজাল, যা পরিবেশের ভারসাম্য রক্ষা করে।
একসময় এসব অচাষকৃত খাদ্য ছিল দরিদ্র মানুষের প্রধান ভরসা, আজ তা অনেকটাই বিলাসী বা হারিয়ে যেতে বসা ঐতিহ্যে পরিণত হয়েছে। বনাঞ্চল কমে যাওয়া, হাওর-নদী ভরাট হওয়া, নগরায়ণ ও জনসংখ্যার চাপের কারণে প্রাকৃতিক খাদ্যসম্পদ দ্রুত সংকুচিত হচ্ছে। ফলে আগের মতো সহজে এসব বনজ শাক পাওয়া যায় না।
তবুও বাংলাদেশের গ্রামীণ জীবনের কোথাও কোথাও এখনও টিকে আছে এই কুড়িয়ে পাওয়া খাদ্যসংস্কৃতি। এটি শুধু খাদ্য নয়; বরং প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থান, লোকজ জ্ঞান, পরিবেশ-নির্ভর জীবন ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য প্রতিচ্ছবি।
শহরকেন্দ্রিক আঞ্চলিক প্রিয় খাবার
বাংলাদেশের শহর ও নগরজীবনের খাদ্যসংস্কৃতি গড়ে উঠেছে অঞ্চলভিত্তিক ঐতিহ্য, ইতিহাস ও মানুষের রুচির সমন্বয়ে। গ্রামীণ স্বাদের পাশাপাশি শহরকেন্দ্রিক কিছু খাবার আজ জাতীয়ভাবে জনপ্রিয় হয়ে উঠেছে, যা দেশের খাদ্যসংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছে। এসব খাবার শুধু রসনাতৃপ্তির উপকরণ নয়; বরং এগুলো বাংলাদেশের সামাজিক জীবন, আতিথেয়তা ও সাংস্কৃতিক পরিচয়েরও গুরুত্বপূর্ণ অংশ।
পুরান ঢাকার খাদ্যঐতিহ্য বাংলাদেশের শহরকেন্দ্রিক খাবারের অন্যতম প্রাণকেন্দ্র। এখানকার বিখ্যাত হাজী বিরিয়ানি, নান্না বিরিয়ানি, ঐতিহ্যবাহী বাকরখানি, কাবাব এবং ছানা-সাতুয়া জাতীয় খাবার দীর্ঘদিন ধরে মানুষের কাছে জনপ্রিয়তা ধরে রেখেছে। একইভাবে ঢাকার স্ট্রিটফুড সংস্কৃতির অংশ হিসেবে হালিম, বোরহানি, চটপটি ও ফুচকা আজ সারা দেশের মানুষের কাছে সমানভাবে সমাদৃত।
চট্টগ্রামের খাদ্যসংস্কৃতিতেও রয়েছে নিজস্ব স্বাদ ও ঐতিহ্য। এখানে বিখ্যাত মেজবানি গরুর মাংস, ভুনা খিচুড়ি এবং কালাভুনা দেশের অন্যতম জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার হিসেবে পরিচিত। বরিশাল অঞ্চলে আবার চিংড়ি দিয়ে তৈরি মালাইকারি এবং নারিকেল ও চিংড়ির বিশেষ রান্না স্থানীয় স্বাদের বৈচিত্র্য তুলে ধরে। একইভাবে সাতক্ষীরার চিংড়ি রান্নাও দেশের উপকূলীয় খাদ্যঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ।
শহরের দৈনন্দিন খাবারের তালিকায় নিয়মিতই থাকে নানা ধরণের বিরিয়ানি, ছবি: সংগৃহীত চট্টগ্রাম, কুলিয়ারচর ও মোহনগঞ্জ অঞ্চলের শুটকি মাছের নানা পদ উপকূলীয় ও নদীনির্ভর জীবনের স্বাদ বহন করে। উত্তর ও মধ্যাঞ্চলে বগুড়ার দই, টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, কুমিল্লার রসমালাই ও চমচম, মুক্তাগাছার মন্ডা এবং নেত্রকোনার বালিশমিষ্টি বাংলাদেশের মিষ্টিজাতীয় খাবারের ঐতিহ্যকে বিশ্বব্যাপী পরিচিত করেছে।
পানীয় ও চা-সংস্কৃতিতেও রয়েছে আঞ্চলিক স্বাতন্ত্র্য। শ্রীমঙ্গলের সাতরঙা চা পর্যটক ও খাদ্যপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণ হিসেবে বিবেচিত হয়। এছাড়া পায়েস, হালিম, বোরহানি, চটপটি ও ফুচকার মতো খাবার শহরের দৈনন্দিন খাদ্যসংস্কৃতিকে প্রাণবন্ত করে তুলেছে।
এসব শহরকেন্দ্রিক আঞ্চলিক খাবার শুধু খাবারের তালিকা নয়; এগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি ও মানুষের জীবনধারার প্রতিফলন। আধুনিক নগরজীবনের ব্যস্ততার মাঝেও এসব ঐতিহ্যবাহী খাবার মানুষের স্মৃতি, স্বাদ ও সাংস্কৃতিক পরিচয়কে জীবন্ত করে রেখেছে।
প্রতিটি প্রাণের আলাদা স্থানভিত্তিক খাদ্য পছন্দ
শুধু মানুষ নয়, প্রকৃতির প্রতিটি প্রাণীরই রয়েছে নিজস্ব খাদ্যাভ্যাস ও নির্দিষ্ট খাদ্য পছন্দ। এই পছন্দের ওপর ভিত্তি করেই তারা নির্দিষ্ট অঞ্চল বা পরিবেশে বসবাস করে। খাদ্যের সহজলভ্যতা কমে গেলে অনেক প্রাণীই স্থান পরিবর্তন করে অন্যত্র চলে যায়। ফলে প্রাণিজগতের চলাচল, আবাসস্থল এবং পরিবেশগত ভারসাম্য—সবকিছুই খাদ্যচাহিদার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।
উদাহরণ হিসেবে বলা যায়, হাতির প্রধান খাদ্য কলাগাছ, লতাপাতা, বাঁশের কচি অংশ ও বিভিন্ন ফলমূল। এসব প্রাকৃতিক খাদ্যের অভাব দেখা দিলে হাতি অনেক সময় কৃষিজমির দিকে চলে আসে, ফলে শুরু হয় মানুষ ও হাতির মধ্যে সংঘাত। আবার বাঘের প্রধান খাদ্য হরিণসহ বনের অন্যান্য প্রাণী হওয়ায় সে সাধারণত ঘন বনাঞ্চল, বিশেষ করে সুন্দরবনের মতো পরিবেশে বসবাস করে। একইভাবে মাছ, পাখি, ব্যাঙ, প্রজাপতি, মৌমাছি কিংবা গবাদিপশু—প্রতিটি প্রাণীরই আলাদা খাদ্যচাহিদা রয়েছে, যা নির্দিষ্ট অঞ্চলভিত্তিক বন, জলাভূমি, পাহাড় ও কৃষিজমিতে পাওয়া যায়।
কিন্তু বর্তমানে অনেক স্থানীয় ও প্রাকৃতিক খাদ্য উপাদান দ্রুত হারিয়ে যাচ্ছে। এর অন্যতম কারণ হলো বাণিজ্যিকভাবে প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাবারের প্রসার। পাশাপাশি অতিরিক্ত রাসায়নিক সার, কীটনাশক, আগাছানাশক এবং অন্যান্য ক্ষতিকর কৃষি উপাদানের ব্যবহার প্রাকৃতিক খাদ্যচক্র ও অচাষকৃত খাদ্যভান্ডারকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। ফলে বহু প্রজাতির উদ্ভিদ ও প্রাণিজ খাদ্য দিন দিন বিলুপ্তির পথে যাচ্ছে।
প্রাকৃতিক পরিবেশের এই অবক্ষয়ের ফলে খাদ্যবৈচিত্র্যও সংকুচিত হচ্ছে। অথচ মানুষ চাইলে তার নিজস্ব অঞ্চলে উৎপাদিত ও সহজলভ্য খাদ্য গ্রহণের মাধ্যমে সুস্থ ও টেকসই জীবনযাপন করতে পারে। নিজের পছন্দ অনুযায়ী স্থানীয়ভাবে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও ব্যবহারের সক্ষমতাকেই বলা হয় খাদ্যসার্বভৌমত্ব।
খাদ্যসার্বভৌমত্বের মূল ধারণা হলো—প্রান্তিক কৃষক ও স্থানীয় জনগণ তাদের নিজস্ব জ্ঞান, অভিজ্ঞতা ও প্রাকৃতিক প্রযুক্তি ব্যবহার করে নিজেদের প্রয়োজন অনুযায়ী কৃষিপণ্য উৎপাদন করবে এবং সেই খাদ্যের ওপর তাদের নিয়ন্ত্রণ বজায় থাকবে। এতে একদিকে যেমন খাদ্যনিরাপত্তা নিশ্চিত হয়, অন্যদিকে স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্যও টিকে থাকে।
লেখক: পরিবেশ কর্মী ও আঞ্চলিক সমন্বয়কারী ,বারসিক
মন্তব্য করুন

