তুমি আর নেই সে তুমি, হে ব্রাজিল !
চিররঞ্জন সরকার
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০২:২১ পিএম
এটা শুধু ব্রাজিলের হার নয়, একটা ফুটবল সাম্রাজ্যের পতনের নির্মম ঘোষণা। বিশ্বকাপের শেষ ষোলোয় নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেওয়া ব্রাজিলকে দেখে একবারের জন্যও মনে হয়নি তারা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। মনে হয়েছে, অতীতের গৌরবের ভার কাঁধে নিয়ে মাঠে নামা দিশেহারা এক দল।
যে ব্রাজিলের নাম শুনলেই একসময় প্রতিপক্ষের বুক কেঁপে উঠত, আজ সেই ব্রাজিলকে দেখে প্রতিপক্ষের চোখে ভয় নয়, আত্মবিশ্বাস দেখা যায়। মাঠে নেই সাম্বার ছন্দ, নেই জোগো বনিতোর জাদু, নেই সেই সৃজনশীলতা, নেই আক্রমণের বিষাক্ত ধার। আছে শুধু অসংখ্য অর্থহীন পাস, নিষ্প্রাণ ফুটবল আর হতাশার দীর্ঘশ্বাস।
প্রথমার্ধেই ম্যাচ নিজেদের করে নেওয়ার সুযোগ এসেছিল। কিন্তু ব্রুনো গিমারায়েসের পেনাল্টি ব্যর্থতা যেন পুরো দলের মেরুদণ্ডই ভেঙে দেয়। আর সেই সুযোগ লুফে নেয় নরওয়ে। মাঝমাঠে মার্টিন ওডেগার্ড যেন দাবার ছক এঁকে ব্রাজিলকে ঘুরিয়েছেন, আর সামনে আর্লিং হালান্ড দেখিয়ে দিয়েছেন একজন বিশ্বমানের স্ট্রাইকার সুযোগ পেলে কীভাবে ম্যাচ শেষ করে। দুটি গোল, শতভাগ আত্মবিশ্বাস, আর ব্রাজিলের রক্ষণকে বারবার অসহায় বানিয়ে একাই ম্যাচের গল্প লিখেছেন তিনি।
ভিনিসিয়ুস জুনিয়র লড়াই করার চেষ্টা করেছেন, কিন্তু একা কতক্ষণ? কাসেমিরো নিজের ছায়া হয়ে ছিলেন, আর পুরো দলটাই যেন দিকহারা। আলিসন কয়েকটি ভালো সেভ করেও শেষ রক্ষা করতে পারেননি। এই ব্রাজিলে তারকা আছে, কিন্তু দল নেই; নাম আছে, কিন্তু পরিচয় নেই; জার্সি আছে, কিন্তু সেই ব্রাজিল নেই।
নরওয়ে আজ শুধু একটি ম্যাচ জেতেনি, তারা প্রমাণ করেছে ফুটবলে ইতিহাস দিয়ে নয়, বর্তমানের পারফরম্যান্স দিয়ে জেতা যায়। আর ব্রাজিলকে আয়না দেখিয়ে দিয়েছে, শুধু পাঁচটি তারকা বুকে লাগিয়ে মাঠে নামলেই কেউ আর ভয় পায় না।
কঠিন হলেও সত্যি: আজকের ব্রাজিলকে দেখে আর বিশ্বচ্যাম্পিয়নের ছায়াও মনে হয় না। যদি এখনই নিজেদের বদলাতে না পারে, তবে ভবিষ্যতে এমন বিদায় আর অপমানই হবে তাদের নতুন পরিচয়।
মন্তব্য করুন

