Logo

৩০ আষাঢ় ১৪৩৩

×

Follow Us

ছবিঘর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী হেনস্তার প্রতিবাদ

Icon

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১১:৩৭ পিএম

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে যাওয়া দুটি অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক ঘটনার প্রতি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা গভীর নিন্দা ও উদ্বেগ প্রকাশ করছি।

প্রথম ঘটনায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক দম্পতি বিশ্বকাপ ফুটবল খেলা উপভোগ করার উদ্দেশ্যে শহীদুল্লাহ্ হলে গেলে তাদেরকে হল থেকে বের হয়ে যেতে বলা হয়। তারা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং বৈধভাবে ক্যাম্পাসে প্রবেশ করার পরও শুধুমাত্র একজন নারী উপস্থিত থাকার কারণে তাদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে হল থেকে বের করে দেওয়া হয়। দ্বিতীয় ঘটনায়, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী তার নারী সহপাঠীর সঙ্গে ক্যাম্পাসে অবস্থানকালে গোপনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। পরবর্তীতে তাদের উদ্দেশ্য করে বিদ্রূপ, অপমান ও অনলাইন হয়রানির পরিবেশ তৈরি করা হয়। উভয় ঘটনাই নারীর প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি, ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ এবং মব সংস্কৃতির উদ্বেগজনক বহিঃপ্রকাশ বলে আমাদের বিশ্বাস।

আমরা মনে করি, বিশ্ববিদ্যালয় একটি উন্মুক্ত জ্ঞানচর্চার স্থান, যেখানে নারী-পুরুষ নির্বিশেষে প্রত্যেকের সমান মর্যাদা, নিরাপত্তা এবং স্বাধীনভাবে চলাচল ও অংশগ্রহণের অধিকার রয়েছে। নারীর উপস্থিতি এবং অংশগ্রহণকে সীমাবদ্ধ করা কিংবা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল চেতনার পরিপন্থী। এ ধরনের কর্মকাণ্ড নারীর অধিকার ও সম্মানকে ক্ষুণ্ণ করার পাশাপাশি শিক্ষার পরিবেশকেও ভীতিকর করে তোলে।

আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টরিয়াল বডির প্রতি জোরালো আহ্বান জানাই—

১। উল্লিখিত দুই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

২। ক্যাম্পাসে নারী হয়রানি, অনলাইন হেনস্তা, গোপনে ভিডিও ধারণ এবং মব সংস্কৃতির বিরুদ্ধে সুস্পষ্ট নীতিমালা ও কার্যকর পদক্ষেপ নিশ্চিত করতে হবে।

৩। বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক ও আবাসিক পরিসরে এমন কোনো আচরণ বা সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না, যা নারীদের প্রতি বৈষম্য সৃষ্টি করে বা তাদের চলাচল ও অংশগ্রহণকে অযৌক্তিকভাবে সীমাবদ্ধ করে।

আমরা স্পষ্টভাবে বলতে চাই, বিশ্ববিদ্যালয় কারও ব্যক্তিগত মোরাল পুলিশিংয়ের জায়গা নয়। এটি মুক্তবুদ্ধি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সমতা এবং মানবিক মূল্যবোধ চর্চার স্থান। নারীর মর্যাদা, স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করে সকলের জন্য একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও বৈষম্যহীন ক্যাম্পাস নিশ্চিত করতে হবে।

পক্ষে, 

ঢাকা বিশ্ববিদ্যালয় নারী শিক্ষার্থীবৃন্দ।

ছবি: হেমা চাকমা

মন্তব্য করুন

Logo