Logo

১ অগ্রহায়ণ ১৪৩৩

×

Follow Us

সামাজিক বুনন: বাঁচা-মরার মধ্যে গড়ে দেয় ব্যবধান

আমেরিকার সেন্ট লুইসে পঞ্চাশের দশকে হয়েছিল প্রুইট-আইগো, বিশাল এক সরকারি আবাসন প্রকল্প, তখনকার আধুনিক স্থাপত্যের গর্ব। দুই দশক না যেতেই সেটা হয়ে ওঠে অপরাধ আর পরিত্যক্ততার প্রতীক।

মত-দ্বিমত

সামাজিক বুনন: বাঁচা-মরার মধ্যে গড়ে দেয় ব্যবধান

Icon

মোঃ আসাদুজ্জামান

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পিএম

কখনো কি ভেবেছেন- পুরনো শাড়ি বা লুঙ্গির মত নরম কাপড় দিয়ে বানানো একটা নকশিকাঁথা এত মজবুত হয় কীভাবে? একটা কাপড় একা বেশ পাতলা, ছিঁড়ে যায়। কিন্তু অনেক স্তর একসাথে সেলাই করলে, প্রতিটা ফোঁড় একটা অন্যটাকে ধরে রাখে। একটা-দুইটা সুতো ছিঁড়লেও কাঁথা ছেঁড়ে না। সমাজবিজ্ঞানীরা একই "সোশ্যাল ফ্যাব্রিক" বা সামাজিক বুনন বলেন।

একটা সমাজ আসলে অদৃশ্য অনেক সুতোয় সেলাই করা। দোকানি জানেন- কোন বাসার কর্তা বাকিতে নিলে সেই টাকা শোধ করবেন। প্রতিবেশী জানেন কোন বাড়ির বৃদ্ধা একা থাকেন, দুদিন দেখা না গেলে খোঁজ নিতে হবে। মসজিদের ইমাম, পাড়ার ক্লাবের ছেলেরা, স্কুলের শিক্ষক, মোড়ের রিকশাওয়ালা, সবাই একেকটা ফোঁড়।

এই সম্পর্কগুলোর বেশিরভাগই খুব একটা গভীর নয়। আমরা অনেক দোকানির বাড়ি চিনি না, রিকশাচালকের নাম জানি না। কিন্তু ১৯৭৩ সালে সমাজবিজ্ঞানী মার্ক গ্রানোভেটার দেখিয়েছিলেন, এই হালকা জানাশোনাগুলোরই আছে আশ্চর্য এক শক্তি! ঘনিষ্ঠ বন্ধুরা সাধারণত আমাদের মতোই, একই খবর জানে। নতুন কাজের খবর, নতুন সুযোগ, বিপদের সংকেত আসে প্রায়ই সেইসব মানুষের কাছ থেকে, যাদের আমরা শুধু অল্প একটু চিনি। তিনি এর নাম দিয়েছিলেন "strength of weak ties"। একটা সম্পর্ক বা একটা ফোঁড় একা প্রায় কিছুই না। হাজারটা একসাথে হলে, সেটাই কাঁথা। শক্তিশালী।

এই বুনন থাকা আর না থাকার পার্থক্য কতটা, সেটা সবচেয়ে নির্মমভাবে দেখিয়েছেন সমাজবিজ্ঞানী এরিক ক্লিনেনবার্গ। ১৯৯৫ সালের জুলাইয়ে শিকাগোতে এক সপ্তাহের তাপপ্রবাহে সাতশোর বেশি মানুষ মারা যান, বেশিরভাগ বয়স্ক, একা থাকা মানুষ। ক্লিনেনবার্গ পাশাপাশি দুটো এলাকা খেয়াল করলেন: নর্থ লনডেল আর লিটল ভিলেজ। দুটোই দরিদ্র, দুটোতেই অনেক বয়স্ক মানুষ একা থাকেন, আবহাওয়া হুবহু এক। অথচ নর্থ লনডেলে মৃত্যুর হার ছিল প্রায় দশ গুণ বেশি!

কারণ খুঁজতে গিয়ে তিনি দেখলেন, লিটল ভিলেজের রাস্তায় দোকান খোলা ছিল, ফুটপাথে মানুষ ছিল, প্রতিবেশীরা একে অপরের দরজায় টোকা দিচ্ছিলো। নর্থ লনডেলের রাস্তা ছিল ফাঁকা, দোকানপাট বন্ধ, খালি প্লট। অপরাধের ভয়ে বয়স্ক মানুষেরা জানালা আটকে ঘরে বসে ছিলেন, আর সেই বন্ধ ঘরেই একা একা মারা গেছেন। অনেকের লাশ পাওয়া গিয়েছে কয়েক দিন পর, দুর্গন্ধ বের হওয়ার পর। কয়েক ডজন লাশ নিতে কেউ আসেনি; শহর তাঁদের জায়গা দিয়েছিল গণকবরে। তাপমাত্রা একই ছিল। পার্থক্য ছিল বুননে।

আমাদের দেশেও আমরা এটা দেখেছি। ২০১৩ সালে সাভারে রানা প্লাজা ধসে পড়ার পর প্রথম যাঁরা ধ্বংসস্তূপে ঢুকেছিলেন, তাঁরা উদ্ধারকর্মী নন। আশপাশের দোকানি, শ্রমিক, পথচারী। খালি হাতে, হাতুড়ি-শাবল নিয়ে। দুর্যোগ নিয়ে গবেষণা করা ড্যানিয়েল অলড্রিচ জাপান থেকে ভারত পর্যন্ত বিভিন্ন দুর্যোগ ঘেঁটে এই সিদ্ধান্তে পৌঁছেছেন- বিপদের পর কোন এলাকা আগে ঘুরে দাঁড়াবে, সেটা টাকা বা ক্ষতির পরিমাণের চেয়ে বেশি নিধারন করে মানুষে মানুষে সম্পর্ক। সংকটে প্রথম সাড়া দেয়া বন্ধুটা রাষ্ট্র না। প্রতিবেশী। অথচ আমাদের নগর পরিকল্পনা এই বুননটা প্রায় দেখতেই পায় না, কারণ এটা মানচিত্রে আঁকা যায় না। আমরা দেখি ভবন, রাস্তা, জমির ব্যবহার। আর তাই না বুঝেই আমরা কাঁথাটা কাঁচি দিয়ে কেটে ফেলি।

আমার মনে হয়, আমাদের এখানে সবচেয়ে বড় কাঁচিটার নাম উচ্ছেদ। একটা বস্তি ভেঙে তার বাসিন্দাদের ফ্ল্যাট, প্লট বা ক্ষতিপূরণের মতো নানা প্রণোদনা দেওয়া হয়। কাগজে কলমে এটা উন্নয়ন। টিনের ঘরের বদলে পাকা দালান। কিন্তু বস্তিতে মানুষ শুধু থাকত না, একটা বুননের মধ্যে থাকত। কেউ কাজে গেলে তাঁর বাচ্চা দেখে রাখতেন আরেকজন। একই জেলা থেকে আসা মানুষেরা একে অপরকে কাজ খুঁজে দিতেন। মুদি দোকানি বাকি দিতেন, কারণ তিনি গ্রহীতাকে চিনতেন। নতুন ফ্ল্যাটে মানুষ পাকা ঘর হয়তো পায়, কিন্তু সব সুতো হারায়। পৃথিবীর অনেক জায়গায় দেখা গেছে, এমন পুনর্বাসনের পর মানুষ ফ্ল্যাট ভাড়া দিয়ে/বিক্রি করে আবার ফিরে আসে অন্য কোনো বস্তিতে। আমরা বলি, এরা উন্নয়ন বোঝে না। সম্ভবতঃ ওরা আমাদের চেয়ে ভালো বোঝে। ঘরের চেয়ে বুনন বেশি দামি।

এই হারানোর ব্যথা কতটা গভীর, তার সবচেয়ে মর্মস্পর্শী দলিল আছে আমেরিকার বোস্টনে। পঞ্চাশের দশকের শেষে ওয়েস্ট এন্ড নামের এক ঘিঞ্জি শ্রমজীবী পাড়াকে "বস্তি" ঘোষণা করে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। মনোবিজ্ঞানী মার্ক ফ্রিড পরে উচ্ছেদ হওয়া বাসিন্দাদের সাথে কথা বলেন। অনেকের প্রতিক্রিয়া ছিল ঠিক প্রিয়জন মারা যাওয়ার মতো: বিষণ্ণতা, শূন্যতা, শরীর খারাপ। কারও কারও সেই শোক কাটেনি বছর দুয়েক পরেও। তাঁরা তো শুধু ঘর হারাননি, হারিয়েছিলেন নিজের পুরো জগৎ।

মনোচিকিৎসক মিন্ডি ফুলিলাভ এর নাম দিয়েছেন "রুট শক", শিকড় উপড়ানোর আঘাত। একটা বড় গাছ তুলে অন্য মাটিতে লাগালে, মাটি যত ভালোই হোক, গাছটা অনেক সময় বাঁচে না।
আমেরিকার সেন্ট লুইসে পঞ্চাশের দশকে হয়েছিল প্রুইট-আইগো, বিশাল এক সরকারি আবাসন প্রকল্প, তখনকার আধুনিক স্থাপত্যের গর্ব। দুই দশক না যেতেই সেটা হয়ে উঠল অপরাধ আর পরিত্যক্ততার প্রতীক। ১৯৭২ সালে টেলিভিশনের সামনে ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হলো প্রথম ভবনটা। স্থপতি চার্লস জেংক্স পরে লিখেছিলেন, সেই বিস্ফোরণেই আধুনিক স্থাপত্যের মৃত্যু হলো! প্রকল্পটার ব্যর্থতার কারণ নিয়ে আজও বিতর্ক আছে- অর্থাভাব, রক্ষণাবেক্ষণের অভাব, বর্ণবৈষম্য, নকশার ত্রুটি। কিন্তু একটা শিক্ষা পরিষ্কার- মানুষকে ভবনে তুলে দিলেই সমাজ তৈরি হয় না। ভবনগুলো তৈরি করা গিয়েছিলো, কিন্তু সেখানে বুননটা ছিল না। 

আমরা পরিকল্পনাবিদরা বুনন তৈরি করতে পারি না; সেটা মানুষ নিজেরাই করে, বছরের পর বছর বা যুগের পর যুগ ধরে। কিন্তু আমরা দুটো কাজ করতে পারি।
এক, বুনন না ছেঁড়া। কোনো এলাকায় হাত দেওয়ার আগে জানা, সেখানে কে কার ওপর নির্ভর করে; কোন দোকান, কোন মাঠ, কোন চায়ের টং কাকে কার সাথে জুড়ে রেখেছে। পুনর্বাসন যদি করতেই হয়, মানুষকে ছড়িয়ে না দিয়ে একসাথে সরানো, যতটা সম্ভব কাছে। শিকড়সহ মাটির দলাটা নিয়ে সরানো।

দুই, বুননের জন্য জায়গা রাখা। ক্লিনেনবার্গ এর নাম দিয়েছেন "সামাজিক অবকাঠামো"। পাঠাগার, মাঠ, বাজার, কমিউনিটি সেন্টার, এমনকি একটা চওড়া ফুটপাথ। পাঠাগারকে তিনি বলেছেন "জনগণের প্রাসাদ"। এগুলোই সেই সুই, যা দিয়ে মানুষ নিজেরাই ফোঁড় দেয়।

আমরা পরিকল্পনায় সবকিছুই মাপার চেষ্টা করি। জমির পরিমাণ, রাস্তার প্রস্থ, ভবনের উচ্চতা, জনঘনত্ব। শুধু একটা জিনিস মাপতে পারিনা (কারণ সেটা মাপা যায় না)- মানুষে মানুষে সম্পর্ক। আর যা মাপা যায় না, পরিকল্পনার টেবিলে তার দাম খুব একটা ওঠে না।

অথচ, শিকাগোর সেই জুলাইয়ে, সাভারের সেই সকালে, বাঁচা আর মরার মাঝখানের ব্যবধানটা অনেকখানি গড়ে দিয়েছিল ওই না-মাপা জিনিসটাই!

মন্তব্য করুন

Logo