ছবিঃ অনলাইন থেকে সংগৃহীত
মোঃ আশরাফুল আহসান
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পিএম
বাঙালির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং অর্থনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যে বিশাল জলরাশি, তার নাম বঙ্গোপসাগর। বৈশ্বিক উষ্ণায়নের ফলে বঙ্গোপসাগরের পানির তাপমাত্রা আশঙ্কাজনক হারে বাড়ছে। সমুদ্রের এই উষ্ণতা বৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে আবহাওয়ার ওপর। সাম্প্রতিক বছরগুলোতে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ও নিম্নচাপের প্রবণতা এবং তীব্রতা বহুগুণ বেড়ে গেছে। আম্ফান, ইয়াস, মোখা কিংবা রিমালের মতো প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়গুলো উপকূলীয় জনপদকে বারবার তছনছ করে দিচ্ছে।
চিন্তার বিষয় হচ্ছে, সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, এতে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের অস্তিত্ব সংকটে পড়ছে । পৃথিবীর বৃহত্তম এই উপসাগরটি কেবল মানচিত্রের একটি নীল রেখা নয়; এটি কোটি কোটি মানুষের জীবিকার উৎস, প্রাকৃতিক ঢাল এবং অসীম সম্ভাবনার আধার। অথচ পরিতাপের বিষয় হলো, জলবায়ু পরিবর্তন এবং ক্রমবর্ধমান দূষণের বিষবাষ্পে ক্রমেই রুগ্ন ও বিপন্ন হয়ে পড়ছে আমাদের প্রাণের এই সাগর, সেই চিরচেনা নীল সমুদ্র ।
বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলের শিল্পকারখানার অপরিশোধিত রাসায়নিক বর্জ্য,জাহাজভাঙা শিল্পের নির্গত তেল ও বিষাক্ত ধাতু এবং সমুদ্রগামী জাহাজের বর্জ্য সরাসরি মিশছে সাগরের পানিতে। সাথে যুক্ত হয়েছে নদীপথে ভেসে আসা লাখ লাখ টন প্লাস্টিক ও পলিথিন। সমুদ্রতলের এই প্লাস্টিক বর্জ্য সামুদ্রিক প্রাণ ও প্রকৃতির জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে ও সামুদ্রিক বাস্তুসংস্থানকে তিলে তিলে ধ্বংস করছে।
প্রথম আলোর তথ্য অনুযায়ী, কোরিয়া রিসার্চ ইনস্টিটিউট অব বায়োসায়েন্স অ্যান্ড বায়োটেকনোলজির একদল বিজ্ঞানী সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার মিটার গভীরে বসবাসকারী শামুক ও ঝিনুকের শরীরে মাইক্রোপ্লাস্টিক বা প্লাস্টিকের অতি ক্ষুদ্র কণার অস্তিত্ব খুঁজে পেয়েছেন। মাছ ও অন্যান্য জলজ প্রাণীর পেটে ঢুকছে মাইক্রোপ্লাস্টিক, যা খাদ্যচক্রের মাধ্যমে ফিরে আসছে মানুষের শরীরেই।
ছবিঃ অনলাইন থেকে সংগৃহীত আমরা যে সম্ভাবনাময় সুনীল অর্থনীতির স্বপ্ন দেখছি, তার সফল বাস্তবায়নের পূর্বশর্ত হলো একটি দূষণমুক্ত ও প্রাণবন্ত সমুদ্র। সুনীল অর্থনীতি বা Blue Economy হলো এমন একটি ধারণা যা সমুদ্র এবং সামুদ্রিক সম্পদ ব্যবহার করে টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে। এই অর্থনীতি টেকসই পদ্ধতিতে সমুদ্রসম্পদ ব্যবহার করে বিভিন্ন খাত যেমন মৎস্য, পর্যটন, জাহাজ নির্মাণ, বন্দর ও পরিবহন এবং নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে বিশাল সম্ভাবনা নিয়ে এসেছে।
বাংলাদেশের সমুদ্রসীমায় রয়েছে প্রচুর পরিমাণ মৎস্য, খনিজ, তেল ও গ্যাস। সঠিকভাবে এই সম্পদ ব্যবহার করা হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে এবং বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধি পাবে। এ খাতের সম্ভাবনা কাজে লাগাতে সরকার, বেসরকারি খাত এবং আন্তর্জাতিক অংশীদারদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সাগরের সুরক্ষা নিশ্চিত করা কেবল একটি প্রাকৃতিক জলরাশি রক্ষা করা নয়, বরং আমাদের নিজস্ব অস্তিত্ব এবং আগামী প্রজন্মের নিরাপদ ভবিষ্যৎ বিনির্মাণের শামিল।
মন্তব্য করুন

