ছবিঃ অনলাইন থেকে সংগৃহীত
ইজরায়েলে নির্বাচন এবং সর্বশেষ অবস্থা
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পিএম
৯০%-এর বেশি ভোট গণনার পর নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী ও ধর্মীয় দলগুলো মিলে ৫৩ আসনে এগিয়ে রয়েছে। গাদি আইজেনকটের দল 'ইাশার!' এবং অন্যান্য বিরোধী দলগুলো সম্মিলিতভাবে ৪৮টি আসন পাচ্ছে। দুই আরব দল জয়েন্ট লিস্ট এবং রা'আম মিলে রেকর্ড ১৯টি আসন অর্জন করতে চলেছে। এখন বাকি আছে পোস্টাল ভোট, যার বেশিরভাগই আর্মি সদস্যদের। আর্মিতে নেতানিয়াহুর সমর্থন বেশি। তাই পোস্টাল ভোট কাউন্টের পর আসন বাড়লে নেতানিয়াহুর পক্ষেরই বাড়বে। তবে এরপরও কোনো জোটের আসন সংখ্যা ৬১ ছুঁবে বলে মনে হয় না।
কোনো জোটই সরাসরি ৬১ আসনে পৌঁছতে না পারায় এক ধরণের রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। এ অবস্থায় দুটি সম্ভাবনা আছে- এক. কেয়ারটেকার সরকারের যেহেতু যুদ্ধ ঘোষণা ও পরিচালনার এখতিয়ার আছে, নেতানিয়াহু নিজেকে ক্ষমতায় পাকাপোক্ত করতে সে পথে যেতে পারেন; দুই. নতুন করে আবার নির্বাচন হতে পারে।
নতুন করে নির্বাচন হবার সম্ভাবনা ক্ষীণ। কারণ যুক্তরাষ্ট্র আরেক দফা নির্বাচন চায় না। চ্যানেল থার্টিনের খবরে বলা হয়েছে - ওয়াশিংটন থেকে এ মর্মে জরুরি মেসেজ পৌঁছেছে যে যুক্তরাষ্ট্র চায় এই নির্বাচনের ফলাফলের ভিত্তিতে সরকার গঠনের কাজটা সম্পন্ন হোক। এমনিতেই যুদ্ধাবস্থা চলছে এবং শীঘ্রই আবার যুদ্ধ শুরু হতে পারে, এমতাবস্থায় নতুন করে নির্বাচন আয়োজনের সময় ও সুযোগ নেই বলে মনে করছে যুক্তরাষ্ট্র।
এই নির্বাচনের ফলাফলের ভিত্তিতে সরকার গঠন প্রক্রিয়া সম্পন্ন হোক, ইজরায়েলের কিছু নাগরিকেরও এমনটাই চাওয়া। গত রাতে ইজরায়েলি নাগরিকরা আরব-ইজরায়েলি অংশীদারিত্বভিত্তিক সরকার গঠনের দাবিতে জেরুজালেমে মিছিল করেছে। নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে এবং এক ডানপন্থী উগ্র রাজনৈতিক মেরুকরণ বন্ধ করতে বামপন্থী ও প্রগতিশীল ইজরায়েলি এবং আরব নাগরিকরা একটি অন্তর্ভুক্তিমূলক বা বিকল্প সরকারের সমর্থনে এই মিছিল করেন।
আরব দলগুলো জানিয়েছে যে তারা নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে সাহায্য করতে প্রস্তুত, তবে বিরোধী দলীয় নেতা গাদি আইজেনকট এখনো তাদের এই প্রস্তাব গ্রহণ করেননি। ওয়াইনেট-এর তথ্য অনুযায়ী, জয়েন্ট লিস্ট জোট বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, "নেতানিয়াহুর শাসনের অবসান ঘটাতে 'জয়েন্ট লিস্ট' নিজেদের সাধ্যের সবকিছু করবে।" একইসাথে তারা যোগ করে যে, "একটি বিকল্প সরকার গঠনে রাজনৈতিক সহযোগিতার জন্য তারা প্রস্তুত।" জয়েন্ট লিস্ট চেয়ারম্যান ইউসেফ জাবারিন বলেছেন, তাদের প্রথম পদক্ষেপ হলো "নেতানিয়াহু এবং নেসেট (পার্লামেন্ট) স্পিকারকে সরানো।" জয়েন্ট লিস্ট এমপি আহমাদ তায়াবী বলেছেন, কোনো মন্ত্রী পদ না নিয়ে তাদের দল বাইরে থেকে নতুন সরকারকে সমর্থন দেবে। এর বিনিময়ে তারা চান আরব অঞ্চলগুলোতে অপরাধ দমনে কঠোর পদক্ষেপ এবং বেদুইন গ্রামগুলোতে বাড়িঘর উচ্ছেদ বন্ধ করা হোক। তিবি আরও বলেন, আইজেনকট এবং তার সহযোগীদের এখন "সাহসিকতা দেখাতে হবে।" অন্যদিকে আরেকটি আরব দল রা'আম-এর চেয়ারম্যান মনসুর আব্বাস এবার রেকর্ড সংখ্যক আরব ভোটারের ভোটদানের বিষয়টিকে উগ্র-ডানপন্থী মন্ত্রী ইতামার বেন-জিভির এবং বেজালেল স্মটরিচের কর্মকাণ্ডের প্রতিক্রিয়া হিসেবে দেখছেন।
আরবদের তরফ থেকে সহযোগিতা ও সমর্থনের ইচ্ছা থাকলেই তো হবে না। অন্যপক্ষেরও আগ্রহ থাকতে হবে সহযোগিতা নেওয়ার। সেটা এখনও দেখা যায়নি।
জয়েন্ট লিস্টের আহমাদ তায়াবী জানিয়েছেন, আইজেনকট এখনো তাদের সাথে কোনো যোগাযোগ করেননি। আর আইজেনকট বারবার বলে আসছেন যে তার অগ্রাধিকার হলো "সামরিক বাহিনীতে যোগদানে প্রতিশ্রুতিবদ্ধ একটি সংহত জায়নিস্ট সরকার গঠন।
আরবদের সমর্থন নিতে গাদি আইসেনকট আগ্রহী হবে না, এটাই স্বাভাবিক। প্রথমত, তার নেতৃত্বাধীন জোট ঘোষিত অর্থেই একটি 'জায়নিস্ট' জোট। একটি শক্তিশালী জায়নিস্ট সরকার গঠন করাই তার উদ্দেশ্য, একথা তিনি আগে থেকেই বলে এসেছেন। ইজরায়েলের জনমতও আরবদের বিষয়ে যথেষ্ট বৈরী। ইজরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের নির্বাচন-পূর্ব জরিপে দেখা গেছে, তিন- চতুর্থাংশ ইহুদি ইজরায়েলি পরবর্তী সরকারে জয়েন্ট লিস্টকে দেখতে চান না—এমনকি সরকারের বাইরে থেকে দেওয়া তাদের সমর্থনকেও তারা মেনে নিতে রাজি নন।
এই হচ্ছে ইজরায়েল এবং এটাই সর্বশেষ অবস্থা।
মন্তব্য করুন

