Logo

৯ অগ্রহায়ণ ১৪৩৩

×

Follow Us

লড়াকু সৈনিক থেকে লড়াইয়ের অধিনায়ক

ছবিঃ লুলা দা সিলভা (অনলাইন থেকে সংগৃহীত)

মত-দ্বিমত

লুলা দা সিলভা

লড়াকু সৈনিক থেকে লড়াইয়ের অধিনায়ক

সাঈদ হাসান

সাঈদ হাসান

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পিএম

মাটির শেকড় থেকে উঠে আসা এক মানুষের জীবন কতটা নাটকীয়, কালারফুল এবং রোমাঞ্চকর হতে পারে—তার সবচেয়ে বড় জীবন্ত উদাহরণ ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। কারখানার লেদ (ল্যাথ) মেশিন থেকে উঠে আসা এই মানুষটি কেবল ব্রাজিলের ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী নেতাই নন, তিনি একাধারে কোটি কোটি শোষিত মানুষের বিপ্লব ও ঘুরে দাঁড়ানোর প্রতীক।
 
১৯৪৫ সালের ২৭ অক্টোবর ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলের অত্যন্ত খরাপ্রবণ ও দরিদ্র এলাকা পেরনামবুকোর এক জীর্ণ কুঁড়েঘরে জন্ম লুলার। তিনি তার মা দোর্তা লিন্ডুর আট নম্বর সন্তান। জন্মের আগেই বাবা কাজের সন্ধানে দক্ষিণাঞ্চলের সান্তোস বন্দরে চলে যান। চরম দারিদ্র্যের কারণে ছোটবেলায় ১০ বছর বয়স পর্যন্ত অক্ষরজ্ঞান বলতে কিছুই ছিল না। পরিবারের মুখে খাবার তুলে দিতে মাত্র ১২ বছর বয়স থেকেই রাস্তায় জুতো পালিশ করা, চিনাবাদাম ও ফল বিক্রি করা শুরু করেন।
 
পেটের দায়ে অল্প বয়সেই এস এ বার্নার্ডোর এক কারখানায় মেটালওয়ার্কার বা ল্যাথ অপারেটর হিসেবে কাজ শুরু করেন লুলা। ১৯৬৪ সালে ১৯ বছর বয়সে এক মর্মান্তিক শিল্প দুর্ঘটনায় মেশিনের ভেতর তার বাম হাতের কনিষ্ঠ আঙুল থেঁতলে যাওয়ায় কেটে ফেলতে হয়। সে এক বিভীষিকামিকা সময়—আঙুল হারানোর পর রক্তাক্ত লুলাকে নিয়ে সহকর্মীরা হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরেছেন চিকিৎসকদের দ্বারে দ্বারে, কিন্তু গরিব বলে কেউ সহজে চিকিৎসাসেবা দিতে চায়নি। এই নিষ্ঠুর অবহেলা এবং বিরাজমান ব্যবস্থার নির্মমতা লুলার ভেতরকার আগুন জ্বালিয়ে দেয়। শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের সেটাই ছিল প্রথম স্ফুলিংগ।
 
১৯৬৯ সালে মারিয়া দে লর্ডেস রিবেইরোকে ভালোবেসে বিয়ে করেছিলেন লুলা। কিন্তু সুখ তার কপালে সয়নি। ১৯৭১ সালে গর্ভাবস্থায় হেপাটাইটাসে আক্রান্ত হয়ে  মারা যান তার স্ত্রী এবং গর্ভের অনাগত সন্তানও বাঁচেনি। ব্যক্তিগত জীবনের এই ট্র্যাজেডি যখন তাকে গ্রাস করছে, তখন পুরো ব্রাজিল কাঁপছে সামরিক স্বৈরাচারী ডিক্টেটরশিপের বুটের তলায়। গরিবের জন্য চিকিৎসাসেবা বলতে কিছুই ছিল না সেদিনের ব্রাজিলে।
 
সত্তরের দশকে শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে চলে আসেন লুলা। স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে শ্রমিকদের নিয়ে একের পর এক ঐতিহাসিক ধর্মঘট ডাকেন। ফলস্বরূপ, ১৯৮০ সালে সামরিক সরকারের গোপন পুলিশ তাকে কারাবন্দী করে। বিনা চিকিৎসায় স্ত্রীর মৃত্যুর শোক আর স্বৈরাচারের কারাগার—ব্যক্তিগত ট্র্যাজেডি আর বিদ্যমান সামাজিক রাষ্ট্রীয় বঞ্চনা লুলাকে পরিণত করে এক অপ্রতিরোধ্য বিপ্লবী নেতায়। লুলার নেতৃত্বে শ্রমিক সংগঠনগুলোর অব্যাহত আন্দোলনের মুখে একপর্যায়ে সামরিক স্বৈরশাসকের টিকে থাকা অসম্ভব হয়ে ওঠে। স্বৈরাচারের পতন ঘটানোর পর ১৯৮০ সালে লুলা প্রতিষ্ঠা করেন ঐতিহাসিক ওয়ার্কার্স পার্টি। ব্রাজিলের সাধারণ মেহনতি মানুষের কণ্ঠস্বর হয়ে তিনি প্রেসিডেন্ট পদে লড়েন ১৯৮৯, ১৯৯৪ এবং ১৯৯৮ সালে—কিন্তু টানা তিনবার ব্যর্থ হন।
তবুও তিনি থামেননি। ২০০২ সালের নির্বাচনে অবশেষে জয় ছিনিয়ে নেন এবং ব্রাজিলের প্রথম ওয়ার্কার্স ক্লাস বা শ্রমিক শ্রেণির প্রেসিডেন্ট হিসেবে মসনদে বসেন। তার ‘বোলসা ফামিলিয়া’ এবং ‘ফোমে জেরো’ (জিরো হাঙ্গার) নামক যুগান্তকারী সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো কোটি কোটি মানুষকে চরম দারিদ্র্য থেকে আলোর পথে টেনে তোলে। ​বোলসা ফামিলিয়া বিশ্বের অন্যতম বড় নগদ হস্তান্তরের সামাজিক সুরক্ষা কর্মসূচি। এর মাধ্যমে দরিদ্র পরিবারগুলোকে নিয়মিত আর্থিক সহায়তা দেওয়া হয়, যার শর্ত হলো সন্তানদের নিয়মিত স্কুলে পাঠানো এবং পরিবারের সবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো। এর পাশাপাশি ফোমে জেরো বা জিরো হাঙ্গার কর্মসূচির আওতায় ক্ষুধার বিরুদ্ধে  অভিযানের ফলে মাত্র কয়েক বছরের ব্যবধানে ব্রাজিলের কোটি কোটি মানুষ চরম দারিদ্র্য ও অপুষ্টির কবল থেকে মুক্ত হয়। লুলার প্রথম দুই মেয়াদে প্রায় ৩ কোটি মানুষ চরম দারিদ্র্য থেকে মধ্যবিত্তের কাতারে উঠে আসে। হাঙ্গার ম্যাপ থেকে ব্রাজিল চিরতরে মুছে যাওয়ার উপক্রম হয়। টানা দুই টার্ম শাসন শেষে ২০১০ সালে যখন ক্ষমতা ছাড়েন, তখন বিশ্বমঞ্চে তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী (প্রায় ৮৭% অ্যাপ্রুভাল রেটিং)। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও তাকে অভিহিত করেছিলেন— "Earth's most popular politician" বলে!
 
লুলার জীবন সিনেমার গল্পকেও হার মানায়। ক্ষমতার সোনালী অধ্যায় শেষ হওয়ার পর ২০১৭ সালে রাজনৈতিক ষড়যন্ত্র ও দুর্নীতির ভুয়া অভিযোগে (অপারেশন কার ওয়াশ কেলেঙ্কারি) তাকে জড়িয়ে ফেলা হয়। ফলশ্রুতিতে ২০১৮ সালে তাকে ৫৮০ দিন নির্জন কারাগারে কাটাতে হয়। যে মানুষটি একসময় দেশ চালিয়েছেন, তাকে থাকতে হয়েছিল ছোট একটি প্রকোষ্ঠে। শুধু কি তাই? কারাগারের বাইরে আসার আগে ও পরে তার জীবনে আসে আরও এক ভয়াবহ ধাক্কা—তিনি আক্রান্ত হন গলার ক্যান্সারে (Laryngeal cancer) । দীর্ঘদিন লড়াই করে একে একে দুটি মারণাত্মক ক্যান্সারকে পরাজিত করে মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন এই লৌহমানব। পরবর্তীতে ২০২১ সালে ব্রাজিলের সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে আনীত সমস্ত রায় বাতিল করে তাকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করেন।
 
জেল থেকে ছাড়া পাওয়ার পরই যেন নতুন লুলার জন্ম হলো। ২০২২ সালের নির্বাচনে ডানপন্থী বোলসেনারো সরকারের বিরুদ্ধে শূন্য থেকে উল্কার মতো এসে অবিশ্বাস্য জয় তুলে নেন লুলা। আর ২০২৬ সালের নির্বাচনেও দুর্দান্ত জয় তুলে নিয়ে তিনি অর্জন করেছেন তার রাজনৈতিক জীবনের চতুর্থ প্রেসিডেন্ট টার্ম!
 
আজ ৮০ বছর বয়সেও লুলার চোখের সেই আগুন ও তেজোদীপ্ত কণ্ঠস্বর একটুও ম্লান হয়নি। তিনি প্রমাণ করেছেন—মাটির মানুষ যদি জেদ ধরে, তবে জেলখানা, ক্যান্সার কিংবা বন্দুকের নলও তার পথ রোধ করতে পারে না।
 
লুলার এবারের জয় সাধারণ ভোটে বিজয় শুধু না; এটা হলো গ্লোবাল অলিগার্ক ক্লাস, পুঁজিবাদী ব্যবস্থা, করপোরেট জায়ান্ট ও প্রভাবশালী লবিগুলোর বিরুদ্ধে লুলার একার লড়াই। নির্বাচনী প্রচারণার শেষ দুই সপ্তাহে জাকারবার্গের মেটা (ফেসবুক, ইনস্টাগ্রাম) এবং ইলন মাস্কের এক্স প্ল্যাটফর্মের অ্যালগরিদম ও নীতিনির্ধারকরা লুলার বিরুদ্ধে নানামুখী প্রোপাগান্ডার পাশাপাশি তার প্রতিদ্বন্দ্বী ইউএস-ইজরায়েল সাপোর্টেড  শক্তির পক্ষে কাজ করেছে। মতপ্রকাশের স্বাধীনতার আড়ালে লুলার পলিটিকাস প্ল্যাটফর্মকে কোণঠাসা করতে টেক জায়ান্টগুলোর নীরব ও সোচ্চার ভূমিকা ছিল দৃশ্যমান। তারা সেটা স্বীকারও করেছে। লুলার স্বাধীন ও ফিলিস্তিনপন্থী বৈদেশিক নীতি এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে যুক্তরাষ্ট্রের শক্তিশালী রাজনৈতিক লবি এবং ইজরাইলি লবি তার বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগ করেছিল। কিন্তু কোটি কোটি খেটে খাওয়া মানুষের ভালোবাসা সেই করপোরেট প্রাচীর গুঁড়িয়ে দেয়।
ছবিঃ অনলাইন থেকে সংগৃহীত 
 
লুলার এই দুর্দান্ত জয় কেবল ব্রাজিলের আশাই বাঁচায়নি, বরং সারা পৃথিবীর অস্তিত্বের জন্য আশার আলো নিয়ে এসেছে। এর আগের ডানপন্থী সরকারগুলো অ্যামাজন রেইনফরেস্ট ধ্বংসের মহোৎসব চালালেও লুলা ক্ষমতায় এসেই বনভূমি উজাড় রোধে কঠোর আইন ও জিরো ডিফোরেস্টেশন পলিসি বাস্তবায়ন শুরু করেন। এবারও লুলার বিজয় প্রমাণ করেছে যে পুঁজিবাদী শোষক ও অলিগার্কদের পেছনে ফেলে পরিবেশ রক্ষা এবং অর্থনৈতিক সুষম উন্নয়ন একসঙ্গে সম্ভব এবং মানুষ তা বিশ্বাস করে। পৃথিবীর ফুসফুস অ্যামাজনকে  বাঁচিয়ে রাখার লড়াকু সৈনিক লুলা দা সিলভা আমাদের ও পরবর্তী প্রজন্মের আবাসভূমি রক্ষার ঐতিহাসিক লড়াইয়েরও অধিনায়ক। ও কাপিতাও।

মন্তব্য করুন

Logo