Logo

৩ শ্রাবণ ১৪৩৩

×

Follow Us

জুরাসিক পার্কখ্যাত কিংবদন্তি অভিনেতা স্যার স্যাম নিল আর নেই

জুরাসিক পার্ক সিরিজে ড. অ্যালান গ্রান্ট চরিত্রে স্যার স্যাম নিলের অভিনয় বিশ্বজুড়ে দর্শকদের কাছে তাকে স্থায়ীভাবে স্মরণীয় করে রেখেছে

খোঁজ-খবর

জুরাসিক পার্কখ্যাত কিংবদন্তি অভিনেতা স্যার স্যাম নিল আর নেই

Icon

কাভার স্টোরি ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৮:৩৬ পিএম

জুরাসিক পার্কখ্যাত নিউজিল্যান্ডের কিংবদন্তি অভিনেতা স্যার স্যাম নিল আর নেই। ৭৮ বছর বয়সে সোমবার (১৩ জুলাই) অস্ট্রেলিয়ার সিডনিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর চিকিৎসকদের কাছ থেকে ক্যান্সারমুক্ত হওয়ার সুখবর পেলেও শেষ পর্যন্ত নিউমোনিয়ার জটিলতায় তার মৃত্যু হয়।
স্যাম নিলের মৃত্যুতে শুধু চলচ্চিত্র অঙ্গনই নয়, মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচারের পক্ষে কাজ করা বিভিন্ন মহলেও শোকের ছায়া নেমে এসেছে। অভিনয়জীবনের সাফল্যের পাশাপাশি তিনি একজন নীতিবান ও মানবিক কণ্ঠস্বর হিসেবে পরিচিত ছিলেন। জলবায়ু পরিবর্তন, সামাজিক বৈষম্য এবং নিপীড়িত মানুষের অধিকার নিয়ে তিনি বরাবরই সরব ছিলেন।

নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এক শোকবার্তায় স্যাম নিলকে ‘নীতিবান এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন একজন যোদ্ধা’ হিসেবে স্মরণ করেছেন। তিনি বলেন, সমাজের প্রান্তিক মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিল নিজের জনপ্রিয়তা ও প্রভাবকে সবসময় ইতিবাচকভাবে ব্যবহার করেছেন।

নিউজিল্যান্ডের আদিবাসী মাওরি জনগোষ্ঠী এবং অস্ট্রেলিয়ার আদিবাসীদের অধিকার রক্ষায়ও স্যাম নিলের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। ঔপনিবেশিক ইতিহাসের অন্ধকার অধ্যায়গুলো নিয়ে প্রকাশ্যে কথা বলতে তিনি কখনও পিছপা হননি। ভূমির অধিকার, সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণ এবং রাষ্ট্রীয় বৈষম্যের বিরুদ্ধে তিনি ধারাবাহিকভাবে সোচ্চার ছিলেন।

২০১৯ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে জুমার নামাজের সময় ভয়াবহ সন্ত্রাসী হামলার পরও স্যাম নিল মানবিক অবস্থানের জন্য ব্যাপক প্রশংসিত হন। ওই হামলায় সফররত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রাও অল্পের জন্য প্রাণে বেঁচে যান। ঘটনার পর তিনি মুসলিম সম্প্রদায়ের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেন এবং ইসলামোফোবিয়ার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেন। একই সঙ্গে বহুত্ববাদী ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের পক্ষে জোরালো বক্তব্য রাখেন। শান্তি, সম্প্রীতি ও ধর্মীয় সহনশীলতার পক্ষে তার অবস্থান ছিল সবসময়ই স্পষ্ট।

দীর্ঘ অভিনয়জীবনে স্যাম নিল অসংখ্য চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনায় অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। জুরাসিক পার্ক সিরিজে ড. অ্যালান গ্রান্ট চরিত্রে তার অভিনয় বিশ্বজুড়ে দর্শকদের কাছে তাকে স্থায়ীভাবে স্মরণীয় করে রেখেছে।

স্যার স্যাম নিলের মৃত্যুতে বিশ্ব চলচ্চিত্র হারাল এক কিংবদন্তি শিল্পী। একই সঙ্গে মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার ও বহুত্ববাদের পক্ষে নির্ভীকভাবে কথা বলা এক সাহসী কণ্ঠস্বরেরও অবসান ঘটল।

মন্তব্য করুন

Logo