Logo

৩ শ্রাবণ ১৪৩৩

×

Follow Us

ময়মনসিংহে মন্দিরের তালা ভেঙে প্রতিমা ভাঙচুর

ময়মনসিংহ সদর উপজেলার একটি মন্দিরের তালা ভেঙে ভেতরে ঢুকে কালী ও লক্ষ্মী প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে

খোঁজ-খবর

ময়মনসিংহে মন্দিরের তালা ভেঙে প্রতিমা ভাঙচুর

Icon

কাভার স্টোরি প্রতিবেদন

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০১:১৯ এএম

ময়মনসিংহ সদর উপজেলার একটি মন্দিরের তালা ভেঙে ভেতরে ঢুকে কালী ও লক্ষ্মী প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার ভোরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

জানা গেছে, সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের পাঁচ কাহনিয়া গ্রামের দত্তবাড়ী সার্বজনীন পূজা মন্দিরকে ঘিরে প্রায় ৩০ থেকে ৩৫টি হিন্দু পরিবারের বসবাস। প্রায় ৩৭ বছর ধরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা এই মন্দিরে পূজা-অর্চনা করে আসছেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সোমবার সকাল পৌনে ছয়টার দিকে ২৫ থেকে ৩০ বছর বয়সী, লুঙ্গি ও গেঞ্জি পরা এক যুবক মন্দিরে এসে প্রথমে বাঁশ এবং পরে ইট দিয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর মন্দিরে থাকা কালী ও লক্ষ্মী প্রতিমা ভাঙচুর করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুজন চন্দ্র দত্ত বলেন, ‘সকাল পৌনে ছয়টার দিকে ঘটনাটি ঘটে। ওই সময় পূজার জন্য বাড়ির ছাদবাগান থেকে ফুল তুলতে গিয়ে কল্পনা রানী সিংহ তালা ভাঙার বিষয়টি দেখতে পান। তিনি চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকতে শুরু করলে ওই যুবক দ্রুত প্রতিমা ভেঙে পালিয়ে যায়। আমরা ঘুম থেকে উঠে তাকে আর পাইনি। তাকে কেউ চিনতে পারেনি। আশপাশের বাসিন্দা বলেও মনে হয়নি। মন্দিরের সিসিটিভি ফুটেজ পুলিশ নিয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘প্রায় ৩৭ বছর ধরে এখানে পূজা হয়ে আসছে। এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি। এলাকার মুসলিম প্রতিবেশীরা সব সময় আমাদের সহযোগিতা করেন। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা আমরা বুঝতে পারছি না।’
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শিবিরুল ইসলাম বলেন, ‘ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে দেখা গেছে, এক যুবক তালা ভেঙে মন্দিরে প্রবেশ করে প্রতিমা ভাঙচুর করেছে। স্থানীয়রা তাকে শনাক্ত করতে পারেননি। ধারণা করা হচ্ছে, তিনি বাইরের কেউ হতে পারেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

মন্তব্য করুন

Logo