Logo

৩ শ্রাবণ ১৪৩৩

×

Follow Us

২০৩৮ সালে ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের আগ্রহী যুক্তরাষ্ট্র

২০৩৮ সালের পুরুষদের ফিফা বিশ্বকাপ এককভাবে আয়োজনের জন্য আনুষ্ঠানিক বিড করার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র

খোঁজ-খবর

২০৩৮ সালে ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের আগ্রহী যুক্তরাষ্ট্র

Icon

কাভার স্টোরি ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০১:১৭ এএম

২০২৬ ফিফা বিশ্বকাপের যৌথ আয়োজক হিসেবে ফুটবল উন্মাদনায় মেতে আছে যুক্তরাষ্ট্র। তবে টুর্নামেন্ট চলাকালেই ভবিষ্যতের আরও বড় পরিকল্পনার ইঙ্গিত দিয়েছে দেশটি। ২০৩৮ সালের পুরুষদের ফিফা বিশ্বকাপ এককভাবে আয়োজনের জন্য আনুষ্ঠানিক বিড করার আগ্রহ প্রকাশ করেছে মার্কিন প্রশাসন।

হোয়াইট হাউসের ওয়ার্ল্ড কাপ টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রিউ জুলিয়ানি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান। তিনি বলেন, এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও প্রাথমিক আলোচনা হয়েছে।

ফিফা ভবিষ্যতে বিশ্বকাপের পরিধি আরও বাড়িয়ে বর্তমানের ৪৮ দলের পরিবর্তে ৬৪ দলের টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা বিবেচনা করছে। জুলিয়ানির দাবি, এমন বিশাল আয়োজন এককভাবেই সফলভাবে পরিচালনা করার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে।

তিনি বলেন, "বিশ্বকাপ যখন ৬৪ দলের টুর্নামেন্টে রূপ নেবে, তখন যুক্তরাষ্ট্র সেটি একাই আয়োজন করতে পারবে বলে আমি বিশ্বাস করি। তবে ২০৩৮ সালের বিড নিয়ে আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়ার আগে আমরা ২০২৬ বিশ্বকাপ সফলভাবে শেষ করতে চাই।"

বিশ্বকাপ আয়োজনের জন্য সাম্প্রতিক সময়ে অনেক দেশকে বিপুল অর্থ ব্যয় করে নতুন স্টেডিয়াম ও অবকাঠামো নির্মাণ করতে হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন বলে দাবি করেন জুলিয়ানি। তাঁর ভাষায়, দেশটিতে ইতোমধ্যে বিশ্বমানের স্টেডিয়াম, আধুনিক পরিবহন ব্যবস্থা ও প্রয়োজনীয় অবকাঠামো বিদ্যমান। ফলে নতুন করে বিশাল নির্মাণ ব্যয়ের প্রয়োজন হবে না।

তিনি বলেন, "অন্যান্য দেশকে যেখানে নতুন অবকাঠামো নির্মাণে হাজার হাজার কোটি ডলার ব্যয় করতে হয়, সেখানে আমাদের অধিকাংশ স্টেডিয়ামই প্রস্তুত। ফলে আয়োজনের খরচ তুলনামূলকভাবে অনেক কম হবে।"

ফিফার মহাদেশভিত্তিক রোটেশন নীতি অনুযায়ী, ২০৩০ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার যৌথ আয়োজনে। আর ২০৩৪ সালের আসর বসবে সৌদি আরবে। সে কারণে ২০৩৮ সালের বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে উত্তর আমেরিকার দেশগুলো তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে থাকবে। সেই সুযোগকে কাজে লাগাতেই আগেভাগে প্রস্তুতি শুরু করতে চায় যুক্তরাষ্ট্র।

বিশ্লেষকদের মতে, ২০২৬ বিশ্বকাপে দর্শক উপস্থিতি, টিকিট বিক্রি এবং বাণিজ্যিক সাফল্যের যে ইতিবাচক চিত্র দেখা যাচ্ছে, তা যুক্তরাষ্ট্রকে ভবিষ্যতের বিশ্বকাপ আয়োজনের অন্যতম শক্তিশালী দাবিদারে পরিণত করেছে। ফুটবল অবকাঠামো ও আয়োজনের অভিজ্ঞতা বিবেচনায় ২০৩৮ সালে একক আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রকে দেখা গেলে তা বিস্ময়কর হবে না।

মন্তব্য করুন

Logo