Logo

৫ আষাঢ় ১৪৩৩

×

Follow Us

যুদ্ধবিরতি, নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পুনর্গঠনে জোর

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান আলোচনার অংশ হিসেবে একটি সম্ভাব্য সমঝোতা স্মারকের খসড়া প্রকাশিত হয়েছে, ছবি: সংগৃহীত

খোঁজ-খবর

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের খসড়া প্রকাশ

যুদ্ধবিরতি, নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পুনর্গঠনে জোর

Icon

কাভার স্টোরি ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:২৮ এএম

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান আলোচনার অংশ হিসেবে একটি সম্ভাব্য সমঝোতা স্মারকের (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) খসড়া প্রকাশ করেছে ইরানের সংবাদ সংস্থা মেহর নিউজ। প্রকাশিত খসড়ায় মোট ১৪টি অনুচ্ছেদ রয়েছে, যেখানে যুদ্ধবিরতি, নিষেধাজ্ঞা প্রত্যাহার, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা এবং অর্থনৈতিক পুনর্গঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

খসড়া অনুযায়ী, লেবাননসহ সংশ্লিষ্ট সব ফ্রন্টে অবিলম্বে এবং স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং দেশটির সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের প্রতিশ্রুতি দেবে বলে উল্লেখ করা হয়েছে।

নথিতে আরও বলা হয়েছে, ৩০ দিনের মধ্যে ইরানের ওপর আরোপিত সম্পূর্ণ নৌ অবরোধ প্রত্যাহার করা হবে এবং ইরানের চারপাশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া ইরানি ব্যবস্থাপনায় একই সময়ের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

অর্থনৈতিক বিষয়ে খসড়ায় তেল ও পেট্রোকেমিক্যাল খাতে আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করার প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি ইরানের ফ্রিজ বা অবরুদ্ধ আর্থিক সম্পদে পূর্ণ প্রবেশাধিকার নিশ্চিত করার কথাও বলা হয়েছে। এর পাশাপাশি অবরুদ্ধ ২৪ বিলিয়ন ডলার তহবিল মুক্ত করার পরিকল্পনা রয়েছে, যার অর্ধেক আলোচনা শুরু হওয়ার আগেই সহজলভ্য করা হবে।

পুনর্গঠন কার্যক্রমে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পক্ষ থেকে কমপক্ষে ৩০০ বিলিয়ন ডলারের একটি পুনর্গঠন পরিকল্পনা উপস্থাপনের কথাও খসড়ায় উল্লেখ করা হয়েছে।

পারমাণবিক ইস্যুতে ৬০ দিনের আলোচনার প্রস্তাব রাখা হয়েছে। এ সময়ের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক নিষেধাজ্ঞা, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পদক্ষেপ এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) বোর্ডের গৃহীত ব্যবস্থাগুলো প্রত্যাহারের বিষয়টি আলোচনায় থাকবে। একই সঙ্গে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)-এর প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করবে।

খসড়ায় আরও বলা হয়েছে, আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্র নতুন কোনো সেনা মোতায়েন বা নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে না। চুক্তির বাস্তবায়ন তদারকির জন্য একটি পর্যবেক্ষণ বা তদারকি কমিটি গঠন করা হবে।

চূড়ান্ত চুক্তিকে আন্তর্জাতিক বৈধতা দিতে তা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের মাধ্যমে অনুমোদনের প্রস্তাবও রাখা হয়েছে।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়গুলোর একটি হলো, ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক প্রতিরোধ গোষ্ঠীগুলোর প্রতি ইরানের সমর্থন সংক্রান্ত বিষয়গুলোকে আলোচ্যসূচি থেকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে। খসড়া অনুযায়ী, আলোচনা কেবল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পুনর্গঠন কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

মন্তব্য করুন

Logo