সাবেক বিমানবাহনী কর্মকর্তা মনিকা উইটকে খুঁজছে এফবিআই
কাভার স্টোরি ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৬, ১১:৫৭ এএম
ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক বিমানবাহিনী কর্মকর্তা মনিকা উইটকে ধরতে তথ্যদাতার জন্য দুই লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। বর্তমানে তিনি পলাতক এবং ধারণা করা হচ্ছে, ইরানেই অবস্থান করছেন।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, ১৯৯৭ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিমানবাহিনীতে কর্মরত থাকা মনিকা উইট পরে যুক্তরাষ্ট্র সরকারের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ করেন। এ সময় তিনি বিদেশি গোয়েন্দা কার্যক্রম ও দ্বৈত গুপ্তচরবৃত্তি সংক্রান্ত অত্যন্ত গোপন তথ্যের প্রবেশাধিকার পান।
তদন্তকারীদের দাবি, ২০১৩ সালে তিনি ইরানে চলে গিয়ে দেশটির সরকারের কাছে যুক্তরাষ্ট্রের সংবেদনশীল প্রতিরক্ষা তথ্য সরবরাহ করেন। এমনকি বিদেশে কর্মরত মার্কিন গোয়েন্দা কর্মকর্তা ও তাদের পরিবারের তথ্যও ফাঁস করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
যুক্তরাষ্ট্রের ভাষ্য, মনিকা উইটের দেওয়া তথ্যের মাধ্যমে ইরান মার্কিন গোয়েন্দাদের শনাক্ত করতে সক্ষম হয়। একই সঙ্গে তিনি ইরানের ইসলামিক রেভুল্যুশনারি গার্ড কর্পসকে সহায়তা করেছেন বলে অভিযোগ উঠেছে।
ফক্স নিউজ জানিয়েছে, ফারসি ভাষাজ্ঞানসম্পন্ন মনিকা ‘ফাতেমাহ জাহরা’ ও ‘নার্গিস উইট’ নামেও পরিচিত।
ওয়াশিংটনের পাল্টা গোয়েন্দা ও সাইবার বিভাগের প্রধান ড্যানিয়েল বিয়েরজবিকি বলেন, মনিকা উইট যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রতি তার শপথ ভঙ্গ করেছেন। তিনি ইরানে পালিয়ে গিয়ে জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত গোপন তথ্য সরবরাহ করেছেন।
এফবিআই জানিয়েছে, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটনের একটি ফেডারেল গ্র্যান্ড জুরি তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ গঠন করে। সংস্থাটি তার অবস্থান সম্পর্কে তথ্য থাকলে স্থানীয় তদন্ত কার্যালয় বা যুক্তরাষ্ট্রের দূতাবাসে যোগাযোগের আহ্বান জানিয়েছে।
মন্তব্য করুন

