ছবিঃ অনলাইন থেকে সংগৃহীত
সেই যে আমার নানা রঙের দিনগুলি!
মনজুর মুর্শিদ
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পিএম
আমাদের হাটবোয়ালিয়া গ্রামে হিমহিম ঠান্ডা মোড়ানো ডিসেম্বর মাসের শেষে স্কুল ফাইনাল পরীক্ষার পর বন্ধুরা মিলে সারা দিন কাচের মার্বেল আর লাটিম নিয়ে খেলায় মেতে উঠতাম। উৎকণ্ঠিত কর্ণ সর্বদা সজাগ থাকত—কবে আসবে সেই মাহেন্দ্রক্ষণ!
বড় বড় চোঙের মাইকে প্রতিধ্বনিত হবে, “আসিতেছে পূরবী অপেরার যাত্রাপালা আর ডানাকাটা পরীদের ঝুমুর ঝুমুর নৃত্য।” আমাদের হাটবোয়ালিয়া গ্রামে প্রতি বছর ডিসেম্বর মাস শেষে এভাবেই যাত্রাপালার আগমনী বারতা ঘোষণা করা হতো। হাইস্কুলের চারিদিকে ঢেউটিনের বেড়া দিয়ে বানানো হতো বিশাল এক প্যান্ডেল। লাইব্রেরি ঘরে ছিল অস্থায়ী টিকিট কাউন্টার। আমার অবশ্য টিকিট কাটার প্রয়োজন হতো না; বাজারের বিশিষ্ট ব্যবসায়ীদের কাছ থেকে এককালীন চাঁদা নিয়ে একটা কার্ড ধরিয়ে দেওয়া হতো, যার নাম ছিল ‘পাশ’। পাশধারীদের জন্য ছিল সব চাইতে সম্মানজনক আসনসমূহ। ভালো কাহিনি হলে দুই-একদিন আব্বা যেতেন, বাকি সময় পাশ নামক টিকিট আমার দখলে থাকত। বড়রা তখন কাহিনিকে বলতেন ‘বই’—আজকে অমুকের বই আছে, কালকে শিশির ভাদুড়ীর বই, ইত্যাদি ইত্যাদি।
বিকেল থেকেই প্যান্ডেলে শুরু হয়ে যেত কঙ্গো, হারমোনিয়ম আর বিউগলের মন পাগল করা জাদুকরী ঐক্যতান। হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সেই জাদুকরী বাদ্য ছেলে-বুড়ো সকলকে টেনে নিয়ে যেত স্কুলঘরের প্যান্ডেল অভিমুখে। প্যান্ডেলের উপর বড় বাঁশ দিয়ে সামিয়ানার উপর দিয়ে টাঙ্গানো হতো নানা রঙের নিয়ন বাতি; বাদ্যের তালে তালে নানা আলপনা তৈরি হতো সেই বাতিতে। বিস্ফারিত নেত্রে অবলোকন করতাম সেই রহস্যময় আলোকমালা।
ছবিঃ অনলাইন থেকে সংগৃহীত সন্ধ্যার পরে কোনো রকম রাতের খাবার খেয়ে যত রকম গরম কাপড় ছিল সব গায়ে চাপিয়ে গুটিগুটি পায়ে চলে যেতাম যাত্রাপালা আর ডানাকাটা পরীদের ঝুমুর ঝুমুর নৃত্য দেখতে। আমার কাজ ছিল রউফ চাচাকে খুঁজে বের করা। সুদীর্ঘ গোঁফের জন্য এলাকায় বিখ্যাত ছিলেন তিনি; সবাই বলত ‘রউফ ম্যানেজার’। চাচা আমাকে ভালো একটা আসনে বসিয়ে ডিম সেদ্ধ আর চায়ের হুকুম দিতেন। যাত্রাদলে উনার প্রভাব ছিল রাজা-বাদশার মতো—সবার আগে তার কথা শুনতে হবে।
যাত্রাপালা কী দেখতাম মনে নেই, তবে মনে পড়ে সেই সব আয়তনয়না, হাস্যময়ী, লাস্যময়ী ডানাকাটা পরীদের নৃত্য; লাল-নীল আলোর ঝলকানিতে মনে হতো স্বর্গ থেকে নেমে আসা উর্বশী-মেনকা। দীর্ঘ রজনী কেটে যেত এক পরাবাস্তব স্বপ্নমাধুরী মেশানো স্বর্গীয় আনন্দে। সেই কঙ্গো, হারমোনিয়ম আর বিউগলের মন পাগল করা জাদুকরী ঐক্যতান শীতের সন্ধ্যায় এখনো বুকের মধ্যে বেজে ওঠে। চায়ের কাপে ডুব দিয়ে ফিরে যাই সেই সোনালি সন্ধ্যায়—সেই যে আমার নানা রঙের দিনগুলি!
ছবিঃ অনলাইন থেকে সংগৃহীত মন্তব্য করুন

