ছবিঃ ঐতিহাসিক যশোর এর ফেইসবুক পেইজ থেকে সংগৃহীত
“কচুরিপানা পরিষ্কার – একটি বাটারফ্লাই ইফেক্ট”
ডা. সাদিয়া মনোয়ারা ঊষা
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম
একটি নদী .. নদীর পাশে হাঁটার পথ …
ডায়বেটিসের ডিসিপ্লিন এর সাথে যারা আছেন তারা সকালে নদীর পাড়ে হাঁটাহাঁটি করবেন। শহর শ্বাস নেবে নদী দিয়ে, আর মানুষ শ্বাস নেবে টাটকা অক্সিজেন দিয়ে।
নদীর পাশে যে ফলের দোকানগুলো আছে সেগুলো সুন্দরভাবে নতুন করে সাজানো যায়। তাদের ময়লা গুলো ফেলার জন্য নির্দিষ্ট জায়গা করে দিতে হবে। কাঠেরপুলের যে জায়গা থেকে চামড়া সরাসরি নদীতে ফেলে দেওয়া হয় সেই চামড়া কোথায় রাখবে জায়গা ঠিক করে দিতে হবে।
নদীর পানির রং হবে সেন্টমার্টিন এর মত!!! নদীর মধ্যে যতগুলো বাড়ি ঘর প্রতিষ্ঠানের পয়নিষ্কাশনের লাইন আছে সেগুলোকে অবিলম্বে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে হবে । পয়নিষ্কাশনের পানি টেমস নদীতেও পড়ে। কিন্তু তারা নদীর পানিতে পৌঁছানোর আগে ওয়াটার ট্রিটমেন্ট পার হয়ে যায়।
নদীতে ওয়াটার বাস চলতে পারে ।
যশোরের ঐতিহ্যবাহী কালেক্টরেট ভবন যেটা ডিসি অফিস নামে পরিচিত, দূর দূরান্ত থেকে বহু মানুষ তাদের অভাব অভিযোগ নিয়ে এখানে আসে। লন্ডনের টেমস নদীর পাশে হাউজ অফ কমনসে যেমন মানুষ ওয়াটার বাসে করে যেতে পারে , ঠিক তেমনি ডিসি অফিসের সামনে ভৈরব নদ হবে স্বল্প খরচে যানজট মুক্ত পরিবেশে সেবার কাছে পৌঁছানোর সবচেয়ে সহজ মাধ্যম।
ইলেকট্রিক্যাল ওয়াটার বাস হলে আরো ভালো।
দড়াটানার গরীবে নেওয়াজ হাসপাতালের সাথে একটা কাঁঠাল গাছ আর কুইন্স হাসপাতালের সামনে কয়টা দেবদারু গাছ ছাড়া অত্র এলাকায় চড়ুই পাখিদের রাতে মাথা গুঁজে ঘুমানোর মত কোন গাছের ডাল নেই। নদীর পাশে থাকবে সবুজ । তাতে থাকবে তাদের বাসা। শীতের অতিথি পাখিরা উপর থেকে দিকভ্রান্ত হয়ে সাইট ভিউ করতে নেমে যেতে পারে ভৈরবের পানিতে ।
যশোর বিজ্ঞান প্রযুক্তির অনেক প্রফেসর ফ্লোটিং এগ্রিকালচারের কথা ভাবছেন।বিদেশ থেকে ভাসমান সৌরবিদ্যুৎ বিষয়ে পিএইচডি করা একজন শিক্ষার্থী ফ্লোটিং সোলারের কথাও বলেছেন।আর এর মাধ্যমে ভৈরব হতে পারে গ্রীন এনার্জির অন্যতম সোর্স।
নদীর পাশে একটা দারুন পার্ক আছে। নদীর চারপাশের পরিবেশ ঠিক না করলে এই পার্ক প্রাণ পায় না। এখানে একটা ছোট্ট মুক্ত সরোবরের মতো জায়গা আছে কিন্তু তার পাশে নেই ধানমন্ডি লেক ।
শহরের উৎসবগুলোর সূচনা হতে পারে নদীকে কেন্দ্র করে। কঙ্গোতে আমি বছরের শেষ দিন উদযাপন করেছিলাম নদীর পাশে। নদীকে ঘিরে ফায়ার ওয়ার্ক! কি দারুন উৎসবমুখর পরিবেশ তৈরি হয় বাইরের দেশে!!
ওয়াক ওয়ের পাশে সুন্দর সুন্দর ল্যাম্পপোস্ট থাকতে পারে। রাতের বেলা আলোকিত থাকলে যারা নদীর পাড়ের কোনা কাঞ্চিতে হিজিবিজি খাওয়ার(!) অভয়ারণ্য তৈরি করেছেন তারা একটু নড়েচড়ে বসবেন ।
আর এই সবই সম্ভব হবে যদি নদীর নাব্যতা জোয়ার ভাটা খনন এই কাজগুলো অব্যাহত থাকে। নদীতে ময়লা আবর্জনা প্লাস্টিক ফেলার ব্যাপারে আইন যথাযথভাবে পালিত হয়।
আর এজন্যই দরকার সমন্বিত উদ্যোগ ও পরিকল্পনা ।
মনে রাখতে হবে আমরা যে নদীর কথা ভাবছি তার শুধু আমাদের জন্য নয় .. পৃথিবীটা শুধুমাত্র মানুষের জন্য নয় ..
এই শহরের শিউলি গাছ, চড়ুই পাখি, রাস্তার পাশের লাল কুকুরটা সবই আমাদের ..আমাদের ইকোলজির অংশ। এরা সবাই মিলেই আমরা। সকলের অস্তিত্ব সকলের উপর নির্ভরশীল । কচুরিপানা পরিষ্কার এই শহরের জন্য একটি_বাটারফ্লাই_ইফেক্ট ।
একটি ছোট্ট পরিবর্তন বদলে দিতে পারে ৩৬ লাখ মানুষের আবাসস্থল।
ভালো থাকুক ভৈরব
ভালো থাকুক আমার শহর
চির বসন্ত ছুঁয়ে যাক আমার শহরকে
প্রতিদিন প্রতিমুহূর্তে..
মন্তব্য করুন

