ছবিঃ অনলাইন থেকে সংগৃহীত
পৃথিবীর সঙ্গে প্রতারণা মানে শেষ পর্যন্ত নিজের অস্তিত্বের সঙ্গেই প্রতারণা
এম জাকির হোসেন খান
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পিএম
পৃথিবীর অস্তিত্বের পক্ষে কথা বলার জন্য বড় মঞ্চ, অসংখ্য শ্রোতা কিংবা আন্তর্জাতিক স্বীকৃতি অপরিহার্য নয়। প্রয়োজন একটি নির্মল আত্মা, সত্যের প্রতি অবিচল নিষ্ঠা এবং স্রষ্টার প্রতিটি সৃষ্টির প্রতি নিঃস্বার্থ ভালোবাসা।
যে মানুষ নিজের চিন্তা, বিবেক ও কর্মকে শুদ্ধ রাখার সাধনা করে, যে মানুষের কাছে নদীর প্রবাহ, বনের নিঃশ্বাস, পাখির আশ্রয় কিংবা একটি ক্ষুদ্র প্রাণের বেঁচে থাকার অধিকারও পবিত্র আমানত, সে হয়তো জানেও না, কখন তার নীরব সাধনা পৃথিবীর কণ্ঠস্বরে পরিণত হয়েছে। আমার বিশ্বাস, এমন আত্মার কণ্ঠকে মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়ার দায়িত্ব একসময় প্রকৃতির মালিক, পরম স্রষ্টা নিজেই গ্রহণ করেন।
কিন্তু চিন্তার গভীরে যদি অসততা, কর্মে স্বার্থপরতা, আর অন্তরে পরশ্রীকাতরতা বাসা বাঁধে, তাহলে যত বড় আয়োজনই হোক, তা সাময়িক চাকচিক্য ছড়াতে পারে, কিন্তু প্রকৃত কল্যাণের আলো জ্বালাতে পারে না। মঞ্চ আলোকিত হতে পারে, করতালিতে মুখরিত হতে পারে সম্মেলনকক্ষ, প্রশংসায় ভরে উঠতে পারে সংবাদমাধ্যম, অথচ বাইরে একটি নদী মরতে থাকে, একটি বন নিঃশেষ হতে থাকে, একটি পাখি হারায় তার শেষ আশ্রয়।
স্রষ্টার সৃষ্টিকে ভালো না বেসে স্রষ্টার নামে মহৎ হওয়ার আয়োজন আত্মপ্রতারণা ছাড়া আর কী?
প্রকৃতি মানুষের প্রচারণা বোঝে না; বোঝে তার কর্মের পরিণতি। নদী আমাদের প্রতিশ্রুতি শুনে প্রবাহ ফিরে পায় না, বন আমাদের বক্তৃতায় পুনর্জন্ম নেয় না, আর ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সম্মেলনের সাফল্যগাথা দিয়ে তাদের হারানো পৃথিবী ফিরে পাবে না।
সত্যিই পৃথিবী এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। অথচ এই সংকটের গভীরতম বিপদ শুধু জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের বিলুপ্তি কিংবা প্রকৃতির বিপর্যয় নয়; আরও ভয়াবহ হলো মানুষের বিবেকের অবক্ষয়, যখন আমরা প্রকৃতির সুরক্ষার নামে নিজেদের প্রতিষ্ঠা করি, অথচ প্রকৃতির স্বার্থকে নিজেদের স্বার্থের কাছে বিসর্জন দিই।
আমাদের মনে রাখা প্রয়োজন, স্রষ্টার প্রকৃতির সার্বভৌমত্ব মানুষের স্বীকৃতির অপেক্ষায় থাকে না। স্রষ্টার সৃষ্টির অধিকার মানুষের ইচ্ছায় সৃষ্টি হয়নি যে মানুষের সুবিধামতো তা বিলুপ্ত করা যাবে।
তাই পৃথিবীকে রক্ষার সংগ্রাম শুরু হোক নিজের অন্তর থেকে। সততায়, বিনয়ে, জ্ঞানের সাধনায়, পরস্পরের প্রতি শ্রদ্ধায় এবং প্রতিটি প্রাণের স্বাভাবিক অধিকারের প্রতি নিঃশর্ত অঙ্গীকারে।
আমরা যেন অন্যের আলো নিভিয়ে নিজের আলো জ্বালাতে না চাই। আমরা যেন প্রকৃতির নামে নিজেদের অহংকারের স্মৃতিস্তম্ভ নির্মাণ না করি। আমরা যেন সাময়িক স্বীকৃতির মোহে অনাগত সন্তানের জীবনের অধিকার বন্ধক না রাখি।
কারণ পৃথিবীর সঙ্গে প্রতারণা মানে শেষ পর্যন্ত নিজের অস্তিত্বের সঙ্গেই প্রতারণা। আর ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে প্রতারণা হলো তাদের জন্মের আগেই তাদের প্রাপ্য জীবনটুকু কেড়ে নেওয়া।
হে পরম স্রষ্টা, আমাদের এমন প্রজ্ঞা দিন, যাতে আমরা সত্যকে চিনতে পারি; এমন বিবেক দিন, যাতে অন্যায়ের সঙ্গে আপস না করি; আর এমন নির্মল হৃদয় দিন, যাতে আপনার প্রতিটি সৃষ্টির প্রতি ভালোবাসা আমাদের সকল কর্মের ভিত্তি হয়ে ওঠে।
পৃথিবীর কণ্ঠস্বর হওয়ার আকাঙ্ক্ষা নয়, পৃথিবীর প্রতি বিশ্বস্ত থাকার সাধনাই হোক আমাদের জীবনের অঙ্গীকার।
শেষ বিচারে আমরা কত উচ্চস্বরে পৃথিবীর কথা বলেছি তা নয়, আমাদের কারণে পৃথিবীর কত জীবন নিরাপদে বেঁচে থাকতে পেরেছে, সেটিই হবে আমাদের প্রকৃত অবদানের পরিচয়।
মন্তব্য করুন

