Logo

৩ শ্রাবণ ১৪৩৩

×

Follow Us

সেন্সরড বইয়ের লাইব্রেরি ম্যানিফেস্টো

ফিচার

পপ গায়ক ডুয়া লিপার উদ্যোগ

সেন্সরড বইয়ের লাইব্রেরি ম্যানিফেস্টো

Icon

কাভার স্টোরি ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৩:৩১ পিএম

যে বই কখনো নিষিদ্ধ হয়েছে, কোথাও সেন্সরের কাঁচিতে আটকে গেছে, আবার কোথাও বিতর্কের মুখে পাঠকের নাগালের বাইরে চলে গেছে—এসব বইয়ের প্রতি বইপ্রেমীদের কৌতূহল বরাবরই প্রবল। আর এমন বইগুলোকে যদি এক ছাদের নিচে সাজিয়ে গড়ে তোলা হয় একটি বিশেষ লাইব্রেরি, তাহলে সেটি নিঃসন্দেহে হয়ে উঠতে পারে ভিন্নধর্মী এক সাংস্কৃতিক উদ্যোগ।
 
এমনই একটি উদ্যোগ নেওয়া হয়েছে পর্তুগালের পোর্তো শহরে। বিশ্বখ্যাত পপ তারকা ডুয়া লিপার উদ্যোগে সেখানে চালু হয়েছে 'ম্যানিফেস্টো লাইব্রেরি'—যেখানে স্থান পেয়েছে বিশ্বের বিভিন্ন সময় ও দেশে সেন্সরড, নিষিদ্ধ কিংবা নানা ধরনের বিধিনিষেধের মুখে পড়া বই।
 
পোর্তোর ঐতিহাসিক বইয়ের দোকান লিভ্রারিয়া লেলো-র ভেতরেই স্থায়ীভাবে গড়ে তোলা হয়েছে এই বিশেষ লাইব্রেরি। ব্যতিক্রমী এ উদ্যোগ ইতোমধ্যে বইপ্রেমী ও সাহিত্যাঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
 
লাইব্রেরি সম্পর্কে এক বিবৃতিতে ডুয়া লিপা বলেন, এটি তাঁর দীর্ঘদিনের স্বপ্নের একটি অংশ। তিনি সার্ভিস ৯৫ বুক ক্লাব প্রতিষ্ঠার সময় থেকেই এমন একটি জায়গা গড়ে তুলতে চেয়েছিলেন, যেখানে লেখক ও পাঠক নিজেদের ঘরের মতো স্বাচ্ছন্দ্য অনুভব করবেন।
 
ডুয়া লিপার ভাষ্য অনুযায়ী, লাইব্রেরিতে স্থান পেয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে সেন্সরড, নিষিদ্ধ বা বিতর্কের কারণে পাঠকের নাগালের বাইরে চলে যাওয়া প্রায় একশটি বই। বিশেষ করে যৌনতা, বর্ণবাদ, লিঙ্গ ও যৌন পরিচয় (এলজিবিটিকিউ+) এবং সামাজিক-রাজনৈতিক নানা বিষয় নিয়ে লেখা যেসব বই বিভিন্ন দেশে কখনো সেন্সরের মুখে পড়েছে বা নিষিদ্ধ হয়েছে, সেগুলোরই একটি নির্বাচিত সংগ্রহ রাখা হয়েছে এখানে।
 
লাইব্রেরিটির সংগ্রহ মূলত চারটি বিষয়কে কেন্দ্র করে সাজানো হয়েছে—ক্ষমতা, স্মৃতি, নিয়ন্ত্রণ ও কণ্ঠস্বর। লিভ্রারিয়া লেলোর নতুন সাংস্কৃতিক কেন্দ্রে গড়ে ওঠা এই সংগ্রহে রয়েছে মার্গারেট অ্যাটউডের দ্য হ্যান্ডমেইডস টেল, সালমান রুশদি, ওলগা তোকারচুকসহ বিশ্বখ্যাত বহু লেখকের রচনা।
 
লিভ্রারিয়া লেলোর ব্র্যান্ড প্রধান ফ্রান্সিসকা পেদ্রো পিন্টো বলেন, ১২০ বছরেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি বইকে মুক্তচিন্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং সংলাপের প্রতীক হিসেবে দেখেছে। সেই বিশ্বাস থেকেই 'ম্যানিফেস্টো লাইব্রেরি'র জন্ম।
 
ডুয়া লিপা কেবল একজন জনপ্রিয় সংগীতশিল্পীই নন, বইয়ের প্রতিও তাঁর গভীর অনুরাগ রয়েছে। এই লাইব্রেরি প্রতিষ্ঠার পাশাপাশি তিনি আগামী ২১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য লন্ডন লিটারেচার ফেস্টিভ্যাল-এর কিউরেটরের দায়িত্বও পালন করবেন।

মন্তব্য করুন

Logo