Logo

১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

×

Follow Us

মায়ের সমর্থন আমার কাছে সবচেয়ে বড় শক্তি

সালমা খাতুন ও মা

দিন-প্রতিদিন

মা দিবস

মায়ের সমর্থন আমার কাছে সবচেয়ে বড় শক্তি

সালমা খাতুন

Icon

সালমা খাতুন, ক্রিকেটার

প্রকাশ: ১০ মে ২০২৬, ১২:৫৩ পিএম

২০০৩ সালে আমার বাবা মারা যান। এরপর মায়ের কাছ থেকেই আমি সবচেয়ে বেশি ভালোবাসা আর সাহস পেয়েছি। সবসময় চেষ্টা করি মায়ের ইচ্ছেগুলো পূরণ করতে। আমরা চার ভাই-বোন। মা সবাইকে সমান ভালোবাসলেও পরিবারের সবচেয়ে ছোট সন্তান হওয়ায় হয়তো আমি একটু বেশি আদর পাই।

আমার ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকেই মায়ের সমর্থন ছিল সবচেয়ে বড় শক্তি। এখনো স্পষ্ট মনে আছে সেই দিনের কথা— প্রথমবার যখন আমাকে খেলার জন্য ডাকা হয়, খবরটা সবার আগে মা-ই পান। আমি তখন দাদুবাড়িতে ছিলাম। খবর পেয়ে মা এতটাই আনন্দিত হয়েছিলেন যে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে বলেছিলেন, ‘তুমি তাড়াতাড়ি চলে আসো।’ সেই শুরু থেকে আজ পর্যন্ত পুরো পরিবার আমাকে সমর্থন করলেও, মায়ের সমর্থনটাই আমার কাছে সবচেয়ে বড় প্রেরণা।

মায়ের হাতের রান্না তো পৃথিবীর সব সন্তানের কাছেই সেরা। আমার কাছেও তাই। মায়ের হাতের সব রান্নাই অসাধারণ ছিল। এখন হয়তো মা আগের মতো রান্না করেন না, কিন্তু সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে। আম্মুর হাতের গরুর মাংস রান্না ছিল ভীষণ মজার। তবে সবচেয়ে প্রিয় ছিল খুব সাধারণ একটা খাবার— আলুভাজি। এই আলুভাজিটাই আমার কাছে সবচেয়ে সুস্বাদু লাগত। আমার বড় ভাইও এটি খুব পছন্দ করত। মায়ের হাতের সব খাবারই খুব মিস করি, তবে বিশেষ করে সেই আলুভাজি আর গরুর মাংসের স্বাদ আজও মনে গেঁথে আছে।

সালমা খাতুন, ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল

মন্তব্য করুন

Logo