Logo

১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

×

Follow Us

আমার মা: আমার এক নীরব যোদ্ধা

দিয়া সিদ্দিকী, আর্চার

দিন-প্রতিদিন

মা দিবস

আমার মা: আমার এক নীরব যোদ্ধা

দিয়া সিদিকী

Icon

দিয়া সিদিকী, আর্চার

প্রকাশ: ০৯ মে ২০২৬, ১১:১১ পিএম

কীভাবে শুরু করব বুঝতে পারছি না। ছোটবেলা থেকেই আমি আমার মায়ের সাথে ভীষণভাবে জড়িয়ে ছিলাম। মাকে ছেড়ে দূরে থাকা আমার জন্য অকল্পনীয় ছিল। আমার দাদাবাড়ি বা নানুবাড়ি আমাদের বাসা থেকে মাত্র ৫-১০ মিনিটের রাস্তা ছিল, কিন্তু রাতে আমি মাকে ছাড়া সেখানেও থাকতে পারতাম না। মাকে ছাড়া আমি একটা মুহূর্তও চিন্তা করতে পারতাম না।

আজ আমি দেশের বাইরে। আগে বাংলাদেশে থাকতে বছরে কয়েকবার অন্তত মায়ের সাথে দেখা হতো, কিন্তু এখন প্রায় দেড় বছর হতে চললো মায়ের সাথে শুধু ভিডিও কলেই কথা হয়। খুব কষ্ট হয়, একা একা কাঁদি, কিন্তু মাকে বুঝতে দিই না। এখানে সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ করার পর যখন ক্লান্ত শরীরে বাসায় ফিরি, তখন মনে হয়— ইশ! আম্মু যদি থাকতো! দেশে থাকতে বাসায় গেলে আমাকে কোনো কাজই করতে হতো না। আমার বিছানা গোছানো থেকে শুরু করে আমার পছন্দের ভুনা মাংস বা ভাজি— সব মা নিজের হাতে রেডি করে রাখত। প্রতিটা পদে পদে আজ আমি অনুভব করি, মা থাকলে আমার এত কষ্ট হতো না।

আমার মা আসলে আমার সামনে কখনো কাঁদে না। সে অন্যদের সামনে কাঁদলেও আমার সামনে নিজেকে শক্ত রাখে। কারণ সে জানে, সে দুর্বল হলে আমিও ভেঙে পড়ব। মা সবসময় আমাকে ব্যাকআপ দিয়ে যাচ্ছে। আমার গ্রিন কার্ডের জন্য অপেক্ষা করছি, এরপর আবার পড়াশোনা শুরু করব— এটাই মায়ের সবচেয়ে বড় স্বপ্ন। মা চায় আমি গ্র্যাজুয়েশন শেষ করি, একজন প্রতিষ্ঠিত নারী হই।

আমি শুধু সেই দিনটির অপেক্ষায় আছি, কবে আবার মায়ের কাছে যাব, মায়ের হাতের রান্না আর সেই যত্ন পাব। মা দিবসে পৃথিবীর সব মায়ের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

দিয়া সিদ্দিকী, আর্চার


মন্তব্য করুন

Logo