ছাই থেকে জন্ম নেয় একটি আলোকচিত্র, আলোকচিত্র থেকে জন্ম নেয় খ্যাতি
কড়াইল বস্তিতে আগুনে পুড়ে যাওয়া ঘরের ভেতর পাঁচ সদস্যের পরিবারের ঘুমিয়ে থাকার আলোকচিত্র
ফয়সাল জামান
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পিএম
ঢাকার কড়াইল বস্তিতে আগুনে পুড়ে যাওয়া একটি ঘরের ভেতর পাঁচ সদস্যের একটি পরিবারের ঘুমিয়ে থাকার আলোকচিত্রটি যেন এক অদ্ভুত আদালতের দলিল। দেখা যাচ্ছে, একটি পরিবার তার সর্বস্ব হারিয়ে নিদ্রাহীন পৃথিবীর মধ্যে ঘুমিয়ে আছে, আর তাদের চারপাশে দাঁড়িয়ে আছে দৃশ্যের এক অদৃশ্য বিচারব্যবস্থা। ক্যামেরা সেই পরিবারের ওপর সাক্ষীর মতো ঝুঁকে পড়েছে। পুড়ে যাওয়া ঘর, ছড়িয়ে-ছিটিয়ে থাকা সামগ্রী এবং পাশাপাশি শুয়ে থাকা শরীরগুলো একে একে ফ্রেমের অন্তর্ভুক্ত হয়েছে। তাদের বিপর্যয় একটি ছবিতে আশ্রয় পেয়েছে, পুরস্কারের মঞ্চে উঠেছে সেই ছবি এবং প্রাতিষ্ঠানিক স্বীকৃতির নথিতে জায়গাও করে নিয়েছে।
এই সমস্ত দৃশ্যায়ন ও স্বীকৃতির আড়ালে পরিবারটি কোথায় হারিয়ে গেল? তাদের পরবর্তী জীবনের খোঁজ কে রাখছে? যারা আগুন দেয়ার জন্য দায়ী, তাদের বিচার প্রক্রিয়া কতদূর এগিয়েছে? কড়াইলের সেই পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ পেরিয়ে পরিবারটি কি এখন দৈনন্দিন জীবনের আরেকটি অদৃশ্য ধ্বংসস্তূপের মধ্যে আটকে আছে? আলোকচিত্রের নির্মাতা কি তাদের জীবনের এই পরবর্তী অধ্যায়ের কোনো খোঁজ রাখেন-রেখেছেন? নাকি ফ্রেমের বাইরে চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের প্রতি তার দায়বদ্ধতারও অবসান ঘটে-ঘটেছে?
প্রতিবারই যখন কড়াইলে আগুন লাগে, সেখানে রীতিমতো আলোকচিত্রীদের মেলা বসে। তাদের মধ্যে একটি বড় অংশ সেখানে যান একটি ভালো ছবির সন্ধানে, যে ছবি তাদের পোর্টফোলিওতে যুক্ত হবে এবং দিনশেষে দেশি-বিদেশি কোনো সংস্থায় চাকরি কিংবা কোনো পুরস্কার এনে দেবে। সেই অর্জনের আকাঙ্ক্ষায় আলোকচিত্রীরা নিজেদের একধরনের সিংহাসনে অধিষ্ঠিত করেন। তারাই নির্ধারণ করেন দৃশ্যের সীমানা, মানুষের অবস্থান, শরীরের বিন্যাস এবং বিপর্যয়ের দৃশ্যমান রূপ। ফ্রেমের ভেতরে থাকা মানুষগুলোর হাতে যেহেতু ক্যামেরা কিংবা কলম থাকে না, তাই নিজেদের অভিজ্ঞতা বয়ান করার ভাষাও তাদের থাকে না।
এইসব আলোকচিত্র মানুষগুলোর শরীরকে দৃশ্যমান করে ঠিকই, অথচ তাদের অভিজ্ঞতার ভাষাকে অনুপস্থিত রাখে। আলোকচিত্রের অর্থ নির্মাণের ওপরও তাদের কোনো অধিকার থাকে না। যেন এক অদ্ভুত আমলাতান্ত্রিক ব্যবস্থায় তাদের জীবন নথিভুক্ত করা হয়, যেই নথিতে নিজেদের বক্তব্য সংযুক্ত করার অনুমতি তাদের দেওয়া হয় না।
দারিদ্র্যের পর্নোগ্রাফি এই নীরবতার ওপর দাঁড়ানো এক দৃশ্যগত অর্থনীতি। যার মধ্যে মানুষের দুর্দশা ক্রমশ দৃশ্যমান হয়, কিন্তু তার রাজনৈতিক ইতিহাস ক্রমশ অদৃশ্যও হয়ে যায়। গৃহহীনতার পেছনে থাকা নগর-অর্থনীতি, শ্রেণিগত উচ্ছেদ, আবাসন বঞ্চনা এবং প্রাতিষ্ঠানিক অবহেলা ছবির সীমানার বাইরে নির্বিঘ্নে চলতে থাকে।
এরকম আলোকচিত্রগুলোতে ফ্রেমের ভেতরে পড়ে থাকে মানুষের পোড়া ঘর, আর ফ্রেমের বাইরে অক্ষত থাকে সেই ব্যবস্থা, যে ব্যবস্থা মানুষের ঘরকে অনিরাপদ করে রেখেছে। দর্শক এরকম ছবি দেখে নিজের মর্মবেদনার সঙ্গে পরিচিত হয়। কয়েক মুহূর্তের জন্য তার বিবেকও জেগে ওঠে, তারপর ছবিটি অন্য ছবির পাশে জায়গা করে নেয়, এবং এল্গোরিদ্মিক ফ্লোতে টালমাটাল হয়ে পড়ে। মানুষের দুর্দশা এভাবেই দর্শকের আবেগের ক্ষণস্থায়ী ঠিকানায় পরিণত হয়।
এই ধরনের আলোকচিত্রের আরেকটি অদেখা জীবন রয়েছে। মানুষের বিপর্যয় এসব আলোকচিত্রে একধরনের কাঁচামাল, ক্যামেরা তার আহরণযন্ত্র, নান্দনিকতা তার প্রক্রিয়াকরণ এবং পুরস্কার তার বিনিময়মূল্য। আলোকচিত্রী প্রান্তিক মানুষের বিপর্যয়কে পুঁজি করে একটি নতুন জীবন লাভ করে। সেই জীবনে পুরস্কার আছে, প্রদর্শনী আছে, আন্তর্জাতিক স্বীকৃতি আছে, পেশাগত পরিচিতি আছে। অথচ আলোকচিত্রের ভেতরে থাকা মানুষগুলোর জীবনে কোনো পরিবর্তন আসে না। একজনের ধ্বংসস্তূপ আরেকজনের অর্জনের ভিত্তিপ্রস্তর হয়ে দাঁড়ায়।
ফলে বিপর্যয়ের শিকার মানুষগুলো আলোকচিত্রের ভেতরেও নতুন করে শোষিত হন।
আগুন মানুষগুলোর বসতভিটা গ্রাস করে, আর আলোকচিত্রিক কর্তৃত্ব তাদের নিজেদের বিপর্যয়ের ওপর বয়ান নির্মাণের অধিকারকে বহিরাগত নিয়ন্ত্রণের অধীন করে। প্রথম উচ্ছেদে তারা হারায় ঘর, দ্বিতীয় উচ্ছেদে হারানোর ঝুঁকিতে পড়ে নিজেদের জীবনের অর্থ নির্ধারণের অধিকার। তাদের আহাজারি অন্যের ভাষায় অনুবাদিত হয়, অন্যের দৃষ্টিতে বিন্যস্ত হয়, অন্যের স্বাক্ষরে পৃথিবীর সামনে হাজির হয়। নিজের জীবনের সবচেয়ে ভয়াবহ মুহূর্তটিতেও তারা হয়ে থাকে অন্যের নির্মিত দৃশ্যের বাসিন্দা।
এই ব্যবস্থায় ক্যামেরা এক অদ্ভুত পাসপোর্টের মতো কাজ করে।এটি একজনকে অন্যের জীবনে প্রবেশের অনুমতি দেয়, সেই জীবন থেকে দৃশ্য সংগ্রহের অধিকার দেয়, এমনকি সেই দৃশ্যের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতাও দেয়। অথচ আলোকচিত্রের মানুষগুলোর হাতে থাকে না সেই দৃশ্যের গন্তব্য নির্ধারণের চাবি। তাদের প্রান্তিকতা তাদের ব্যক্তিগত বাস্তবতা, কিন্তু তার দৃশ্যমানতা হয়ে ওঠে একটি বৃহত্তর সাংস্কৃতিক বাজারের সম্পদ। এই বাজারে মানুষের যন্ত্রণা প্রদর্শিত হয়, মূল্যায়িত হয়, পুরস্কৃত হয় এবং আর্কাইভে সংরক্ষিত হয়। শুধু যন্ত্রণার অধিকারী মানুষগুলো সেই মূল্য বিনিময়ের বাইরে থেকে যায়।
একটি পরিবারের ঘর পুড়ে ছাই হয়। সেই ছাই থেকে জন্ম নেয় একটি আলোকচিত্র, আলোকচিত্র থেকে জন্ম নেয় খ্যাতি, আর খ্যাতি থেকে জমা হয় পুঁজি। ইতিহাসের এই অদ্ভুত হিসাবের খাতায় মানুষগুলোর নাম থাকে ছবির বিষয়বস্তু হিসেবে, আলোকচিত্রীর নাম থাকে অর্জনের মালিক হিসেবে।
মন্তব্য করুন

