ছবিঃ অনলাইন থেকে সংগৃহীত
আমেরিকার নির্বাচন নিয়ে দক্ষিণ এশিয়ার কপটতা-শঠতা-দ্বিচারিতা
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পিএম
আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে সেনেট ও হাউসে কত জন মুসলমান, কতজন আফ্রিকান-আমেরিকান, কতজন নারী নির্বাচিত হয়েছে এসব নিয়ে দক্ষিণ এশিয়ায় আগ্রহের শেষ নাই। বাংলাদেশ ও পাকিস্তানে অনেকটা উচ্ছ্বাসের ঢেউ বইছে—মুসলমান সেনেটর ও হাউস সদস্যদের নিয়ে।
যুক্তরাষ্ট্রের জনসংখ্যায় মুসলমান দুই শতাংশও নয়। তারপরও সাতজন মুসলমান-আমেরিকানকে ভোটাররা কংগ্রেসে পাঠিয়েছে। আরও একজন যুক্ত হতে পারে তালিকায়।
এমুহূর্তে জনসংখ্যার হিস্যা অনুযায়ী মুসলমানদের প্রতিনিধিত্ব জাতীয়ভাবে কংগ্রেসে বেশ সামঞ্জস্যপূর্ণভাবেই আছে সেখানে। এই বিজয়ীদের অনেকেই হয়তো ১-২-৩ প্রজন্ম আগে কেবল দেশটিতে থিতু হয়েছেন। তাঁদের সেই ইতিহাস ভোট পেতে সমস্যা হয়নি। মূলত রাজনৈতিক কর্মসূচির জোরেই জিতেছেন তাঁরা।
যে ৭-৮ জায়গায় মুসলমান প্রার্থীরা ভালো করলেন সেখানে জনসংখ্যার হিস্যায় সম্মিলিতভাবে মুসলমান ৩ শতাংশ। যে মিশিগানের বিজয়ী প্রার্থীকে নিয়ে বিশেষ আলোচনা হচ্ছে সেখানে মুসলমান জনসংখ্যা ২ শতাংশ।
প্রশ্ন হলো, বাংলাদেশ বা পাকিস্তানের ভোটাভুটিতে ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থা কী? এসব দেশের যেসব দল যুক্তরাষ্ট্রের কংগ্রেসে মুসলমান সদস্য বাড়ায় উচ্ছ্বসিত তারা গত নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘু প্রার্থীদের কতটা ভোট দিয়েছেন? কতজনকে প্রার্থী করেছেন?
সকলেই আমরা জানি, বাংলাদেশে গত নির্বাচনে, যাকে খুব অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলা হয়, সরাসরি ভোটে ৩০০ আসনে ধর্মীয় সংখ্যালঘু জিতেছেন মাত্র ৪ জন। ২ শতাংশও নয়। অথচ জনসংখ্যায় এদেশে তারা তো ৮-১০ শতাংশ হবেন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম সংখ্যালঘু নির্বাচিত হয়েছেন এবারের নির্বাচনে।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে মিশিগানসহ উপরোক্ত সকল জায়গায় মুসলমান প্রার্থীর বিজয় সম্ভব হয়েছে মুখ্যত দলীয় প্রাইমারিতে এবং চূড়ান্ত ভোটে অ-মুসলমানদের ভোটে। এখানে সেরকম ঘটবে কবে? ঘটবে কি আদৌ? আবদুল আল সাঈদের বিজয়ে উচ্ছ্বসিতরা এদেশে অনুরূপ কর্মসূচির সংখ্যালঘু প্রার্থীকে নিজ নিজ দলে মনোনয়ন দিবেন কি আদৌ? বা অন্য দলের অনুরূপ সংখ্যালঘু প্রার্থীকে ভোট দিবেন কি কোন দিন?
একজন আফ্রিকান-আমেরিকান নারী এবার জর্জিয়ায় গভর্নর হওয়ায় এখানে সেটা বড় খবর হয়েছে। অথচ বাংলাদেশ সে-ই দেশ যেখানে সংসদ নির্বাচনের আগে বড় বড় অনেক দল জোর গলায় ফতোয়া দেয় কেন নারীদের সরাসরি ভোটে প্রার্থী করা উচিত নয়।
কেবল মুসলমানদের বেলায় নয়, যুক্তরাষ্ট্রে অনেক আসনে ইহুদি ও হিন্দুরা যে জিতে সেটাও মুখ্যত তাদের সমর্থক শ্বেতাঙ্গ খ্রিস্টানদের ব্যাপক হারে ভোটেই সম্ভব হয়।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে যখন কোন হিন্দু বিজয়ী হয় তাকে নিয়ে ভারতীয়রা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। কিন্তু ভারতের লোকসভায় সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব কতটা ন্যায়সঙ্গত হারে আছে? দেশটিতে মুসলমান জনসংখ্যা প্রায় ১৪ ভাগ। কিন্তু ৫৪৩ আসনের লোকসভায় এই ধর্মের এমপি আছেন ৫ শতাংশেরও কম।
ভারতের কোথাও ২-৩ শতাংশ মুসলমান জনসংখ্যা আছে এবং সেখানে একজন মুসলমান এমপি ভোটে জিতে আসবেন—এটা সম্ভবত বেশ বিরল ঘটনাই হবে আজকের দিন।
পাকিস্তানে অবস্থা আরও করুণ । সেখানে সংখ্যালঘু সম্প্রদায় থেকে ন্যাশনাল এসেম্বলিতে এমপি ১ শতাংশও নন। সর্বশেষ জাতীয় নির্বাচনে সেখানে কেবল একজন প্রার্থী ড. মহেশ কুমার এসেম্বলিতে জিতে এসেছেন। তিনি যে এলাকা থেকে নির্বাচিত হয়েছে (সিন্ধুর থারপারকার) সেখানে প্রায় ৪০ শতাংশ জনসংখ্যা হিন্দু বলেই সেটা সম্ভব হয়েছে। ২৬৬ আসনের অন্যত্র সেটা হয়তো সম্ভব হতো না। আগামীতেও হয়তো হবে না।
অন্য দেশের নির্বাচনে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুরা নির্বাচিত হলে আমরা যখন উচ্ছ্বসিত হই তখন বাংলাদেশী হিসেবে, ভারতীয় হিসেবে, পাকিস্তানী হিসেবে আমাদের কি উচিত নয় নিজেদের জাতিবাদী, বর্ণবাদী এবং সাম্প্রদায়িক রেকর্ড দেখে নেয়া? আমাদের কপটতা-শঠতা-দ্বিচারিতা বিশ্বের অন্যত্র কিন্তু হাসির খোরাক হয়!!
* উপাত্তগুলো ইন্টারনেট থেকে সংগৃহীত--যা (শতাংশের হিসাবে) কিছুটা কমবেশি হবে।
মন্তব্য করুন

