Logo

১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

×

Follow Us

সিএমএসএমই ঋণে খেলাপির ৬৮ শতাংশ ১০ ব্যাংকে

বাড়ছে ঋণ খেলাপির হার

খোঁজ-খবর

সিএমএসএমই ঋণে খেলাপির ৬৮ শতাংশ ১০ ব্যাংকে

Icon

কাভার স্টোরি ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ১০:১৫ এএম

কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্প খাতে খেলাপি ঋণ উদ্বেগজনকভাবে বেড়েছে। গত বছরের ডিসেম্বর পর্যন্ত এ খাতে মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৭২ হাজার ৫৯৯ কোটি টাকা, যা মোট ঋণের প্রায় ২৪ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এর মধ্যে শীর্ষ ১০ ব্যাংকেরই খেলাপি ৪৯ হাজার ৫৮৯ কোটি টাকা, অর্থাৎ মোট খেলাপির প্রায় ৬৮ শতাংশ। তবে এসব ব্যাংকের সিএমএসএমই ঋণের অংশ মোট বিতরণের ৩৮ শতাংশের কম।

মোট ব্যাংক ঋণের মধ্যে সিএমএসএমই খাতের অংশও ধারাবাহিকভাবে কমছে। গত ডিসেম্বর শেষে মোট ঋণ ১৮ লাখ ১৭ হাজার ৭৩৬ কোটি টাকার মধ্যে এ খাতে বিতরণ হয়েছে ৩ লাখ ১ হাজার ৩৯৭ কোটি টাকা, যা ১৬ দশমিক ৫৮ শতাংশ। এর আগের বছরগুলোতে এই হার ছিল আরও বেশি, যা ক্রমান্বয়ে হ্রাস পেয়েছে।

সরকার জাতীয় এসএমই নীতির আওতায় ২০২৫ সালের মধ্যে মোট ঋণের ২৫ শতাংশ এবং ২০২৯ সালের মধ্যে ২৭ শতাংশ সিএমএসএমই খাতে বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে। কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে এ খাতে ঋণ বাড়ানোর ওপর জোর দেওয়া হলেও বাস্তবে উল্টো প্রবণতা দেখা যাচ্ছে।

খেলাপি ঋণে শীর্ষ অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ, বেসিক ব্যাংক, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, এসআইবিএল, পদ্মা ব্যাংক এবং এক্সিম ব্যাংকসহ কয়েকটি প্রতিষ্ঠান।

সবচেয়ে বেশি খেলাপি রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশে, যেখানে প্রায় ২৯ হাজার ৭৫৯ কোটি টাকার ঋণের মধ্যে ৯ হাজার ৭৬২ কোটি টাকা খেলাপি। এছাড়া বেসিক ব্যাংক, জনতা ব্যাংক ও সোনালী ব্যাংকসহ অন্যান্য ব্যাংকেও খেলাপির হার উল্লেখযোগ্যভাবে বেশি।

এভাবে সিএমএসএমই খাতে ঋণ প্রবাহ কমে যাওয়া এবং খেলাপি ঋণ বাড়তে থাকায় পুরো ব্যাংকিং খাতে ক্ষুদ্র ঋণের ঝুঁকি ও চাপ ক্রমেই বাড়ছে।

মন্তব্য করুন

Logo