Logo

৩০ আষাঢ় ১৪৩৩

×

Follow Us

ফ্লোরিডা থেকে দেশে ফিরছে লিমনের মরদেহ

জামিল আহমেদ লিমন

খোঁজ-খবর

ফ্লোরিডা থেকে দেশে ফিরছে লিমনের মরদেহ

Icon

কাভার স্টোরি ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ১১:২২ পিএম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে আনা হচ্ছে। স্থানীয় সময় শনিবার (২ মে) রাত পৌনে ৯টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অরল্যান্ডোর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহটি ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়। দুবাই হয়ে সোমবার (৪ মে) সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

গত ১৬ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এর দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। আট দিন পর ২৪ এপ্রিল পুলিশ লিমনের মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে ফরেনসিক পরীক্ষা শেষে ৩০ এপ্রিল বৃষ্টির মরদেহ শনাক্ত করা হয়। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, আগামী বুধবার (৬ মে) যুক্তরাষ্ট্রে নাহিদা সুলতানা বৃষ্টির জানাজা শেষে তার মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।

এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘেরহেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৬ এপ্রিল হিলসবরো কাউন্টি আদালতে দাখিল করা নথিতে উল্লেখ করা হয়, ধারালো অস্ত্রের একাধিক আঘাতে লিমনকে হত্যা করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি প্রথম-ডিগ্রি পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে।

ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি-এর প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা জানান, নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দ্রুত দেশে পাঠাতে পরিবারের অনুরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস ও মিয়ামির কনস্যুলেট যৌথভাবে কাজ করছে।

জামিল আহমেদ লিমন বিশ্ববিদ্যালয়টিতে ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। আর নাহিদা সুলতানা বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত ছিলেন।


মন্তব্য করুন

Logo